সারগামের গুণীজন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ফিরোজ শাহ কলোনির সারগাম সংগীত পরিষদের যুগপূর্তি ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান গত ২৮ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মৃদুল কান্তি সরকার, খ্যাতিমান আলোকচিত্রী শোয়েব ফারুকী, গিটারবাদক বাবুল কান্তি দে ও নাট্যকার আহাম্মদ কবীরকে গুণীজন সম্মাননা দেওয়া হয়েছে। তাঁদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভৌতবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। ‘দেশীয় সুস্থ সংস্কৃতিই আমাদের সংস্কৃতি’ শীর্ষক অনুষ্ঠানে গানে গানে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলেন মোস্তফা কামাল, আবদুল মান্নান রানা, সুজিত রায়, কায়সারুল আলম, শাকিলা জাহান, আলেয়া আরিফ, আলাউদ্দিন তাহের, পাপিয়া আহমেদ, শিরিন আকতার, আয়শা বেগম, আনজুমান আরা, শাহরিয়ার পারভিন, শহীদ ফারুকী ও আবদুল হালিম। দর্শকনন্দিত আরেকটি বিষয় ছিল ঐকতান বাদ্য (অর্কেস্ট্রা)। প্রিয়তোষ বড়ুয়া ও তাঁর দলের রাগভিত্তিক এবং বাবুল কান্তি দের দেশের গানের বাজনা ছিল অসাধারণ। যন্ত্রানুষঙ্গে ছিলেন কি-বোর্ডে আবদুল হালিম ও গোলাম সাফা, তবলায় আসাদুজ্জামান খান ও সাখাওয়াত হোসেন প্রমুখ। আলোচনায় অংশ নেন সংগঠনের সভাপতি মো. ইলিয়াছ আলী খান, উপদেষ্টা এ এইচ এম আবুল খায়ের, আইনজীবী উত্তম কুমার দত্ত প্রমুখ। তাঁরা সারগামের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য সবার সহযোগিতা কামনা করেন। প্রসঙ্গত, ১৯৯৯ সালের একুশে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত সারগাম সংগীত পরিষদ এলাকায় সংগীতশিক্ষার পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক প্রতিযোগিতা, গুণীজন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, চিত্র প্রদর্শনী ও নানা অনুষ্ঠানের আয়োজন করে আসছে।