সারা দিনে স্মোকি সাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মোকি সাজের জনপ্রিয়তা অনেক দিন ধরেই চলছে। যেকোনো পোশাক, যেকোনো উপলক্ষেই নিশ্চিন্তে করতে পারেন চোখেন স্মোকি সাজ। অনেকে শুধু রাতের দাওয়াতে বা পার্টিতে এমন সাজ করেন। তবে দিনের বেলায় বা সাদামাটা সাজ-পোশাকেও মানিয়ে যেতে পারে এমন সাজ। ‘স্মোকি আইস মানেই শুধু কালো চোখ নয়। নানা রঙের মিশেলে করা যায় এমন সাজ।’ বলেন ইন্টারনেটে সৌন্দর্যবিষয়ক ব্লগসাইট গ্রিন স্টোরিজের পরিচালক তামান্না ইসলাম। শখের বশে অবসরে নিজের সাজেই রকমফের করেন তিনি। সাজের বৈচিত্র্যময়তার পরীক্ষণে যখনই পাস হয়ে যায় কোনো সাজ, তখন সেটি জুড়ে দেন নিজের ব্লগে। নকশার আয়োজনে নিজের চোখে কয়েক রকম স্মোকি সাজ করেছেন তিনি। সাজের শুরুতে মুখটা পরিষ্কার করে নিন। এ সময় মুখে প্রচুর পানির ঝাপটা দিন। তারপর খুব আলতোভাবে পানিটা মুছে নিন। আপনার ত্বক-উপযোগী ময়েশ্চারাইজার লাগিয়ে ত্বককে কিছু সময় বিশ্রাম দিন। এবার তরল ফাউন্ডেশন লাগিয়ে ভালোমতো মিশিয়ে নিন। চোখের নিচে কনসিলার ব্যবহার করুন প্রয়োজন হলে।চেহারার ভেজা ভেজা ভাব থাকতে থাকতেই শুরু করুন চোখের সাজ। গন্তব্য যদি হয় শিক্ষাক্ষেত্র কিংবা কর্মস্থল, তাহলে চোখের সাজে রাখুন স্নিগ্ধ ও স্বাভাবিকভাব। চোখে স্মোকিভাব আনতে এ সময় বেছে নিন বাদামি রঙের আইশ্যাডো। একই রঙের হালকা থেকে গাঢ় বেশ কয়েকটি শেড রাখুন হাতের কাছে। শুরুটা করুন পুরো চোখে হালকা বাদামি শেড দিয়ে। এবার চোখের বাইরের দিকের কোণ থেকে গাঢ় বাদামি লাগিয়ে ভেতরের দিকে আসুন। আসার গতিপথটা হবে গাঢ় থেকে হালকা। চোখের ভ্রুর কোল ঘেঁষে দিন সোনালি রঙের হাইলাইটস। এবার আবার ব্রাশে হালকা বাদামি শ্যাডো নিয়ে চোখের পাতায় মাঝখান বরাবর লাগিয়ে নিন। ধীরে ধীরে গাঢ় ও হালকা অংশটা সুন্দর করে মিশিয়ে নিন। চোখের সাজের এ কাজটায় স্পঞ্জ আইব্রাশ না ব্যবহার করে তুলির তৈরি ব্লেন্ডিং করার আই ব্রাশ বেছে নিন। এবার চোখের কোলে টেনে নিন কাজলরেখা। আর হালকা করে মাসকারা বুলিয়ে নিন চোখের পাপড়িতে।যদি এখান থেকেই কোনো উৎসবে যোগ দিতে হয় তাহলেও ক্ষতি নেই। এ সাজটা আরেকটু গাঢ় কবে নিলেই হলো।বাদামি রঙের সঙ্গে যোগ করে নিন পোশাকের সঙ্গে মিলিয়ে রঙিন কোনো রং। আগের মতোই চোখের বাইরের কোণ থেকে গাঢ় করে আইশ্যাডো লাগিয়ে ভেতরের দিকে ক্রমেই হালকা করে নিন। হাইলাইট সোনালিতে আরও উজ্জ্বল করে নিতে পারেন। নীল, বেগুনি, সবুজ যে রংই হোক না কেন, এর সঙ্গে স্মোকিভাব আনতে কালো ও বাদামি মিশিয়ে নিতে পারেন। কাজলটা এবার ভারী করে নিন। পাশাপাশি মাসকারাও লাগিয়ে নিন আরেক প্রলেপ। ঠোঁটটা গোলাপি লিপস্টিকে রাঙিয়ে নিতে পারেন। গালে দিন ব্লাশঅনের আলতো ছোঁয়া। রাতের সাজের জন্য চোখের কোলে পাউডার কাজল লাগিয়ে নিন। এবারও বাইরের দিকে গাঢ় করে কাজল কিংবা কালো আইশ্যাডো লাগিয়ে নিন। চোখকে হাইলাইট করতে পারেন সোনালি কিংবা রুপালি আইশ্যাডো দিয়ে। আপনি চাইলে সোনালি-রুপালি দুটো মিশিয়েও নিতে পারেন। পুরো চোখটা কালচে বাদামি রঙের কোনো আইশ্যাডো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন। আপনার চোখের স্মোকিভাব কতটুকু ফুটে উঠবে তা নির্ভর করবে আপনি কতটা ভালোভাবে আইশ্যাডো মিশিয়ে নিতে পারছেন। শুধু চোখের পাতায় নয়, চোখের নিচেও গাঢ় করে কাজল টেনে নিন। এর নিচে আইশ্যাডোর ব্রাশটা হালকা করে টেনে নিন।দুচোখে ধূম্রজাল তৈরি করে চোখেই বলে ফেলুন মনের কথা।