সারা দিনে সতেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের আর মনের দরজায় কড়া নাড়ছে বৈশাখ। এর সঙ্গে সমানতালে বাড়ছে রোদের প্রখরতা। সব বাধা পেরিয়ে বছরের প্রথম দিনকে ঘিরে আনন্দ আয়োজনের জন্য আপনি তৈরি তো? পয়লা বৈশাখে সারা দিনের জন্য সুন্দর থাকার নানা পরামর্শ দিয়েছেন হারমনি স্পার আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা। বৈশাখের শুরুতে রোদের তাপ বেশিই থাকে। তাই রোদ থেকে ত্বককে বাঁচাতে করতে হবে হালকা মেকআপ। সাজটি হবে সজীব ও সুন্দর। গরমে মুখের ঘামের সমস্যা কমাতে মেকআপের আগে ত্বকে কিছু সময় বরফ ঘষে নিন। বিশেষ করে তৈলাক্ত ত্বক যাঁদের, তাঁরা তো অবশ্যই।  মেকআপ দীর্ঘ সময় ধরে সুন্দর রাখার জন্য ফাউন্ডেশনের পরিবর্তে বেছে নিন মেকআপ প্রাইমার। ক্রিমের মতো এই সাজ উপাদানটি পাবেন যেকোনো ভালো প্রসাধনীর দোকানে। হাতের কাছে এটি না পেলে পানিযুক্ত ময়েশ্চারাইজারেও কাজ সারতে পারেন।  চোখের নিচের কালি ও মুখে কোনো দাগ থাকলে তা ঢাকতে ব্যবহার করুন কনসিলার। এবারে পুরো মুখে ত্বকের ধরনের সঙ্গে মানানসই কমপ্যাক্ট পাউডার বুলিয়ে নিন। সারা দিনের ক্লান্তির ছাপ ফুটে ওঠে চোখের কোণে। তাই চোখের সাজের শুরুতে চোখে সাদা পাউডার বুলিয়ে নিতে পারেন। গরমের দিনে আইলাইনার ব্যবহার না করে রঙিন আই পেনসিল ব্যবহার করুন। কাজল ব্যবহার করলে একই রঙের আইশ্যাডো মিশিয়ে চোখে লাগান। এতে ঘামে কাজল ছড়াবে না। মাশকারা এড়িয়ে যাওয়াই ভালো। ব্যবহার করতে চাইলে পানিনিরোধক মাশকারা বেছে নিন।  গরমে গাঢ় কিংবা লালচে ব্লাশ-অন না লাগিয়ে হালকা বাদামি রঙের ব্লাশ-অনের পরশ বুলিয়ে নিন গালে। এ সময়ে লিপস্টিকের চলটা চড়া লাল রঙের হলেও দিনে স্নিগ্ধতা ফুটিয়ে তুলতে হালকা রঙের ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। দিনের বেলায় লিপ গ্লস এড়িয়ে চলুন। সাজের শেষ পর্বে মুখে ব্রোনজার কিংবা শাইনিং পাউডার বুলিয়ে নিন। এতে আপনাকে উজ্জ্বল দেখাবে। আপনি যদি ভোরে বের হন, সে ক্ষেত্রে চুলটা খোলা রেখে একটা লাল ফুল গুঁজে নিন। তবে রোদ চড়া হতে থাকলে একটা হাতখোঁপা করে নিতে পারেন। তাতে একগাছি বেলি ফুলের মালা গুঁজে দিলে আপনার স্নিগ্ধতা বাড়বে বৈ কমবে না। বৈশাখী সাজে বের হয়ে যাওয়ার আগে ব্যাগে ঝটপট কয়েকটা জিনিস নিয়ে নিন। পলিথিনে মোড়ানো একটা ভেজা পাফ, একটা চিরুনি আর ছোট একটা আয়না। গরমে ঘেমে উঠলে ভেজা পাফ দিয়ে হালকা করে চাপ দিয়ে ঘাম শুষে নিন।  তাই সারা দিনের ঘোরাঘুরির ফাঁকে প্রচুর পানি পান করুন। ডাবের পানি খেতে পারেন।  পয়লা বৈশাখের দিন অনেকেই দুপুরে ঘরে ফিরে আবার বিকেলে বের হন। তাঁদের জন্য পরামর্শ হলো, এই অল্প সময়ের জন্য সাজ পুরো না তুলে সেটা আবার একটু ঠিকঠাক করে নিন। আগের সাজের ওপর আবার একটু কমপ্যাক্ট পাউডার বুলিয়ে নিন। কাজলটা দিন আরও গাঢ় করে। এবার টকটকে লালে রঙিন করে নিন ঠোঁট। সাজ সম্পূর্ণ।  ঘরে ফিরে সময় নিয়ে যত্ন সহকারে মেকআপ তুলে নিন। জলপাই তেলের সঙ্গে কয়েক ফোঁটা পানি মিশিয়ে তুলায় লাগিয়ে প্রথমে চোখের কাজল ও ঠোঁটের লিপস্টিক তুলে নিন। এবার মুখের মেকআপ তুলুন হালকা ম্যাসাজ করতে করতে। এরপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।  ত্বকের সারা দিনের রোদে পোড়া ভাব দূর করতে পাকা টমেটো বা গোল আলুর রসের সঙ্গে আটা বা ময়দা মিশিয়ে ৫ থেকে ১০ মিনিট ম্যাসাজ করুন। সারা দিনে চুলের ওপর ও ঝক্কি-ঝামেলা কম যায় না। তাই ঘরে ফিরে চুলের গোড়ায় ভালোভাবে তেল মালিশ করে নিন। শ্যাম্পু করাটা রেখে দিন পরদিনের জন্য।