সামুদ্রিক খাবার সংগ্রহে সাগরকন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথিদের স্বাগত জানাচ্ছেন কয়েকজন আমা
অতিথিদের স্বাগত জানাচ্ছেন কয়েকজন আমা

জাপান তাদের সংস্কৃতির একটি পুরোনো উপাদান এখনো সযত্নে টিকিয়ে রেখেছে। আর তা হচ্ছে ‘আমা দাইভারস’। জাপানি আমা শব্দের অর্থ হচ্ছে সাগরকন্যা। তাঁরা নিজেদের উপার্জনের জন্য আধুনিক প্রতিরোধব্যবস্থা ছাড়াই প্রতিদিন সাগরে ঝাঁপ দেন। সেখান থেকে নানা ধরনের সামুদ্রিক খাবার সংগ্রহ করে বিক্রি করেন।

সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন আমা নারী
সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন আমা নারী

সাগরকন্যাদের অত্যন্ত পরিশ্রমী হিসেবে বিবেচনা করা হয় জাপানের সমাজে। পুরো জাপানে প্রায় দুই হাজারের বেশি আমা আছে। এভাবে সি-ফুড সংগ্রহ করার ঐতিহ্য প্রায় পাঁচ হাজার বছরের পুরোনো বলে জানান ইসে তোবা শিমা ইনবাউন্ড অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ওরিয়ে ইয়াসাকি। তিনি বলেন, সাগরকন্যারা মাথায় একধরনের ঐতিহ্যবাহী সাদা স্কার্ফ পরেন, যা তাঁদের নানা অমঙ্গল থেকে রক্ষা করেন। তাঁদের বিশেষ পোশাক ও জুতা রয়েছে। জাপানের আমা নারীদের অর্ধেকের বসবাস ইসে-শিমা এলাকায়। কারণ, এই স্থানটিতে সাগরের পানি কিছুটা উষ্ণ এবং পাহাড়ের ঢলের সঙ্গে কিছু পলিও জমা হয়। এ জন্য এই গ্রামটিতে সামুদ্রিক খাবারও পাওয়া যায় বেশি।
জাপানে বয়ষ্ক মানুষের সংখ্যা বাড়ছে। এর প্রভাব দেখা গেছে সাগরকন্যাদের মধ্যেও। প্রায় সব সাগরকন্যার বয়স ৪০-এর ওপরে। অবশ্য পেশাদার সাগরকন্যা হওয়ার জন্য অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হয়। তবে কত বছর পর্যন্ত সাগরে ঝাঁপ দেওয়া যাবে, এর কোনো বয়সসীমা নেই। রেইকো নেমুরা নামের সবচেয়ে বয়সী সাগরকন্যার বয়স ৮৩ বছর।
জি-৭ ইসে-শিমা সম্মেলন উপলক্ষে বাংলাদেশসহ ১১টি দেশের সাংবাদিকদের আমন্ত্রণ জানায় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাঁদের জাপানের এই ঐতিহ্য দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল ওসাটো গ্রামে। টোকিও থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের এই গ্রামটির পথ সরু। কিন্তু খুবই সুন্দর, ঝকঝকে।
সাগরের প্রান্তে গড়ে উঠেছে আমা নারীদের বসতি। বসতঘরের পাশেই তাঁদের রেস্তোরাঁ। বসতঘর ও রেস্তোরাঁর মেঝেতে একধরনের লাকড়ির চুলা রয়েছে। সাগরকন্যারা ঝাঁপ দেওয়ার আগে এই চুলায় নিজেদের শরীর গরম করেন। আবার সাগরের ঠান্ডা পানি থেকে উঠে এসে পুনরায় তাপ নেন।
জালির মতো তাওয়া তৈরি করে এই চুলাতেই সি-ফুড বারবিকিউ তৈরি করে তা পরিবেশন করেন। প্রতিদিনই পর্যটকেরা এসে এর স্বাদ নেন। তবে এর জন্য ২ হাজার ১৬০ থেকে প্রায় ১০ হাজার জাপানি ইয়েন খরচ করতে হয়। জাপানি ইয়েন বাংলাদেশি টাকার চেয়ে মান কিছুটা কম। সাগরকন্যারা সামুদ্রিক খাবার সংগ্রহ করে আড়তদারদের কাছেও বিক্রি করেন। কিছু কিছু সাগরকন্যার নিজেদের রেস্তোরাঁ আছে। সেখানে তা ঝলসে বিক্রি করেন। বিদেশি সাংবাদিকদেরও এই অভিজ্ঞতা নেওয়ার সুযোগ দেওয়া হয়।

পর্যটকদের জন্য সামুদ্রিক খাবার বারবিকিউ করেন তঁারা
পর্যটকদের জন্য সামুদ্রিক খাবার বারবিকিউ করেন তঁারা

সাগরকন্যাদের কয়েকজনের সঙ্গে কথা হয় দোভাষীর মাধ্যমে। মিচিকো নাকামুরা নামের ৬৫ বছর বয়সী এক সাগরকন্যা বলেন, ‘আমাদের চার ধরনের কাজ করতে হয়। মূল পেশা সাগরে ঝাঁপ দিয়ে মাছ ধরা। সেগুলো উজানে এনে বিক্রি করি। এরপর আমরা কিছু সময়ের জন্য রেস্তোরাঁয় বারবিকিউ তৈরির কাজ করি। পর্যটকদের নেচে-গেয়ে ঝলসানো সি-ফুড পরিবেশন করি। এরপর নিজেদের সংসার দেখাশোনা করতে হয়। এর বাইরে নানা শাকসবজি ও খাদ্যশস্যও উৎপাদন করি আমরা। আর আমাদের স্বামী নাপিত, কাঠের মিস্ত্রি কিংবা কারখানায় কাজ করেন।’
ইসে ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ জানায়, মাসের ৭, ১৭, ২৭—এই দিনগুলোকে সাগরকন্যারা ‘অপয়া’ মনে করেন। এ জন্য এই দিনগুলোতে তাঁরা সাগরে ঝাঁপ দেন না। অত্যধিক ঠাণ্ডা ও টাইফুনের সময়ও তাঁরা ঝাঁপ দেওয়া থেকে বিরত থাকেন। এ সময়টা তাঁরা ফসল উৎপাদনে ব্যস্ত থাকেন।
আমা নারীরা সাধারণত দিনে সর্বোচ্চ দেড় ঘণ্টা সাগরে থাকতে পারেন। নয়তো, অন্য আমা নারীরা শিকার ধরতে পারবেন না। এ ছাড়া সাগরের ঠান্ডা পানিতে এর চেয়ে বেশি থাকাও কষ্টকর। এ জন্য তাঁরা নিজেরাই সামাজিকভাবে এসব নিয়ম করেছেন। কোন সময় কোন সামুদ্রিক খাবার ধরা নিষেধ, সেটাও তাঁরাই ঠিক করে রেখেছেন। প্রতিবার পানির নিচে গিয়ে তাঁরা এক মিনিট থাকতে পারেন।
সি-ফুড সংগ্রহ করে সেগুলো রাখার জন্য একধরনের ঝুড়ি রাখেন সঙ্গে।
কোনো আমা নারীর সন্তান নিজেদের গ্রামের বাইরে বিয়ে করলে তিনি সাগরে ঝাঁপ দেওয়ার অধিকার হারান। সামুদ্রিক খাবার সংগ্রহ করতে হলে ওই গ্রামেই তাঁদের বিয়ে করতে হয়। আমা নারীদের মেয়েসন্তানেরা এখন পড়ালেখা করে গ্রাম ছাড়ছে বলে জানা গেল। এ জন্য বেশি বয়সী আমাদেরও কাজ করতে হয়।
সাগরকন্যা সাইয়োরি নাকামুরা বলেন, ‘আমাদের কোনো বয়সের বাধা নেই। যত দিন খুশি কাজ করার অধিকার আছে। তবে অন্য সাগরকন্যাদের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হতে হয়। কারণ, সবাই বেশি বেশি করে সামুদ্রিক খাবার সংগ্রহ করতে চান। অনেক সময় খালি হাতে ফিরতে হয়। আসলে ভাগ্য ও কিছুটা অভিজ্ঞতার ওপর উপার্জন নির্ভর করে।’
সাগরকন্যারা ছোট নৌকায় বা স্পিডবোটে করে সাগরে যান। ওই নৌকা তাঁদের নয়। নৌকার মালিককে শিকার করা সামুদ্রিক খাবারের একটা অংশ দিতে হয়।