সাম্প্রদায়িক সন্ত্রাস থেকে রক্ষা পায়নি গরুও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ঘোষণার পর বাঁশখালীর সংখ্যালঘু লোকজনের ওপর দুর্বৃত্তরা যে হামলা চালায়, তা থেকে রেহাই পায়নি গবাদিপশুও।জামায়াত-শিবিরের কর্মীরা বাঁশখালী শীলপাড়াসহ কয়েকটি স্থানে হিন্দু অধিবাসীদের বাড়িঘর ও মন্দিরে আগুন লাগিয়ে দেয়। ভাঙচুর ও লুটপাট করে ব্যবসায় প্রতিষ্ঠানে। হত্যা করে দয়াল হরি শীল নামের এক বৃদ্ধকে। আক্রমণের শিকার হয়েছে গবাদিপশুও। হামলায় শীলপাড়ার অন্তত চারটি গরু মারা গেছে বলে জানান স্থানীয় লোকজন।৯ মার্চ বাঁশখালীর শীলপাড়ায় গেলে চোখে পড়ে ধ্বংসযজ্ঞের চিহ্ন। সে রাতের তাণ্ডবে পুড়ে যাওয়া সুনীল শীলের বাড়িতে চলছিল শোকের মাতম। জানা গেছে, এই বাড়ির চারটি গরু আগুনে পুড়ে মারা গেছে। কান, পিঠ ও লেজ পুড়ে গেছে একটি গরুর। সুনীলের বাড়ির আঙিনায় আহত গরুটি যন্ত্রণায় কাতরাচ্ছিল। অবোধ পশুর প্রতি এই নির্মমতা মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা।সুনীল শীল বলেন, ‘২৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটার পর আমাদের ওপর যে অত্যাচার শুরু হয়, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। দয়াল হরি শীল (৬০) তাঁর মেয়ের বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে গেলেন। অবোধ পশুকেও ওরা রেহাই দেয়নি। আপনারাই বলুন, আমরা কোন ভরসায় এখানে থাকব?’কথা হয় শীলপাড়ার গৃহবধূ বাপ্পী মল্লিকের সঙ্গে। তিনি বলেন, ‘প্রায় সময় এখানে মিছিল হয়। সেদিনও বিকেল গড়াতেই একটি মিছিলের আওয়াজে ঘর থেকে বের হই। দেখি লাঠিসোটা ও চাপাতি নিয়ে মিছিলটি আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই শত শত লোক প্রথমে ঘরের খড়ের গাদায় ও পরে ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় কয়েকজন চিৎকার করে বলছিল, ‘আর নৌকায় ভোট দিবি কি না বল।’ সেদিন আমরা কোনো রকমে প্রাণে রক্ষা পেলেও আমাদের দুই বাড়ির ছয়টি ঘর পুড়িয়ে দেওয়া হয়। দগ্ধ হয়ে মারা পড়ে চারটি গরু। একটি গরু বেঁচে আছে ক্ষত নিয়ে।’আগুনে পুড়ে গেছে বাঁশখালী সদরের নারায়ণ সরকারের দোকানও। সেদিনের অভিজ্ঞতার কথা জানতে চাইতেই তিনি বললেন, ‘আমার আর কিছুই নেই। এর চেয়ে ওরা আমাকে মেরে ফেললে আরও ভালো হতো।’মহাজনপাড়ার প্রকাশ দাশ কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। সেদিনের কথা জানতে চাইলে বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, ‘আমি আর এ দেশে থাকব না, দুই মেয়ে নিয়ে কোথাও চলে যাব। এমন কী অপরাধ করেছিলাম আমরা যে আমাদের ওপর নেমে এল এ রকম নিষ্ঠুরতা!’বাঁশখালী উপজেলা মানবাধিকার সংসদের সভাপতি ফিরোজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মানবেতর দিন কাটাচ্ছেন। তাঁদের মন থেকে এখনো আতঙ্ক দূর হয়নি।’