প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
: পুড়ে যাচ্ছে গণতন্ত্র
উড়ে যাচ্ছে খড়।
: যা খুশি তাই ঘটুক, আমি
যুক্তিতে অনড়।
: সারা দেশে মারামারি
আগুন, রক্ত, ভয়...
অকারণে দেখছি বহু
প্রাণের অপচয়।
: এবার তবে থামেন একটু
চলুন বসা যাক।
: থামতে বলেন! আমার সারা
শরীরে মৌচাক।
: আমার কী আর করার ছিল
সবই কর্মফল
দেশের জন্য রক্ত ঢেলে
দিচ্ছে আমার দল।
: দিচ্ছে না তো, নিচ্ছে বলেন
খাচ্ছে কিছু মার
আপনারা তো দেখেন না এই
অশান্ত সংসার।
: সারা দেশে আগুন দেখুন
সারা দেশে ছাই
মানুষ জানে আমরা আগুন
জ্বালাই না নিভাই।
: আপনারা খুব শান্ত জানি
নদীর নরম জল
কী ভেবেছেন আমরা আছি
এখনো দুর্বল!
: না না, ছি ছি, কী যে বলেন
তা কি ভাবা যায়?
: তাহলে কী ভেবেছিলেন
আমরা অসহায়?
: তাই বা কেন ভাবতে যাব
এত্তগুলো লাশ!
মানুষ মেরে করা হচ্ছে
এ কী উপহাস!
: সবাই জানে আমরা মানুষ
মারি না বাঁচাই
সারা দেশে আগুন দেখুন
সারা দেশে ছাই।