সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ‘ঊর্ণাজাল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি জোনাক পোকার মৃত্যুতে চোখের জলে বুক ভাসাত যে খালেদ, সে-ই আজ সাম্প্রদায়িক রাজনীতির অগ্রসৈনিক। মানুষ হত্যায় তার বুক কাঁপে না। ধর্মের নামে প্রাণ দিতে এবং নিতে সে সর্বদা প্রস্তুত। যে চোখ দিয়ে খালেদ আজ যাত্রা প্যান্ডেলে আগুনের শিখা দেখছে, কাঠ-কয়লার মতো পোড়া যাত্রাবাবুদের লাশ দেখছে, অথচ সেই চোখ সে দানসূত্রে পেয়েছিল ঘোষ অপেরার মালিক মনিকান্ত ঘোষের কাছ থেকে। নানা ঘটনা প্রবাহের ভেতর দিয়ে খালেদের তৃতীয় নয়ন উন্মোচিত হয় এবং একসময় মুক্তি খোঁজেন নিজের মতো করে।মানুষ সৃষ্টির সেরা জীব, মানবতাই শ্রেষ্ঠ ধর্ম—নন্দীমুখ নাট্যদলের ১১তম প্রযোজনা ঊর্ণাজাল-এর ভেতরের বার্তা ছিল এটি। ১৩ অক্টোবর সন্ধ্যায় নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটকটি। আলো-আঁধারের খেলায় একদল যাত্রা গায়েনের গানবাজনার মধ্য দিয়ে শুরু হয় নাটক। ঊর্ণাজাল রচনা করেছেন বাকার বকুল, মঞ্চসজ্জা ও নির্দেশনায় ছিলেন ফয়েজ জহির। চিরায়িত বাংলার একটি গ্রাম কাঞ্চনডাঙা। হাজার বছরের অসাম্প্রদায়িক ঐতিহ্য রয়েছে এ জনপদের। নৌকাবাইচ, মেলা, যাত্রাপালা, পুঁথিপাঠ থেকে শুরু করে শেকড়ের সংস্কৃতির কোনো কিছুর কমতি ছিল না ওই গ্রামে। মহান মুক্তিযুদ্ধের সময়ও গ্রামবাসী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে। রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে ওই গ্রামেও বাসা বাঁধতে থাকে মৌলবাদ। বিকশিত হতে থাকে সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতা। বাঙালি হাজার বছরের ঐতিহ্যের মুখোমুখি দাঁড়ায়। নাটকের অভিনেতা সাইফুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘ঊর্ণাজালের অর্থ হলো মাকড়সার জাল। মৌলবাদ কীভাবে মাকড়সার জালের মতো সমাজকে অন্ধকার গলিতে শ্বাসরুদ্ধ করে রেখেছে—তা এ নাটকে তুলে ধরা হয়েছে।’আরও অভিনয় করেন বাপ্পা চৌধুরী, রিটন কুমার বড়ুয়া, অভিজিৎ সেনগুপ্ত, কামরুল ইসলাম, বিটু ভৌমিক, কংকন দাশ, দীপ্তা রঞ্জিত, শাহীনুর সরোয়ার প্রমুখ। নাটকের আবহ সংগীতে ছিলেন পরিমল মজুমদার, আলোয় মোসলেম উদ্দীন শিকদার, কোরিওগ্রাফি ও পোশাকে সামিউন জাহান, সহকারী নির্দেশনায় অভিজিৎ সেনগুপ্ত এবং গানের সুর দেন বাপ্পা চৌধুরী ও পরিমল মজুমদার। নির্দেশক ফয়েজ জহির বলেন, এ নাটকে প্রাচ্য ও পাশ্চাত্য ধারার সংমিশ্রণ করা হয়েছে। চট্টগ্রাম কলেজের ছাত্রী নুসরাত চৌধুরী নাটক দেখে মন্তব্য করলেন, ‘নাটকের আবহ আর আলো-আঁধারের খেলা আমার বেশ লেগেছে।’