হিলটনের লবিতে অধ্যাপক নামজবেকভকে বেড়ানোর পোশাকে দেখে মনটা ভালো হয়ে গেল। অধ্যাপক মামবেতাকুল নামজবেকভ সুদূর কিরগিজস্তান থেকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব অ্যানজিওলজির ২৩তম কংগ্রেসে যোগ দিতে এথেন্সে এসেছেন। রুশ ভাষা ঝালাইয়ের এ সুযোগ ছাড়িনি—গত কয়েক দিনে এ কারণেই বয়সগত ভেদাভেদ ভুলে আমরা খুব কাছের, সার্বক্ষণিক সঙ্গীর মতো। আজকের সারা দিনের জন্য গ্রিসের সারনিক দ্বীপমালার যে ভ্রমণ নির্ধারিত, তাতেও তাঁকে কাছে পাব, ভাবতেই আনন্দিত হলাম। লাঞ্চসহ তিনটি দ্বীপে সারা দিনের নৌবিহারের জন্য মাথাপিছু ১০০ ইউরোর টিকিট কেনার সময় মনটা একটু খচখচ করলেও ভ্রমণ শেষে তার লেশমাত্র ছিল না।গ্রিসের উত্তর-পূর্ব ও পশ্চিম সমুদ্রসীমানা নিয়ে সারনিক গালফের বিস্তৃতি। সালামিস, এজিনা, এনজিস্ট্র, পোরোস, হাইড্রা, স্পেটসেস আর ডকোস—এই সাতটি দ্বীপ মালার মতো ছড়িয়ে আছে এই গালফে। এজিনা, পোরোস আর হাইড্রায় সারা দিন কাটাব, এমনভাবেই নির্ধারিত ছিল দিনটির অনুষ্ঠানমালা। হোটেল থেকে আমরা বাসভর্তি পর্যটক পাইরিয়াস নৌবন্দরে পৌঁছালাম সকাল নয়টার কিছু পরে। বিভিন্ন এলাকা থেকে দলে দলে আরও পর্যটক এল। প্রায় ৩০০ যাত্রী নিয়ে বিশাল জাহাজ ‘আন্নামারু’ বন্দর ছাড়ল ১০টার কিছু পরে। আমাদের প্রথম গন্তব্য পোরোস দ্বীপ। পাইরিয়াস থেকে ৩১ নটিক্যাল মাইল দূরের এই দ্বীপ ৩৩ বর্গকিলোমিটার আয়তনের।রৌদ্রোজ্জ্বল সুন্দর সকাল, গভীর জলরাশির বুক চিরে এগিয়ে যাচ্ছে আন্নামারু। বেশির ভাগ পর্যটকই (আমাদের মতো দু-চারজন বাদে) বিশাল খোলা ডেকে ছড়িয়ে-ছিটিয়ে বসেছে, মহিলারা ব্যস্ত রৌদ্রস্নানে। আমরা হাঁটতে হাঁটতে জাহাজের পেছন দিকে চলে এলাম, বসার জায়গাও পেয়ে গেলাম। পেছনে ধীরে ধীরে পাইরিয়াস বন্দর, তথা এথেন্সের অপস্রিয়মাণ সীমারেখা, সাগরের বুকে শুভ্র ফেনা তুলে আমাদের যাত্রার শুরুতেই একঝাঁক সি-গাল পিছু নিল।স্ফটিক স্বচ্ছ নীল জলরাশি আর ছোট ছোট ঢেউ কেটে আমাদের ঝিমুনি তোলা নির্ভার ছুটে চলা, ওদের কর্কশ ডাকে মাঝেমধ্যেই ছন্দপতনের মতো হচ্ছিল। এর মধ্যেই পোরোসের সীমারেখা দৃষ্টিগোচর হলো।গ্রিক পুরাণের কথা অনুযায়ী সূর্যদেব অ্যাপোলোর অধিকারে থাকা এই দ্বীপ দেবতা পসিডন দেবী ডেলফির বিনিময়ে দখলে নেন। এ জন্য পোরোসবাসী এখনো পসিডনের পূজা করে থাকে। ১৮২৮ সালে যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়ার দূতেরা এই পোরোসেই একত্র হয়ে গ্রিসের ভৌগোলিক সীমারেখা চূড়ান্ত করেন। গ্রিসের প্রথম নৌঘাঁটি আর নৌক্যাডেট একাডেমিও এই পোরোসে।যাহোক, এক ঘণ্টায় ঘুরে দেখার সুযোগ পেলাম জাহাজ থামার পর। পাথর আর আগ্নেয়শিলা কেটে ছোট শহরটাকে একটা অ্যাম্ফিথিয়েটারের রূপ দেওয়া হয়েছে। একদিকে ঘন সবুজ পাইন বন, অন্যদিকে গভীর নীল সাগরের পটভূমিতে অনিন্দ্যসুন্দর ঘড়িঘর, চোখ জুড়ানো দৃশ্য। পাহাড়ের পাথর কেটে সিঁড়ি বানানো হয়েছে। নেমে গেছে সাগরে। নারী-পুরুষ পর্যটকদের রৌদ্রস্নান আর অলস সময় কাটানো দেখতে দেখতে আমরা এগিয়ে যাই খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে নির্মিত পসিডন মন্দির দেখতে। ডোরিক শিল্পমণ্ডিত অতি প্রাচীন এই মন্দিরটিতে পোরোসবাসী এখনো পসিডনের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। হাঁটাহাঁটির পর ক্লান্ত পায়ে ফিরে এলাম বন্দরে। এলাকার অন্যতম আকর্ষণ বিশেষ লেবুর রস খেতে খেতে গ্রিক টাইকুনদের সুদৃশ্য রাজকীয় ইয়টগুলোর দিকে নজর দিলাম। আধুনিকতম আরাম-আয়েশ ও প্রযুক্তির ব্যবস্থাসংবলিত অদু্ভত সুন্দর ইয়টগুলো যেন ঢেউয়ের বুকে দোল খাওয়া অগণিত রাজহাঁস। সারনিক দ্বীপমালার অন্যতম এই পোরোসে এরা এসেছে গ্রীষ্মকালীন অবকাশযাপনে।জাহাজ ছাড়ার সময় হলো, পরবর্তী গন্তব্য হাইড্রা। জাহাজে ওঠার পর আকর্ষণীয় গ্রিক মিউজিক আমাদের মতো অনেককেই বিশাল ডেকে টেনে আনল। পেশাদারি গ্রিক নৃত্যের কুশলীরা নাচ শেখাচ্ছেন বিনা পয়সায়। নাচের ধরন, মুদ্রা ও ‘বাউজোকি’ বাদ্যযন্ত্রের ব্যবহার পূর্ব ইউরোপ আর রাশিয়ার ককেশীয় কিছু এলাকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ মনে হলো। এর মধ্যেই দুপুরের খাবারের ডাক পড়ল। টিকিটের সঙ্গেই দুপুরের খাবার, মজার কথা, যেকোনো ধরনের পানীয় নিজে কিনতে হবে। মধ্যহ্নভোজের সঙ্গে সাধারণ পানিও বিনা পয়সায় দেওয়া হবে না! পানির কষ্ট লাঘব হলো জাহাজে বেজে ওঠা সুরের মূর্ছনায়। খুব পরিচিত সুর, অথচ মনে করতে পারছি না—দারুণ কষ্ট। হঠাৎ মনে পড়ল, অনেক আগে দেখা নেভার অন সানডের মেলিনা মারকোরির গাওয়া অদ্ভুত সুন্দর গানের সুর। এই পাইরিয়াসেই নেভার অন সানডের শুটিং হয়েছিল।