সারা দিনই কি রান্নাঘরে কাটবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে অতিথি আপ্যায়নে রান্নাঘরেই কেটে গেল আপনার সারা দিন অথবা সব কাজ সেরে নিজে বর্ষবরণের আনন্দ করার সুযোগই পেলেন না। এমন যাতে না হয়, সে জন্য প্রস্তুতি নিয়ে রাখুন এখনই। এ নিয়ে পরামর্শ দিয়েছেন রান্নাবিদ সিতারা ফিরদৌস।জেনে নিন পান্তার জন্য রাতে ভাত রান্না করে তাতে পানি দিয়ে রাখতে হবে। সকালে ভাতে পানি দিলে সেই পান্তায় স্বাদ হবে না মোটেই। ইলিশ মাছ আগের দিন টুকরো করে কেটে তাতে হলুদ, মরিচের গুঁড়া ও লেবুর রস দিয়ে মেখে ফ্রিজে রেখে দিতে পারেন। পরিবেশনের আগে বের করে ময়দায় গুলিয়ে ভেজে দেবেন। ভোরবেলা দই, চিড়া ও কলা খাওয়া যেতে পারে। ভোরবেলা কিংবা বাইরে থেকে এলে ঠান্ডা শরবত পরিবেশন করতে পারেন। বিভিন্ন ধরনের ফল যেমন: তরমুজ, বাঙ্গি, আনারস ও কাঁচা আম কেটে আগের দিন টুকরো করে ফ্রিজে রেখে দিন। পরে প্রয়োজনে বরফ দিয়ে ব্লেন্ড করে মাটির জগে পরিবেশন করুন। বিভিন্ন রকম ভর্তা আগের দিন বানিয়ে ফ্রিজে রাখা যেতে পারে। তবে পেঁয়াজ ও মরিচ মেখে রাখবেন না। পরে খাবার পরিবেশনের সময় এগুলো মেখে তারপর পরিবেশন করতে হবে।  আম-ডালের ক্ষেত্রে ডাল ও আম আগের দিন সেদ্ধ করে রেফ্রিজারেটরে রাখতে হবে। সকালে বাগার দিয়ে ফেললে মনে হবে একদম টাটকা আম-ডাল পরিবেশন করা হচ্ছে। রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট করা যেতে পারে দুপুরবেলায়। কিংবা রুই মাছ ভুনা করা যেতে পারে। সে ক্ষেত্রে রুই মাছ টুকরো করে আর মাছের মাথাটাকে আলাদা করে কেটে আগের দিন হলুদ, মরিচ, সিরকা ও লেবুর রস মাখিয়ে ফ্রিজের নিচের তাকে রেখে দিতে হবে। রুই মাছের ঘন্ট তৈরিতে যে ডাল ব্যবহার করা হবে, তা আগের দিন সেদ্ধ করে ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে। পরের দিন ফ্রিজ থেকে বের করে রুই মাছের মুড়িঘন্ট কিংবা ভুনা করে ফেললেই হবে। মাংসের বা মাছের কাবাব যেমন: শামি কাবাব, জালি কাবাব, টিকিয়া, কোপ্তা—এসব রান্না করতে হলে আগের দিন বিভিন্ন রকম মাপ করে যেমন: গোলাকার বা চারকোনা করে ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে। পরের দিন গরম গরম ভেজে দিন। তেঁতুল ও আমের বিভিন্ন রকমের চাটনি আগে থেকে প্রস্তুত করে রেফ্রিজারেটরে রেখে দেওয়া যেতে পারে। বিকেলের দিকে পায়েস, পিঠা, মোয়া, নাড়ু, মুড়ালি, বিভিন্ন ধরনের নিমকি, শুকনা পিঠা—এসব দেশীয় খাবার পরিবেশন করা যেতে পারে। আগে থেকে এগুলো প্রস্তুত করে আলাদা আলাদা বায়ুরোধী পাত্রে রাখতে হবে।  দই দিয়ে সালাদ করে পরিবেশন করা যেতে পারে। সালাদটা সকালে কেটে রেখে দেওয়া যেতে পারে। পরিবেশনের সময় দই মাখিয়ে দিন। বিভিন্ন ধরনের দোলমা যেমন: করলার দোলমা, পটোলের দোলমা, টমেটোর দোলমা, শসার দোলমা—এসব পরিবেশন করা যেতে পারে। সে ক্ষেত্রে দোলমার ভেতরে যে মাছ, মাংস কিংবা সবজির পুর দেওয়া হয়, সেটা আগে থেকে প্রস্তুত করে ফ্রিজে রাখা যেতে পারে। পরে রান্না করে গরম গরম পরিবেশন করা যেতে পারে।উৎসবে বাড়ির সাজসজ্জা নিয়ে পরামর্শ দিয়েছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের সহযোগী অধ্যাপক রীনাত ফওজিয়া। বসার ঘরের সাজসজ্জায় বেতের সোফা, মেঝেতে শতরঞ্জি, শীতল পাটি, দেয়ালে বিভিন্ন নকশার টেরাকোটা ও মুখোশ, নকশি কাঁথা—এসব দেশীয় জিনিস ব্যবহার করতে পারেন। তবে পয়লা বৈশাখে এগুলো ব্যবহার করতে হলে আগে থেকেই কিনে সাজিয়ে রাখতে হবে। বাড়ির বাচ্চাদের হাতে আঁকা নানা ছবি যদি ঘরের দেয়ালে টাঙিয়ে রাখা যায়, তাহলে বাচ্চারাও উৎসাহ পায়, ঘরেও সামান্য পরিবর্তন আনতে পারেন।