সামুদ্রিক মাছের কয়েক পদ

ছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লবস্টার আলফ্রেডো পাস্তা

লবস্টার আলফ্রেডো পাস্তা

উপকরণ: লবস্টার ১টি, পাস্তা ১ প্যাকেট, লবণ সামান্য ও তেল ১ টেবিল চামচ।

আলফ্রেডো সস: তরল দুধ ১ কাপ, ময়দা ১ টেবিল চামচ, বাটার ১ টেবিল চামচ, ডিমের কুসুম ১টি, রান্নার ক্রিম ৩ টেবিল চামচ, চিজ ৩ টেবিল চামচ ও জায়ফলগুঁড়া সিকি চা–চামচ।

প্রণালি: সামান্য লবণ ও তেলে পানি ফুটিয়ে পাস্তা সেদ্ধ করে নিন। লবস্টার পরিষ্কার করে সেদ্ধ করে নিন। চাইলে সেল থেকে বের করে ছোট ছোট টুকরা করে নিতে পারেন।

একটা প্যানে বাটার গলিয়ে ময়দা ভাজুন। হালকা বাদামি হয়ে এলে তরল দুধ দিয়ে নাড়তে থাকুন। ফেটানো ডিমের কুসুম দিয়ে ভালোভাবে নাড়ুন। ক্রিম, জায়ফলগুঁড়া, চিজের কুচি দিয়ে চুলা বন্ধ করুন, পাস্তার ওপর ঢেলে দিন। এর ওপর সেদ্ধ লবস্টার দিয়ে পরিবেশন করুন।

টুনা কাবাব

টুনা কাবাব

উপকরণ: টুনা মাছ ২০০ গ্রাম, মাঝারি আলু ১টি, ডিম ২টি, পুদিনাকুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা–চামচ, পাপরিকা আধা চা–চামচ, গরমমসলার গুঁড়া আধা চা–চামচ, চাটমসলা আধা চা–চামচ, পাউরুটির গুঁড়া ২ টেবিল চামচ ও তেল ভাজার জন্য।

প্রণালি: মাঝারি আকারের ১টি আলু সেদ্ধ করে চটকে নিন। টুনা মাছ, আলু, সব মসলা, পাউরুটির গুঁড়া ও ১টি ফেটানো ডিম একসঙ্গে মেশান। হাতের তালুতে তেল মেখে ছোট ছোট কাবাব তৈরি করুন। ১টি ডিমের সাদা অংশ ফেটে নিন। কাবাব ডিমে গড়িয়ে ডুবো তেলে মাঝারি আঁচে ভেজে নিন।

মুচমুচে লইট্টা ভাজা

মুচমুচে লইট্টা ভাজা

উপকরণ: লইট্টা মাছ ৬টি, আদাবাটা ১ চা–চামচ, রসুনবাটা ১ চা–চামচ, গোলমরিচগুঁড়া আধা চা–চামচ, সয়া সস ১ টেবিল চামচ, পাপরিকা অথবা লাল মরিচের গুঁড়া আধা চা–চামচ, লবণ সামান্য।

ভাজার জন্য: ময়দা দেড় কাপ, পাপরিকা ১ চা–চামচ, গোলমরিচগুঁড়া আধা চা–চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, চিনি ১ চামচ ও তেল পরিমাণমতো।

প্রণালি: ময়দার সঙ্গে পাপরিকা, গোলমরিচগুঁড়া, কর্নফ্লাওয়ার, চিনি মেখে একটা বাটিতে রাখুন। লইট্টা টুকরা করে বাকি সব উপকরণ মেখে রাখুন। ১০ মিনিট পর টুকরাগুলো ময়দায় গড়িয়ে নিন। ময়দা থেকে তুলে পানিতে ভিজিয়ে আবার ময়দায় দিয়ে ভালোভাবে গড়িয়ে নিন। এবার ডুবো তেলে ভেজে নিন।

বেকড পোয়া

বেকড পোয়া

উপকরণ: বড় পোয়া মাছ ১টি, শর্ষের তেল ২ টেবিল চামচ, আদাবাটা ১ চা–চামচ, রসুনবাটা ১ চা–চামচ, সয়া সস ১ চা–চামচ, লেবুর রস ১ চা–চামচ, লবণ পরিমাণমতো, লাল মরিচগুঁড়া আধা চা–চামচ, গোলমরিচগুঁড়া আধা চা–চামচ, কর্নফ্লাওয়ার ২ চা–চামচ ও শর্ষেবাটা আধা চা–চামচ।

প্রণালি: একটা বড় পোয়া মাছের আঁশ ও পেট পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। টিস্যু দিয়ে পানি মুছে নিন যাতে মাছে কোনো পানি না থাকে। এবার শর্ষের তেলের সঙ্গে বাকি সব উপকরণ মেশান এবং মাছে ভালোভাবে মেখে ১ ঘণ্টা নরমাল ফ্রিজে ঢেকে রাখুন। প্রিহিট ওভেনে ম্যারিনেট করা পোয়া মাছ ২০০ ডিগ্রিতে ১ ঘণ্টা বেক করুন।

কোরালের মালাই বল কারি

কোরালের মালাই বল কারি

উপকরণ: বলের জন্য: কোরাল মাছের পেস্ট ১ কাপ, আদা-রসুনবাটা ১ চা–চামচ, সাদা গোলমরিচগুঁড়া ১ চা–চামচ, ১টি ডিমের সাদা অংশ, ময়দা ১ চা–চামচ, তরল দুধ ১ কাপ, নারকেলের দুধ ১ কাপ, আদাবাটা ১ চা–চামচ, রসুনবাটা ১ চা–চামচ, এলাচি, দারুচিনি কয়েকটি, পেঁয়াজবাটা ১ চা–চামচ, লবণ পরিমাণমতো ও তেল বা মাখন ১ টেবিল চামচ।

প্রণালি: কোরাল মাছের পেস্টের সঙ্গে আদাবাটা, রসুনবাটা, গোলমরিচগুঁড়া, ১টি ডিমের সাদা অংশ ও ময়দা মেখে নিন। দুধ গরম করে এতে মাছের ছোট ছোট বল দিয়ে ফুটান। সেদ্ধ হলে নামিয়ে নিন। অন্য একটি পাত্রে বাটার গরম করে গরমমসলা, আদাবাটা, রসুনবাটা, পেঁয়াজবাটা হালকা ভেজে মাছের বল দিয়ে নাড়ুন। দুধ দিয়ে নাড়ুন। একটু ঘন হয়ে এলে নারকেলের দুধ দিন। ফুটে ওঠার পর চুলা বন্ধ করে দিন।

পেরি পেরি সসে রূপচাঁদা

পেরি পেরি সসে রূপচাঁদা

উপকরণ: বড় রূপচাঁদা ২টি, পাপরিকা ১ চা–চামচ, লবণ পরিমাণমতো, লেবুর রস ১ চা–চামচ, তেল ভাজার জন্য, ধনেপাতা অথবা পুদিনাকুচি ২ টেবিল চামচ ও চিনি ১ চা–চামচ।

পেরি পেরি সস:

লাল ক্যাপসিকামের টুকরা ১ কাপ, পেঁয়াজ বড় ১টি, পাপরিকা ১ চা–চামচ, লেবুর রস ২ টেবিল চা–চামচ, রসুনের কোয়া ৩-৪টি, কালো গোলমরিচগুঁড়া ১ চা–চামচ, মাখন ১ টেবিল চামচ, লেবুর সবুজ আবরণের কুচি (জেস্ট) ১ চা–চামচ ও রোজমেরি ১ টেবিল চামচ।

প্রণালি: রূপচাঁদা মাছ পরিষ্কার করে ছুরি দিয়ে দাগ কেটে নিন। লেবুর রস, লবণ ও পাপরিকা মেখে সসের সব উপকরণ গ্লাইন্ডারে অথবা ব্লেন্ডারে পেস্ট করে নিন।

রূপচাঁদা ভাজার তেল থেকে ১ টেবিল চামচ তেল একটা প্যানে নিয়ে পেরি পেরি সস ও ভাজা মাছ দিয়ে নাড়ুন। ঘন হয়ে এলে ধনেপাতাকুচি ও সামান্য চিনি দিয়ে নেড়ে চুলা বন্ধ করে দিন।