জঙ্গিবাদের পাশাপাশি সাম্প্রদায়িক শক্তির উত্থান বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রদায়িক শক্তি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিকে একযোগে এগিয়ে আসতে হবে। তাদের সব ধরনের অপকর্ম প্রতিহত ও এসব শক্তিকে নির্মূল করতে হবে।
ফেনীতে ‘জঙ্গিবাদ নির্মূল ও জঙ্গি-সঙ্গী বর্জন’বিষয়ক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ১৩ নভেম্বর বিকেলে জেলা জাসদের (ইনু-শিরিন) আয়োজনে শহরের কলেজ সড়কের একটি গণমিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন ও জেলা আইনজীবী সমিতির সভাপতি জাহিদ হোসেন। বক্তব্য দেন আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মাহতাব হোসেন, সাংবাদিক সুখদেব নাথ, রবিউল হক, জাসদ নেতা আবুল কালাম আজাদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন জাসদের জেলা সাধারণ সম্পাদক আবুল কাশেম।