সার কারখানার সড়ক বালু ব্যবসায়ীদের দখলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডের (সিইউএফএল) সড়ক দখল করে বালুর ব্যবসা করছেন একশ্রেণীর বালু ব্যবসায়ী। গত ২৫ মে আনোয়ারা থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরে সিইউএফএল কর্তৃপক্ষ এমন অভিযোগ দায়ের করলেও এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।অভিযোগপত্রে বলা হয়, চাতরি থেকে কাফকো হাউজিং কলোনি পর্যন্ত সিইউএফএলের সংরক্ষিত এলাকার সড়কের বিভিন্ন স্থানে দুষ্কৃতকারীরা বালু তুলে রাস্তায় স্তূপ করে রেখেছে। সড়কের পাশ থেকে বালু তোলায় ক্ষতি হচ্ছে পানির সরবরাহ লাইনের। সংরক্ষিত এলাকায় বালুর ব্যবসা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়ে সিইউএফএল কর্তৃপক্ষ আনোয়ারা থানা ছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘আমরা এ ব্যাপারে সিইউএফএলের একটি আবেদন পেয়েছি। বালু তোলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।’সিইউএফএলের উপব্যবস্থাপক (নিরাপত্তা) মো. গোলাম মোস্তফা বলেন, ‘কারখানার সড়ক এবং সংরক্ষিত এলাকা দখল করে অবৈধভাবে বালু তোলা বন্ধে আমরা সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেছি।’ জানতে চাইলে সিইউএফএলের ব্যবস্থাপক মো. বাহারুল হায়াত বলেন, ‘কারখানার সংরক্ষিত এলাকায় সড়ক দখল করে বালু তোলায় সড়ক ও পানির লাইনের সমস্যা হচ্ছে। জাতীয় স্বার্থে ও কারখানার নিরাপত্তা রক্ষায় এসব বন্ধ হওয়া উচিত।’সরেজমিন দেখা যায়, উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকা থেকে কাফকো আবাসিক এলাকা পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে স্তূপ করে বালু রাখা হয়েছে। সড়কের পাশ থেকে বালু তুলে সড়কের ওপরই রাখা হচ্ছে। বালু পরিবহনের জন্য ট্রাক চলাচল করায় ক্ষতি হচ্ছে সড়কের। এ সময় আবদুল আজিজ নামক একজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, ‘ভাই আমরা গরিব মানুষ, বালু তুলে পরিবারের খরচ চালাচ্ছি। এই ব্যবসা বন্ধ হলে আমাদের ক্ষতি হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন এ ব্যাপারে বলেন, ‘সিইউএফএল কর্তৃপক্ষের অভিযোগ পাওয়ার পর আমি কয়েকবার ঘটনাস্থলে গিয়েছি। কিন্তু তখন টের পেয়ে বালু ব্যবসায়ীরা পালিয়ে গেছেন। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে আমি তাঁদের মৌখিকভাবে সতর্কও করেছি। এবার সরাসরি উচ্ছেদ অভিযান চালানো হবে।’