
অন্য সময় কম পরলেও ঈদের সারা দিন পাঞ্জাবিতেই কাটান মডেল জামসেদ। সকালে গোসল সেরে যে পাঞ্জাবি গায়ে চড়ান, তা পরেই সন্ধ্যা অবধি কেটে যায়। তবে রাতের দাওয়াতে পরেন অন্য পাঞ্জাবি।
সকালে ঘুম থেকে উঠেই গোসল সেরে তৈরি হন নামাজ পড়তে যাওয়ার জন্য। পাঞ্জাবির সঙ্গে পায়জামা বা জিনস দুইটাই পরতে অভ্যস্ত তিনি। আতর মাখেন ঈদগাহে যাওয়ার আগে। জামসেদ বলেন, ‘ঈদের দিন পাঞ্জাবি পরতেই বেশি ভালোবাসি। বিবি রাসেলের ডিজাইন করা পাঞ্জাবিই বেশি পরা হয়। এবার তো গরমে ঈদ পড়েছে, তাই সকালের দিকে সুতির আরামদায়ক পাঞ্জাবি পরব। তবে রাতের স্টাইলে থাকবে ভিন্নতা।’
রাতের পাঞ্জাবিটা হবে লাল রঙের। এটা ডিজাইনার আনিলা হকের দেওয়া উপহার। খদ্দরের এই পাঞ্জাবিটার ওপর এক পাশে অল্প কালো রঙের নকশা আছে। সঙ্গে পরবেন জিনস প্যান্ট। পায়ে থাকবে স্যান্ডেল, যার সামনের অংশ দেখতে অনেকটা নাগরার মতো। এটি বিবি রাসেলের নকশা করা। এক হাতে ঘড়ি পরবেন। ছাতা, চার্জার বা ছোটখাটো জিনিস রাখার জন্য একটা স্টাইলিশ ব্যাগ থাকতে পারে। চুলের ছাঁটটা মাঝারিই থাকবে। জেল নয়, জলপাই তেল ব্যবহার করবেন চুলটা ঝরঝরে রাখতে। দাড়িটা থাকবে খোঁচা খোঁচা। নামাজের পর বাসা থেকে বেরিয়ে সারা দিন ঘুরবেন বন্ধুদের সঙ্গে। যেখানেই যাবেন চলবে খাওয়াদাওয়া।