ফেনীতে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দলমত-নির্বিশেষে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।সভা সূত্র জানায়, গত বুধবার সকালে জেলা পুলিশ প্রশাসনের আহ্বানে পুলিশলাইনে জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী ও পেশার নেতৃবৃন্দের এই সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার পরিতোষ ঘোষের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রহমান, সোনাগাজী উপজেলার চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান আবু আহম্মদ মজুমদার, দাগনভূঞা উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির, ফেনী প্রেসক্লাবের সভাপতি নূরুল করিম মজুমদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রিয় রঞ্জন দত্ত, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক হারুন প্রমুখ। এ ছাড়া সভায় বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ইউপি চেয়ারম্যানবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।বক্তারা আসন্ন দুর্গাপূজা ও ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, শহরে যানজট নিরসনে এবং বিভিন্ন সড়কের বিশেষ বিশেষ চিহ্নিত স্থানসমূহে ছিনতাই প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।