সাম্বা নৃত্য আর...
বিশ্বকাপ ফুটবল তখন শুরু হতে খুব বেশি দেরি নেই। সুযোগ পেলেই মুক্তিযোদ্ধা সংসদের ক্লাবঘরে আমরা কজন গোল হয়ে আড্ডা দিতে বসে যাই। জমিয়ে আড্ডা দিই আর গোপনে বড় বড় দীর্ঘশ্বাস ফেলি—ফুটবল খেলাকেই জীবনের ধ্যানজ্ঞান করেছি। অথচ এখন পর্যন্ত মাঠে গিয়ে বিশ্বকাপের খেলা দেখা হলো না। ভাগ্যদেবী সম্ভবত আমাদের দীর্ঘশ্বাস শুনতে পেয়েছিলেন! সুযোগ মিলে গেল কদিন পর। ফেডারেশন থেকে টিকিটের ব্যবস্থা হলো। কীভাবে কীভাবে যেন সব ঠিকঠাক হয়ে গেল। আমি আর আরমান সত্যি সত্যিই উড়াল দিলাম জার্মানির পথে। আমাদের পয়লা গন্তব্য মিউনিখ। ভেবেছিলাম, হোটেলে উঠব। এর মধ্যেই আরেক কাণ্ড! বিমানবন্দরে আমাদের দেখে হই হই করে ছুটে এল দুই বন্ধু জুয়েল আর রবিউল। ওরাও যাচ্ছে খেলা দেখতে। ওদের দেখা পেয়ে আমাদের আরও এক দফা কপাল খুলে গেল। জুয়েলের এক ভাই থাকেন জার্মানিতে। ওখানেই থাকা-খাওয়ার তোফা ব্যবস্থা।কিন্তু মনের আসল যে বাসনা, সেটা পূরণের সুযোগ মিলল ২০০৬ সালের ১৮ জুন। ব্রাজিল-অস্ট্রেলিয়া খেলা। আরমান ব্রাজিলের ভক্ত। ওর খুশি দেখে কে! মিউনিখ স্টেডিয়ামে ঢুকে আমার প্রথম অনুভূতি—আহ্! একেই বলে ফুটবলের মহারণ! মাঠ দেখব, খেলোয়াড় দেখব, না উত্সবের সাজে সজ্জিত স্টেডিয়াম দেখব। মনটা খারাপও হলো একটু—আমরা এখনো কোথায় পড়ে আছি! খেলোয়াড়দের দেখলাম, ওয়ার্মআপের সময় এক জার্সি, মাঠে আরেকটা। সব মিলিয়ে এক খেলার জন্য তিন জোড়া জার্সি। এটা ওদের সুযোগ-সুবিধার একটা উদাহরণ দিলাম মাত্র। মাঠের খেলা দেখা শুধু নয়, পুরো মিউনিখ স্টেডিয়ামই মনে হচ্ছিল দেখার মতো এক জায়গা। স্টেডিয়াম থেকে বেরোবার পথেই দেখা একটা সাম্বা নৃত্যের দলের সঙ্গে। আমরা ঝটপট ওদের সঙ্গে ছবি তুলতে দাঁড়িয়ে গেলাম। সাম্বা মানেই তো ব্রাজিল। কিন্তু এই সাম্বা নৃত্যদলের কেউ ব্রাজিলের নয়। খাঁটি জার্মান। হ্যাঁ, বিশ্বকাপের মৌসুম সামনে। তাই আগেভাগেই ঐতিহ্যবাহী এই নাচটা রপ্ত করে রেখেছিল তারা।পরের ম্যাচ ইংল্যান্ড-পর্তুগাল কোয়ার্টার ফাইনাল। দেখতে যেতে হবে কোলন শহরে। এর আগে বেশ কয়েক জায়গায় ঘোরাঘুরি করেছি। বিস্তর কায়দা-কসরত করে ট্রেনের টিকিট কাটতে হয়েছে। কোলনে যাওয়ার জন্য ট্রেন কীভাবে ধরব, এই ভেবে আমি আর আরমান মোটামুটি হয়রান। এর মধ্যেই খবর পেলাম, বিশ্বকাপের দর্শকদের জন্য ট্রেনের টিকিট একদম ফ্রি। শুধু খেলার টিকিট দেখালেই হলো। শুনে হাসব না কাঁদব! যাক, যা হওয়ার হয়ে গেছে। এবার তল্পিতল্পা গুটিয়ে সোজা কোলন শহরের পথে। ইংল্যান্ডের ফুটবল দাঙ্গাবাজদের কথা এত কাল শুনে এসেছি। এবার সামনাসামনি দেখলাম। স্টেশনের পুরোটা মোটামুটি ওদের দখলে। রেলস্টেশন থেকে স্টেডিয়াম প্রায় তিরিশ মিনিটের রাস্তা। সেখানেও ইংরেজ-দর্শকদের রাজত্ব। হই-হল্লা। কেউ মুখে পতাকা এঁকে এসেছে, কেউ নাচছে। কেউ আবার বাঁশি বাজাচ্ছে বিকট শব্দে। মাঠে যত না দর্শক, বাইরে তার চেয়ে বেশি। এসব দেখতে দেখতে এগোচ্ছি। কিন্তু স্টেডিয়ামে ঢুকতে গিয়ে বাধল বিপত্তি। আমাদের দুজনের কাঁধেই ব্যাগ। সব মালপত্তর সেখানে। ব্যাগ নিয়ে স্টেডিয়ামে ঢুকতে দেবে না কিছুতেই। কী করি! এ তো বাংলাদেশ নয় যে কারও কাছে রেখেই সুড়ুৎ করে স্টেডিয়ামে ঢুকে যাব। আরমানের কাছেও কোনো বুদ্ধি নেই। সেদিন শুধু আমরা দুজন একসঙ্গে। কী করি কী করি! তবে কি এত দূর এসে খেলা না দেখেই ফিরে যেতে হবে এই তুচ্ছ কারণে? কপালে কি এই লেখা ছিল তবে? ক্ষোভে-দুঃখে মাথার চুল ছেঁড়ার জোগাড়। ভেবে-চিন্তে একটা বুদ্ধি মিলল। রেলস্টেশন—জিনিসপত্র রাখার লকার দেখেছি ওখানে! মনে হতেই দে ছুট! তারপর সোজা স্টেশনে। হন্তদন্ত হয়ে পৌঁছেই ব্যাগ দুটো কোথায় রাখা যায়, জায়গা খুঁজছি। সব লকার আগেভাগেই দখল। শেষতক খুঁজে পেতে মিলল একটিমাত্র ফাঁকা খোপ। সেটাতে গাদাগাদি করে ব্যাগ দুটো রেখে আবার স্টেডিয়ামের পথে ছুট। আমাদের বসার জায়গা হলো পর্তুগাল শিবিরে। দূর থেকে ইংরেজ দর্শকদের উত্তেজনা দেখছি। তখনো জানি না, ওদের জন্য সেদিন অপেক্ষা করছে বিশাল আঘাত। আমাদের দুজনের কারোরই পছন্দের দল নয়, তাই মোটামুটি চুপচাপ খেলা দেখছি। হঠাৎ কী যে হলো। মনে হলো ইংল্যান্ডের দর্শকদের মাঝে একটা ঘূর্ণিঝড় বয়ে গেল। বিশাল চিত্কার চেঁচামেচি। তারস্বরে রেফারিকে দুয়োধ্বনি দিচ্ছে সবাই। লাল কার্ড দেখানো হয়েছে ইংল্যান্ডের তুরুপের তাস—ওয়েইন রুনিকে। ইংল্যান্ডের দর্শকেরা পারলে যেন হুড়মুড়িয়ে সব মাঠে নেমে রেফারিকে ধরে আনে। প্রথম ৯০ মিনিট গোলশূন্য। তারপর খেলা গড়াল টাইব্রেকারে। সেখানে বিজয় ছিনিয়ে নিয়ে পর্তুগিজরা চলে গেল সেমিফাইনালে। খেলা শেষে ইংরেজ শিবিরে কবরের নিস্তব্ধতা। অনুলিখন: ইকবাল হোসাইন চৌধুরী