সারা বছরের অপেক্ষার পর উপভোগের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছিল দর্শকদের আনাগোনা। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে ফ্যাশনপ্রিয় দর্শকের ভিড়। অনুষ্ঠান শুরুর আগেই কানায় কানায় পূর্ণ মিলনায়তন। এ অনুষ্ঠানের জন্য দর্শকেরা যে সারা বছর অপেক্ষা করেন তা বোঝা গেল সাংবাদিক আলমগীর সবুজের কথায়—‘আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতা চট্টগ্রামের সেরা আয়োজন। এক যুগ ধরে এ প্রতিযোগিতা দেশি পোশাকের প্রসারে ভূমিকা রাখছে। ঈদের আগেই ঈদের আনন্দ দেয় এ অনুষ্ঠান।’ অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন বুটিকস হাউসের তৈরি শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট পরে মঞ্চ আলোকিত করেন মডেলরা। সিল্ক, তাঁত, অ্যান্ডি সুতি, মসলিন, হাফসিল্কসহ বিভিন্ন কাপড়ে তৈরি পোশাকগুলোতে রং ও নকশায় বৈচিত্র্য ছিল। অনেক দর্শক সেখানেই ঈদের পোশাকটা পছন্দ করে ফেলেছেন। রওশন আরা আলম বলেন, ‘অনুষ্ঠানটি আমার মন কেড়ে নিয়েছে। বুটিকস হাউসগুলোর তৈরি করা শাড়ি ও বাচ্চাদের পোশাকে বৈচিত্র্য আছে। শিশুদের পোশাক আর তাদের মডেলিং বেশ ভালো লেগেছে।’ বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র এম বি পিয়াল হাসনাত বলেন, ‘অনুষ্ঠানের প্রতিটি পর্বই ছিল আকর্ষণীয়। পোশাকে দেশি ঐতিহ্যের ছাপ ছিল।’নারীনেত্রী সৈয়দা রিফাত আকতার বললেন, ‘প্রথম আলোর এ আয়োজন দেখে আমি মুগ্ধ। আমি অন্য একটা অনুষ্ঠান বাদ দিয়ে এখানে এসেছি। গান-নাচ আর ফ্যাশন ক্যাটওয়াক ছিল দারুণ।’ব্যবসায়ী আব্দুল হান্নান চৌধুরী অনুষ্ঠানকে পরিচ্ছন্ন আয়োজন উল্লেখ করে বলেন, ‘চট্টগ্রামের ফ্যাশন ডিজাইনারদের কাজ দেখে মনে হয়নি এঁরা ঢাকা থেকে এতটুকু পিছিয়ে। আর চট্টগ্রামের দুই শিল্পী সন্দীপন ও নিশীতার কণ্ঠে আঞ্চলিক গান যেমন ছিল তেমনি অনুষ্ঠানের পরতে পরতে ছিল চট্টগ্রামের পোশাকের জয়গান।’