সামুদ্রিক প্রাণী গবেষণায় নতুন যান হেক্সাকপ্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামুদ্রিক প্রাণীর ওপর জরিপ চালাতে বিমান ব্যবহারে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বিজ্ঞানীরা না চাইলেও ইঞ্জিনের শব্দ প্রাণীগুলোর স্বাভাবিক জীবনে বিঘ্ন ঘটাবেই। পাশাপাশি এ ধরনের জরিপে বিমানের পাইলট ও অন্য নাবিকদের কিছু ঝুঁকিও থাকে।এসব বিষয় মাথায় রেখেই বিজ্ঞানীরা তিমি, ডলফিন, পেঙ্গুইনসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর অবস্থান শনাক্ত করতে বিকল্পের দিকে ঝুঁকছেন। তাঁরা ব্যবহার করেছেন মনুষ্যবিহীন উড়ন্ত যান (ইউএভি), যেটি শব্দহীন ও আকারে ছোট। সর্বাধুনিক এই ইউএভির নাম দেওয়া হয়েছে হেক্সাকপ্টার। ব্যাটারিচালিত হেক্সাকপ্টারে রয়েছে তিন মিটার লম্বা পাখা, শব্দহীন ছয়টি ইঞ্জিন, অবস্থান শনাক্তকরণে গ্লোবাল পজিশনিং সিস্টেমসহ (জিপিএস) আধুনিক সব প্রযুক্তি।পাখি আকৃতির ইউএভি কাজে লাগানো যায় ভিন্ন ভিন্ন কৌশলে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লা জোলায় অবস্থিত সাউথইস্ট ফিশারিজ সায়েন্স সেন্টারের বিজ্ঞানী ওয়েন পেরিম্যান সামুদ্রিক প্রাণীর জীবনপ্রণালি শনাক্ত করতে সামরিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বহু বছর ধরে পরীক্ষা চালিয়ে আসছেন। তাঁর সঙ্গে রয়েছেন কানেকটিকাটভিত্তিক এরিয়াল ইমেজিং সল্যুশনসের সাবেক নৌ কর্মকর্তা ডন লিরোয়ি।পেরিম্যান বলেন, হেক্সাকপ্টারের সবচেয়ে কার্যকর দিক হচ্ছে, এটি বিপুল পরিমাণ তথ্য ধারণ ও সংরক্ষণ করতে পারে। হেক্সাকপ্টার ব্যবহার করে অ্যান্টার্কটিকায় সিল ও পেঙ্গুইনের আবাসস্থলের অসংখ্য ছবি ও ভিডিওচিত্র গত দুই বছরে ধারণ করা সম্ভব হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল গত ফেব্রুয়ারি ও মার্চে নিউজিল্যান্ডের কাছে স্পার্ম তিমির গতিবিধি শনাক্ত করতে ইউএভি ব্যবহার করেছে।একটি হেক্সাকপ্টার তৈরি করতে খরচ পড়বে ৬০ হাজার মার্কিন ডলার। সামুদ্রিক প্রাণীর দেহের গতিবিধি নির্ণায়ক ট্যাগ স্থাপন, চামড়া ও শ্বাস-প্রশ্বাসের নমুনা সংগ্রহ ইত্যাদি ক্ষেত্রে যানটি ব্যবহারে সাফল্যের সম্ভাবনা রয়েছে। বর্তমানে এসব কাজে রাবারের ছোট নৌকায় চড়ে বিজ্ঞানীদের ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করতে হয়। লাইভসায়েন্স।