সাম্যের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা ফেরি করেন সুন্দর সামজের স্বপ্ন। একদল অপেরাশিল্পী সমাজ বদলানোর প্রত্যয়ে পাশে দাঁড়ান শোষিত মানুষের পাশে। চাবুকাঘাত করতে থাকেন রাজনৈতিক দুর্বৃত্তায়নে পিঠে। তাঁরা এগিয়ে যান মুষ্টিবদ্ধ হাতে। গেয়ে যান সাম্যের জয়গান। এভাবে এগিয়ে যায় গণায়ন নাট্য সম্প্রদায়ের নাটক কমরেডস হাত নামান ।
১১ জানুয়ারি নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় এ নাটকের পর পর দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দুটি প্রদর্শনীতেই মিলনায়তনভর্তি দর্শক নাটকটি মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন। এটি রচনা করেছেন প্রবীর দত্ত। নির্দেশনা দিয়েছেন অসীম দাশ।
নাটকের কাহিনি এগিয়ে যায় একটি অপেরা দলের শিল্পীদের নানা কার্যকলাপের মাধ্যমে। বঙ্গীয় অপেরার সেই শিল্পীরা সময়ের পালাক্রমে অপেরা ছেড়ে দিতে বাধ্য হন। এরপর তাঁরা নিজেরাই গড়ে তোলেন একটি নাটকের দল। অপেরা থেকে থিয়েটার শিল্পের পরিবর্তনের মাধ্যমে তাঁরা পুনর্জীবিত করতে চান সমাজকে। বাধা ডিঙিয়ে শিল্পীরা পৌঁছাতে চান সমাজের সব স্তরের মানুষের কাছে।
নাটকের কেন্দ্রীয় চরিত্র রণদ্বীপ। এটি একটি ঐতিহাসিক চরিত্র হলেও নাটকে এ চরিত্রের বিকাশ ঘটেছে থিয়েটার শিল্পীদের প্রেরণার জন্য। যাঁরা সাম্যের সমাজ গড়ে তোলেন, প্রয়োজনে হয়ে ওঠেন সমাজের অতন্দ্র প্রহরী।
নাটকের সংগীত ও আলোর প্রক্ষেপণ দর্শকের প্রশংসা কুড়িয়েছে। আলোক প্রক্ষেপণ, সংগীত নির্দেশনা ও মঞ্চসজ্জায়ও ছিলেন অসীম দাশ। তিনি প্রথম আলোকে বলেন, ‘১২ বছর পর অনেক সংযোজন-বিয়োজন শেষে এ নাটকটি আবার মঞ্চে এল। ভারতীয় প্রেক্ষাপটে রচিত এ নাটকটিকে বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপটে রূপ দিয়ে মঞ্চায়নের চেষ্টা করেছি আমরা।’
নাটক দেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক কুন্তল বড়ুয়া বলেন, গণায়নের এ নাটকে সব অভিনেতাই ছিলেন খুব প্রাণবন্ত। কাহিনিবিন্যাস সমসাময়িক হওয়ায় নাটকটি সবার কাছেই গ্রহণযোগ্য হয়েছে।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌহিদ হাসান, বাপ্পি হায়দার, অনির্বাণ ভট্টাচার্য, মামুনুল হক, উমরান হোসেন, আবীর মণ্ডল, শওকত আলী, শহীদুল ইসলাম, নাজমুল হুদা, জিহাদুল ইসলাম প্রমুখ।