সামির উদ্ভাবন এবং তারপর...
কু-ঝিকঝিক আসছে রেলগাড়ি। মনে পড়ে যায় পথের পাঁচালীর কথা। বিভূতিভূষণের নাকি সত্যজিৎ রায়ের? যার-ই হোক, আমরা তো দেখতে পাচ্ছি অপু আর দুর্গা ট্রেন দেখার জন্য ছুটতে শুরু করেছে। একরাশ বিস্ময় চোখে-মুখে মেখে নিয়ে রেলগাড়ি দেখছে ওরা! এখন তো যুগ পাল্টেছে। রেলগাড়ি দেখা আর আহামরি কোনো বিষয় নয়। পথ চলতে চলতেই তা দেখা হয়ে যায়। এই তো, খোদ ঢাকা মহানগরেই পথ চলতে চলতে থমকে দাঁড়ানো। লেগে গেছে জ্যাম। কেন? আরে, রেলগাড়ি আসছে না! রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। রেলগাড়ি যাবে, তারপর আবার ছুটে চলা। এখানেই বিপত্তি।রেলগাড়ি চলার সময় কখনো কখনো রেলগেটগুলো অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। গাড়ির গতি রোধ করছে না। সময়মতো আটকানো হচ্ছে না গাড়ির পথ। একদিকে হুইসেল বাজাতে বাজাতে আসছে ট্রেন, অন্যদিকে গাড়িও পার হয়ে যাচ্ছে রেললাইন। পথচারীও কোনো দিকে ভ্রুক্ষেপ না করে পা রাখছেন রেললাইনের ওপর। ফলে ঘটছে দুর্ঘটনা। বছর দুয়েকের পরিসংখ্যান নিলেই দেখা যাবে, রেলের চাকার নিচে অকারণেই ঝরে গেছে অনেক মানুষের প্রাণ। পত্রিকার পাতায় সে খবর পড়ে কিংবা টেলিভিশনে সে দৃশ্য দেখে কার না চোখ পানিতে ভরে ওঠে?রেলগাড়ির নিচে কাটা পড়ে মৃত্যু হয় অসাবধানতায়। কেউ কেউ আইন না মেনে চালিয়ে দেয় গাড়ি, কখনো কখনো লাইনম্যান ঘুমিয়ে পড়ে—এ রকম অনেক কারণ আছে দুর্ঘটনার। সে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার একটা উপায় বের করা হয়েছে। সে কথাই আজ বলছি।এ উপায় বের করেছেন স্বপ্নবান এক তরুণ। শাহাবুদ্দীন সামি তাঁর নাম। সামি তাঁর প্রকল্পে দেখিয়েছেন, একটা নির্দিষ্ট দূরত্বে ট্রেন এলেই স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বাজবে, লালবাতি জ্বলে উঠবে এবং রেলগেটগুলো পড়ে যাবে। আবার নিরাপদ দূরত্ব পার হলেই আপনাআপনি গেটগুলো উঠে যাবে এবং সবুজ বাতি জ্বলবে।২০০৮ সালে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এই প্রকল্পের জন্য সামিকে ‘শ্রেষ্ঠ তরুণ বিজ্ঞানী’র পুরস্কার দেয়। এরপর সামি কাজ করে গেছেন নিভৃতে। করেছেন প্রকল্পের মানোন্নয়ন। গত ২৮ ডিসেম্বর এই প্রকল্পের জন্য বাংলাদেশ রেলওয়ের সাড়া পেয়েছেন তিনি। বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) পরিচালক আবদুল হাই বললেন, ‘তরুণ বিজ্ঞানী ৎ স্বয়ংক্রিয় রেলগেট প্রকল্পটির কার্যকারিতা পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ রেলওয়ে সামিকে টঙ্গী-জয়দেবপুর স্টেশনের মধ্যবর্তী একটি সি শ্রেণীর লেভেল ক্রসিং গেটে ডিভাইসটি স্থাপনের অনুমতি দিয়েছে। এখানে তিনি সফল হলে আমরা সারা দেশে প্রকল্পটি নিয়ে ভাবতে পারি।’শুধু টঙ্গীতেই নয়, সারা দেশে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেন সামি। সামি বলেন, ‘এটি তো মাত্র শুরু। মূল কাজ হবে সারা দেশের প্রতিটি রেলগেটে সোলার প্যানেলের মাধ্যমে এটি স্থাপন করা। ফলে বিদ্যুতের বাড়তি খরচ হবে না। আমি বিশ্বাস করি, রেলওয়ে কর্তৃপক্ষ স্বল্পমূল্যের এ প্রকল্পটি গ্রহণ করে তা সারা দেশে বাস্তবায়নের উদ্যোগ নেবে।’ ৎ এই প্রকল্পে মোট চারটি ভাগ আছে। প্রাথমিকভাবে রেলওয়ে কর্তৃপক্ষ গ্রহণ করেছে শুধু ‘রেলগেট’ অংশটি।সামি লেখাপড়া করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পুরকৌশল বিভাগে। কিন্তু এরই মধ্যে বিজ্ঞানের নতুন নতুন প্রকল্প তৈরি করে সবাইকে বিস্মিত করেছেন নেত্রকোনার এই তরুণ বিজ্ঞানী। এ রকম একটি প্রকল্প হলো ‘স্বয়ংক্রিয় রেল নিয়ন্ত্রণ’। জাতীয়ভাবে শ্রেষ্ঠ তরুণ বিজ্ঞানীর সম্মান লাভের পর দেশের বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে অভিনন্দন জানান। গ্রামীণফোনের ‘বিজয়ের গল্প বলি’তে বিজয়ী হওয়ায় তাঁকে সম্মাননা জানানো হয় ২০১০ সালের মার্চে।সামি যত পুরস্কার পেয়েছেন, তার বেশির ভাগই এসেছে এই প্রকল্প থেকে। এ প্রকল্প উদ্ভাবনের শুরুতেই সামি নেত্রকোনা স্থানীয় বিজ্ঞান মেলায় (২০০৫) প্রথম হন। প্রকল্পের মান উন্নয়ন করে দেশসেরা রৌপ্যপদক পেয়েছেন ২০০৫ ও ২০০৭ সালে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ সামিকে ‘শ্রেষ্ঠ তরুণ বিজ্ঞানী’ পদক দেয় (২০০৮)।সামি বলছিলেন, ‘আমি হাঁটতে শিখি ছয় বছর বয়সে। তখনো মুখ দিয়ে আমার লালা ঝরত। তাই পাড়াপড়শিরা মাকে বলতেন, তোমার ছেলে বোবা হবে, বোকা হবে। একে দিয়ে কিছুই হবে না। কিন্তু মা বলতেন, দেখিস, আমার সামি একদিন বড় বিজ্ঞানী হবে।’ ৎ দৃঢ় বিশ্বাস ‘একদিন না একদিন মায়ের ইচ্ছা পূরণ করবই।’ৎ জন্ম নেত্রকোনার মোহনগঞ্জে, ১৯৯২ সালের ২০ অক্টোবর। সামি পদে পদে নানা বাধার মুখোমুখি হয়েছেন। সব সময় তাঁকে পাড়ি দিতে হয়েছে বাধার দেয়াল। সামি যখন সপ্তম শ্রেণীতে, তখন বিল পরিশোধ করতে না পারায় বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সে দিনগুলোর কথা বললেন সামি, ‘দিনে স্কুল আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। রাতে ভাঙা যন্ত্রপাতি দিয়ে কিছু একটা আবিষ্কারের চেষ্টা করতাম। বাড়ির বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন থাকায় কুপি জ্বালিয়ে সারা রাত জেগে কাজ করতাম। বারবার ব্যর্থ হয়েছি, কিন্তু হাল ছাড়িনি। সফল না হওয়া পর্যন্ত চেষ্টা করেছি। একটা প্রকল্পে সফল হতে আমার কয়েক মাস, কোনোটায় বা বছর পেরিয়ে গেছে।’দেড় বছর হলো ৎ বাবা মারা গেছেন। মা সুফিয়া বেগম গৃহিণী। বড় ভাইয়ের কাপড়ের ব্যবসা, তাঁর আয়েই সংসার চলে। গত বছর নেত্রকোনার বিজ্ঞান মেলায় সেরা বিজ্ঞানী, সেরা বিজ্ঞান বক্তা ও সেরা বিজ্ঞান বিতার্কিক হওয়ার জন্য পুরস্কার হিসেবে সামি পেয়েছিলেন অনেক বই। সেসব বই বিক্রি করে এবার বোনের পাঠ্যবই কিনে দিলেন তিনি। তবুও হতাশ নন সামি। দেশ বদলে দেওয়ার, মানুষের সেবা করার স্বপ্নটা তাঁর কাছ থেকেই শুনুন, ‘আমি কষ্ট করে এত দূর এসেছি। মানুষের দুর্ভোগ যেখানে, সেখানেই আমার স্বপ্ন। আমি সব সময় চেষ্টা করি দেশের মানুষের উপকারে লাগবে, কম খরচে এমন কিছু তৈরি করতে। যে কেউ চাইলে আমার সঙ্গে যৌথভাবে কাজ করতে পারে। আমি দেশের বড় বড় কোম্পানিকে আমার প্রকল্পগুলো বাস্তবায়নযোগ্য কি না, তা পরীক্ষা করার আহ্বান জানাই। আমি আমার কাজের স্বীকৃতি চাই না, এগুলো মানুষের উপকারে লাগলেই আমি খুশি হব।’‘স্বয়ংক্রিয় রেল নিয়ন্ত্রণ’ ছাড়াও ৎ উল্লেখযোগ্য প্রকল্পগুলো হচ্ছে: বিদ্যুৎ ছাড়াই লেমিনেটিং (নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ খুদে বিজ্ঞানী ২০০১), বাতাসের গতি নির্ণয় (নেত্রকোনা বিজ্ঞান মেলায় প্রথম স্থান, ২০০৪), স্বয়ংক্রিয় ব্রিজ সিগন্যাল, জলোচ্ছ্বাসের আগাম সংকেত জানার উপায়, পরিত্যক্ত বোতলের লাইফ জ্যাকেট ইত্যাদি। আমরা স্বপ্ন দেখতেই পারি, সামি একদিন সত্যিই রেলগেটের রেল দুর্ঘটনা থেকে বাঁচাবেন আমাদের। পত্রিকা কিংবা টেলিভিশনগুলো অন্তত এ ব্যাপারে ‘সেনসেশনাল’ প্রতিবেদন ছাপতে পারবে না।