সাম্প্রদায়িক হামলার ঘটনায় উসকানিদাতাদের চিহ্নিত করতে হবে। এসব হামলা ঠেকাতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল বাম প্রগতিশীল শক্তি ও নাগরিকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বক্তারা সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
৭ নভেম্বর ফেনী ও সাতকানিয়ায় অনুষ্ঠিত সাম্প্রদায়িকতা–বিরোধী সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মঠ-মন্দির ভাঙচুর ও সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।
সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার জনপ্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুেলার প্রধানদের নিয়ে সাম্প্রদায়িকতা–বিরোধী সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ ইমতিয়াজ, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার, সাংবাদিক সৈয়দ মাহফুজ উন নবী ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি প্রদীপ কুমার চৌধুরী।
বক্তব্য দেন উপজেলার মাদার্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ ন ম সেলিম, কেঁওচিয়া ইউপির চেয়ারম্যান মনির আহমদ, সাতকানিয়া সদর ইউপির চেয়ারম্যান মো. নেজাম উদ্দিন, বাজালিয়া হেদায়তুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নুরুল আলম, মির্জাখীল আনোয়ারে রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ শাহেদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতকানিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকান্ত বিকাশ ধর প্রমুখ।
ফেনী: ফেনীতে উদীচী শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যৌথ আয়োজনে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। এ সময় বক্তব্য দেন জেলা সিপিবির সম্পাদক মহিবুল হক চৌধুরী, সিপিবির নেতা বিমল চন্দ্র শীল, ছাত্র ইউনিয়ন নেতা মো. সিয়াম, শান্তনু দেবনাথ, উদীচী শিল্পীগোষ্ঠীর শাওন চক্রবর্তী।
মহেশখালী: মহেশখালী সাম্প্রদায়িকতা–বিরোধী সভা ৮ নভেম্বর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম আজিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ, মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক, পরিদর্শক (তদন্ত) নাজমুল হক, সাবেক ইউিপ চেয়ারম্যান শামসুল আলম, গোরকঘাটা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ দাশ, আদিনাথ সংস্কার কমিটির সাধারণ সম্পাদক প্রণব কুমার দে, কাউন্সিলর রতন কান্তি দে প্রমুখ।