সারমেয় সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজিদ মাস্টারের চোখে আজ ঘুম নেই, কিছুতেই ঘুম আসছে না। ঘুমকাতুরে বদনাম নিয়ে জীবনের চারটি দশকেরও বেশি সময় পার হয়ে এসে আজ অনিদ্রা রোগী হয়ে গেল বোধহয়। অবশ্য সমস্যাটা মাত্র এক রাতের। গত রাত পর্যন্ত বেঘোরে ঘুমোতে পেরেছে, এমনকি গতকাল ছুটির দিনের দুপুরে সুখনিদ্রারও ঘাটতি হয়নি। কিন্তু আজ দুপুর থেকে ঘুম উধাও, চোখের পাতা মেলানো যাচ্ছে না কিছুতেই। বিছানায় গড়াগড়ি দিয়ে গাঢ় অন্ধকারের মধ্যরাত এসেছে, অন্ধকারে দুই চোখ বন্ধ করে রাখতে রাখতে দু-একবার ক্ষণেক চোখ জড়িয়ে এলেও কখনো দেখতে পেয়েছে কয়েকটি তরতাজা সোমত্ত কুকুর তাকে ভীষণভাবে তাড়া করছে। মজিদ মাস্টার দৌড়াতে দৌড়াতে ময়লা-আবর্জনাময় ডোবায় গিয়ে পড়েছে। কী ভয়াবহ অবস্থা! আবার কখনো দেখছে, তার তিনটি আদরের সন্তানকে কারা যেন তাড়া করছে, বাচ্চাগুলো বাবা, বাবা বলে চিৎকার করতে করতে সেই একই ডোবায় গিয়ে পড়েছে। ডোবার তীরে তাড়া করা মানুষগুলো নেই, কতগুলো বীভৎস কুকুর বিকট শব্দে ঘেউ ঘেউ করছে। এ এক বিদঘুটে ভয়ংকর স্বপ্ন। সঙ্গে সঙ্গে জেগে ওঠে মজিদ মাস্টার, সারা শরীর থরথর করে কাঁপছে আর ঘেমে একাকার হচ্ছে। পাশে সারা দিনের ক্লান্তি নিয়ে নিবিড় তন্দ্রাচ্ছন্ন জোহরা বেগমকে জাগাতে চেয়েছিল একবার, জোহরা চোখ কচলাতে কচলাতে এমনভাবে তাকাল যে আর এগোনোর সাহস হলো না। ভয়ংকর অনিদ্রা নিয়ে কাটতে থাকে অন্ধকার প্রহর। এ অবস্থার সূত্রপাত সকালবেলা, বাজারে চায়ের স্টলে খবরের কাগজ পড়তে গিয়ে। গ্রীষ্মের ছুটি, মজিদ মাস্টারের অখণ্ড অবসর। ইচ্ছা করলে ছোট ক্লাসের বাচ্চাদের পড়াতে পারত, তা নয়; কিন্তু সে ভীষণ রকম অলস, এমনকি ঘরগৃহস্থালির কাজেও মোটে হাত দিতে একরকম অনীহা। সংসারে যা কিছু করার ওই তিন সন্তানের জননী জোহরার হাত দিয়েই হয়। তবে নিজ সন্তানদের পড়ালেখার বিষয়টি সকাল-বিকেল নিজেই দেখে মজিদ মাস্টার। এর মধ্যে ছুটির দিনগুলোতে প্রতি সকাল নয়টা-দশটার দিকে বাজারে চায়ের দোকানে বসে খবরের কাগজ পড়তে আর প্রতিদিনের খবরাখবর নিয়ে বিভিন্নজনের গুরুগম্ভীর অথবা সরস আলোচনা ভালোই লাগে তার। আজকের খবরের কাগজে একটি চুম্বক খবর, যা চায়ের স্টলে সব পাঠককে আলোড়িত করেছে। কতগুলো বখাটে যুবক এক কিশোরীকে ধাওয়া করে নিয়ে পুকুরে ফেলেছে, সম্ভ্রম রক্ষা করতে গিয়ে মেয়েটি প্রাণ রক্ষা করতে পারেনি। ভয়-শঙ্কা নিয়ে ডুবে মরেছে। একজন জোরে জোরে পড়তে থাকে আর লোকজন জড়ো হতে থাকে। দিনের গরম বাড়তে থাকে, উত্তেজনাও বাড়তে থাকে, বাড়তে থাকে চায়ের চাহিদা। একেক জনের মন্তব্যের শাখা-প্রশাখা ছড়াতে থাকে। মজিদ মাস্টারের মাথা লাটিমের মতো ঝিম মেরে থাকে, বরাবরের মতো চুপ করে বসে থাকতে ইচ্ছে করছে না, আবার কিছু বলতেও পারছে না; যা কখনো করে না, তা-ই করল—একে একে তিন কাপ চা শেষ করে ফেলল। একটি কুকুর, যেটি প্রতিদিন এ সময় দোকানের উচ্ছিষ্ট খায়, এত ভিড়ের মধ্যেও তার জায়গাটি থেকে একদম সরে যাচ্ছে না। হঠাৎ মজিদ মাস্টারের মনে হলো, কুকুরটি যেন মানুষের সব কথাই বুঝতে পারছে, এমনকি মানুষ যখন ওই নষ্ট যুবকগুলোকে জানোয়ার, পশু, কুকুর বলে ধিক্কার দিচ্ছিল, তখন কুকুরটি সব বুঝতে পেরেছে।‘হারামজাদাগুলোরে এখনো পুলিশে বান্ধে নাই? জানোয়ারগুলানরে ফাঁসিতে ঝুলানো দরকার। এগুলোর কোর্ট-কাচারি না করে সঙ্গে সঙ্গে ফায়ারিং স্কোয়াডে দিতে হবে।’ এমন নানা ধরনের মন্তব্য শুনতে শুনতে উত্তেজিত মাস্টার হঠাৎই একটা মন্তব্য ছুড়ে দেয়, ‘আরে, এগুলোরে কুকুরেও খাবে না। এগুলো যে কুকুরেরও অধম।’ এ কথা বলে মাস্টার হন্তদন্ত হয়ে চায়ের দোকান থেকে বেরিয়ে আসে। অনেক দিন পর একটি খবরের কাগজ কিনে বাড়ির পথে রওনা দেয়।খবরের কাগজটি নিয়েও একটি বোঝার মতো মনে হচ্ছে। এটি ঘরে নেওয়া কি ঠিক হবে? বাচ্চারা পড়লে কী ভাববে, কোন দুনিয়ায় এসেছে তারা? উদ্ভ্রান্ত মনে সাতপাঁচ ভাবতে ভাবতে হঠাৎ পেছনে তাকিয়ে আঁতকে ওঠে মাস্টার, চায়ের স্টলের কুকুরটি তার পেছন পেছন আসছে। বিষয়টি খুব সাধারণ হলেও মাস্টারের মাথা চক্কর দিয়ে ওঠে। হঠাৎ মনে হলো, কুকুরটি তার দিকে তাকিয়ে হাসছে। কুকুরটিকে দূর দূর করে তাড়ানোর চেষ্টা করে দ্রুতপায়ে হাঁটতে থাকে। বাড়ির উঠানে পা দিয়েই দেখে তার তেরো বছরের কিশোরী মেয়েটি ছোট ছেলেটিকে নিয়ে বারান্দায় খেলা করছে। মাস্টার খবরের কাগজটি লুকিয়ে ফেলে।মাস্টার রাতে ঘুমানোর আগে খবরটি জোহরাকে দেখাতে গিয়েও দেখাল না। মনে হলো, এত লজ্জার খবর, গ্লানির খবর, আতঙ্কের খবর গৃহকোণবাসী সরল রমণীকে না দেখানোই ভালো। খবরের কাগজটি তোশকের নিচে রেখে দিল। কিন্তু শোয়ার সময় জোহরাই প্রশ্ন করে, ‘কী গো, কী শুনলাম, কোথায় নাকি কতগুলান দুষ্টু পোলাপান সাথীর মতোন কোনো মেয়ের ইজ্জত নিতে চাইছিল? মেয়েটি নাকি দৌড়াইয়া ডোবায় পড়ছে?’ মাস্টার আঁতকে ওঠে, জোহরা এসব কী বলে! জঘন্য ঘটনার সঙ্গে নিজের মেয়ের নাম উচ্চারণ করছে!কী শুনতে কী শোনো! তুমি কি পত্রিকা পড়েছ, না রেডিও শুনেছ? এসব বাজে কথায় কান দিয়ো না। এক দমে কথাগুলো বলে স্ত্রীকে থামিয়ে দিলেও মাস্টার নিজের মনের আতঙ্ক দূর করতে পারে না। এক অজানা শঙ্কার দিকে ধাবমান মনকে কিছুতেই থামাতে পারছে না। জোহরা এর মধ্যে বিড়বিড় করে কিছু বলতে বলতে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাস্টারের চোখে ঘুম নেই। মাস্টারের মাথা কেমন আউল-বাউল হতে থাকে। পা টিপে টিপে বাচ্চাদের ঘরে যায়, সুন্দর করে ভাই-বোনেরা জড়াজড়ি করে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। দুনিয়ার কোনো পাপ, কোনো নোংরামি, কোনো গ্লানি ওদের কাছে ভিড়তে পারেনি। মাস্টার মনে স্বস্তির পরশ নিয়ে নিজের বিছানায় ফিরে আসে।রাত ভোরের দিকে এগোতে থাকে। মাস্টার চোখ বন্ধ করে পড়ে থাকে। ঘুম এল এল মনে হয়। এমন সময় বাইরে কুকুর ডেকে ওঠে। হুড়মুড় করে উঠে বসে মাস্টার, নাহ্ কোনো শব্দই তো নেই, দিনের ঘটনাই তাড়া করে ফিরছে। অসহ্য যন্ত্রণা। আবার শুয়ে ঘুমানোর চেষ্টায় চোখ বন্ধ করে, একি! আবার যেন অনেক কুকুর তার উঠোনময় দাপিয়ে বেড়াচ্ছে আর নানা রকম শব্দ করছে। মাস্টার একটা ঘোরের মধ্যে উঠে দরজার খিল শক্ত করে ধরে রাখে, মনে হচ্ছে কুকুরগুলো বুঝি ঘরেই ঢুকে যাচ্ছে। অনেকক্ষণ এভাবে থাকার পরও কুকুরগুলো থামছে না, মাস্টার সাহস করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে, কিন্তু কিছুই দেখতে পায় না, চারদিক অন্ধকার, ভয়ংকরভাবে নীরব। এবার ঘরমুখী ফিরে দরজায় পা রাখতেই আবার মনে হলো কতগুলো কুকুর হইহল্লা করে বলছে, ‘ও মাস্টার মশাই, মানুষে কুকুর তাড়ায়, নাকি কুকুরে মানুষ তাড়ায়?’শুনে মাস্টার দরজায় ধাক্কা খেয়ে উপুড় হয়ে পড়ে যায়। মো. রফিকুর রহমান বাংলাদেশ ব্যাংক কলোনিফরিদাবাদ, ঢাকা।