সাম্পাননাইয়ার ৫০তম মঞ্চায়ন

চট্টগ্রামের উপকূলের জেলেপল্লি। অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে বহতা নদীর মতো জীবন কেটে যায় জেলেদের। এই জেলে জনগোষ্ঠীর যাপিত জীবনসংগ্রাম, স্বপ্নপরিকল্পনা ও সমাজবাস্তবতা নিয়েই আবর্তিত হয়েছে সাম্পাননাইয়া নাটকের কাহিনি। গত ৩১ আগস্ট নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সন্ধ্যা সাতটায় উত্তরাধিকার প্রযোজিত এ নাটকের ৫০তম মঞ্চায়ন হয়।
নাটকের কাহিনি-পরিক্রমায় দেখা যায়, প্রধান চরিত্র নছর এমন এক বসতি নির্মাণের স্বপ্ন দেখে, যেখানে মানুষের মানবিক মূল্যবোধগুলো ডানা মেলবে জীবনের স্বতঃস্ফূর্ততায়। ভেদাভেদহীন ও কল্যাণময় এমন একটি সমাজ সে গড়ে তুলতে চায়, যেখানে সবাই গাইবে সাম্যের গান। পরিবর্তিত সমাজ-বাস্তবতার পটভূমিতে এ নাটকে লোক উপকরণ প্রয়োগের মাধ্যমে দেশজ আঙ্গিক অনুশীলনের চেষ্টা করা হয়েছে। আমিনুর রহমান মুকুলের রচনায় এ নাটকের নির্দেশনা দিয়েছেন মোসলেম উদ্দিন সিকদার। আলোক নির্দেশনায় অসীম দাশ ও পোশাক পরিকল্পনায় আলী আহমেদ ভালো নৈপুণ্য দেখিয়েছেন। সংগীত পরিকল্পনায় ছিলেন মাইনউদ্দিন কোহেল ও সুদত্ত চক্রবর্তী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসরিন সুলতানা, রৌশনারা আক্তার, শেখ নিয়াজ, বিটু ভৌমিক, মাহমুদ রাসেল, শম্পা দত্ত, কংকন দাশ, অসিত দাশ, সত্যজিৎ ঘোষ, জাহেদুল আলম, ফাতেমা আফরোজ প্রমুখ।