অভয়মিত্র ঘাট। বিকেল তিনটা। মাথার ওপর কাঠফাটা রোদ। তার পরও কর্ণফুলীর দুই তীরে মানুষের ঢল। বাবার কাঁধে চড়ে সোনামণি, শাড়ির আঁচল দাঁতে টেনে বাড়ির বউ-ঝিরা দাঁড়িয়ে নদীর পাড়ে। আছে দস্যি ছেলের দলও। নোঙর করা জাহাজের মাস্তুলেও উৎসুক দর্শক। সবার অধীর আগ্রহে অপেক্ষা। পলক না ফেলা দৃষ্টি কর্ণফুলীতে। বৈঠা হাতে প্রস্তুত মাঝিরা। অবশেষে ফুটল আতশবাজি। ক্যাঁ কোরত ক্যাঁ কোরত শব্দে সুর তুলল পানিতে। মাঝির দুই হাতের দাড়ে ছুটে চলল সাম্পান।গত শুক্রবার চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমির আয়োজনে সাম্পান খেলার এ দৃশ্য যেন ফিরিয়ে আনল সাম্পানওয়ালার কর্ণফুলীকে। কর্ণফুলী নদীর দখল-দূষণ প্রতিরোধ ও শত বছরের পুরোনো ঘাট রক্ষার দাবিতে এ আয়োজন। ৯ মে শুরু হওয়া দুই দিনের অনুষ্ঠানমালায় শিকড়ের টানে উৎসবে মেতে ওঠে চট্টগ্রামের মানুষ। এ উপলক্ষে চরপাথরঘাটা সিডিএ মাঠে বসে তিন দিনের লোকজ মেলা। আশপাশের বিভিন্ন এলাকা তো বটেই, নদীর এপারের শহরের মানুষও ছুটে আসেন মেলায়। গ্রামীণ এ মেলায় রয়েছে নিত্যব্যবহার্য নানা সামগ্রী থেকে শুরু করে ছোটদের খেলনা, ঘর সাজানোর উপকরণ ও খাবার-দাবারের সারি সারি দোকান। ছিল নাগরদোলা ও সার্কাসও।প্রতিবারের মতো এবারও সম্মাননা পেলেন দুই কৃতী। আঞ্চলিক গানের শিল্পী কল্যাণী ঘোষ ও কর্ণফুলী গবেষক অধ্যাপক ইদ্রিস আলী এই সম্মান পেয়ে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন। তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ সাইফুজ্জামান চৌধুরী। চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাবের আহমদের সভপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ডায়মন্ড সিমেন্ট কোম্পানির পরিচালক আজিম আলী।মেলার এক কোনায় কর্ণফুলীর তীর ঘেঁষে বানানো মঞ্চ। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই অমর সেই গানের সঙ্গে নৃত্য— ‘ছোড ছোড ঢেউ তুলি পানিত/ লুসাই পাহাড়ত্তুন লামিয়ারে যার গই কর্ণফুলী’। মায়াবী ড্যান্সের হানিফ খন্দকার ও তাঁর দলের পরিবেশনায় মুগ্ধ দর্শকেরা। জনপ্রিয় আরও চারটি গানের সঙ্গে নাচেন তাঁরা। মুগ্ধতার রেশ না কাটতেই শিল্পী আইরিনের কণ্ঠে—‘কর্ণফুলীর সাম্পানওয়ালা আঁর মন কারি নিল’। করতালি আর হর্ষধ্বনিতে উম্মাতাল দর্শকেরা। একে একে গেয়ে শোনান ‘মধু হই হই’, ‘ওরে সাম্পানওয়ালা’ ও ‘বাইন দুয়ারদি ন আইস্য তুঁই নিশিরো হালে’। দর্শক সারি থেকে সমস্বরে ভেসে আসছিল নাচের অনুরোধ। এরপর নৃত্যে মঞ্চ মাতায় আদিবাসী শিল্পীরা। এবার ডাক পড়ল দরিয়াপাড়ের সন্তান শিল্পী আলাউদ্দিন তাহেরের। তিনি গলা ছাড়লেন—‘সোনাবন্ধু রে, আমি তোমার নাম লইয়া কান্দি’। বিচ্ছেদি প্রেমিকের কাতর আকুতি ছুঁয়ে গেল শ্রোতাদের মন। অবশ্য পরক্ষণে আনন্দে মাতান ‘সাম্পাওয়ালা ক্যাঁ কোরত’ গেয়ে। তাঁর পরিবেশনা শেষ করেন ‘কইলজার ভিতর গাঁথি রাইখুম তোঁয়ারে’ গানটি দিয়ে। এদিকে বিকেল শেষ হয়ে সূর্য তখন হেলে পড়েছে। আর মঞ্চের আশপাশে উপচে পড়ছে মানুষ। গানের জোয়ারে আরও জোর হাওয়া লাগালেন শিল্পী লিজা, সৈয়দ মানিক ও রুপা বিশ্বাস। এরপর মঞ্চে এলেন শিল্পী সঞ্জিত আচার্য । তিনি গেয়ে শোনান ‘কর্ণফুলীর মাঝি আঁই’সহ তিনটি গান। কর্ণফুলীর পাড়ে সাম্পানমাঝির গানে নিজেকেই খুঁজে ফেরেন উপস্থিত মাঝিরা। সব শেষে সুর তোলেন শিল্পী কল্যাণী ঘোষ। তখন কর্ণফুলীর বুকে জাহাজের হাজারো বিন্দু বাতি। ঘাটে বসা মাঝিরও গলা মেলালেন কল্যাণীর গানে। গেয়ে শোনান ‘গাউসুল আজম মাইজভাণ্ডারী আয়নার কারিগর’, ‘আঁইল্যাই আস্যি নোয়াখাইল্যা জামাই’ ও ‘ও পরানর তালত ভাই’।আগের দিন বৃহস্পতিবার ছিল ব্যতিক্রমী সাম্পান শোভাযাত্রা। কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সহায়তায় অভয় মিত্র ঘাট থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেয় ২৩টি সাম্পান সমিতির তিন শতাধিক সাম্পান। এরপর সাম্পানেই অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে সভাপতিত্ব করেন সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী। চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমির পরিচালক আলীউর রহমানের পরিচালনায় বক্তব্য দেন ডায়মন্ড সিমেন্ট কোম্পানির পরিচালক হাকিম আলী, অধ্যাপক ইদ্রিস আলী, মনজুরুল কিবরিয়া, ইউনুস হাসান, সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলার প্রধান সমন্বয়ক চৌধুরী ফরিদ প্রমুখ। বক্তারা বলেন, ক্যাপিট্যাল ড্রেজিংয়ের নামে কর্ণফুলীর গলা টিপে ধরা হয়েছে। নদী আট শ মিটার চওড়া থেকে ছোট করে ছয় শ মিটার করা হচ্ছে। একটি মহল নিজেদের ব্যবসায়িক স্বার্থে কর্ণফুলীকে ধ্বংসের পাঁয়তারা করছে। তা ছাড়া কর্ণফুলীকে বানানো হয়েছে বর্জ্যের ভাগাড়। চট্টগ্রাম ওয়াসা প্রতিদিন নদীতে ফেলছে মহানগরের ৫০ হাজার টন বর্জ্য। যা কর্ণফুলীর প্রাণীবৈচিত্র্য ধ্বংস করছে। তাই চট্টগ্রামবাসীকে একত্রিত হয়ে কর্ণফুলী দূষণ প্রতিরোধ করতে হবে।