সারাক্ষণ খাওয়া খাওয়া…

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুকে জোর করে খাবার খাওয়ানো ঠিক নয়। মডেল: দিশা ও তাঁর ছেলে ইয়াসফি, ছবি: অধুনা
শিশুকে জোর করে খাবার খাওয়ানো ঠিক নয়। মডেল: দিশা ও তাঁর ছেলে ইয়াসফি, ছবি: অধুনা

আমার মেয়ের বয়স দেড় বছরের কাছাকাছি। ওজন বয়সের তুলনায় কম। ‘আমার সন্তান খায় না’—চিরন্তন মায়েদের মতো এখন প্রতি বেলায় আমার মুখেও শোভা পায় এ কথা। প্রতিবেলায় তিন-চার চা-চামচ খাওয়ার পরপরই মুখ বন্ধ, যা ওর বয়সের তুলনায় অপর্যাপ্ত। বাড়তি খাবার শুরু হওয়ার পর থেকে তার খাদ্যাভ্যাস এই চলছে। আমার মতো অনেক মা-ই হয়তো ভুগছেন এমন সমস্যায়। শিশু তার প্রয়োজনমতো খাবার গ্রহণ করছে না।
শিশুর খাবার গ্রহণ এবং খাবারের ধরন নিয়ে কথা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু ও মাতৃস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুব মোতানাব্বির সঙ্গে। তিনি বলেন, জন্মের পর নবজাতকের প্রথম খাবার মায়ের বুকের দুধ। ছয় মাস পর্যন্ত এটাই চলবে। এমনকি পানিও দেওয়া চলবে না। মায়ের দুধে সব উপকরণ আছে, যা ছয় মাস পর্যন্ত শিশুর খাদ্যের চাহিদা পূরণ করবে। বাড়তি খাবার শুরু করবে শিশু ছয় মাস বয়স থেকে।’
বাড়তি খাবারের ধরনটা কেমন হবে, সে বিষয়ে মাহবুব মোতানাব্বি জানান, দুধের সঙ্গে কলা চটকে বা দুধের মধ্যে সুজি দিয়ে শিশুর প্রথম খাবার শুরু করা যায়। চালের গুঁড়া সিদ্ধ করে দুধের সঙ্গে মিশিয়ে পাতলা করে খাওয়ানো যায়। ঘরের স্বাভাবিক খাবারটাকেই একটু নরম করে চটকে দিতে হবে। মৌসুমি ফল যেমন: পাকা কলা, পাকা পেঁপে, মিষ্টি ফলগুলো বাচ্চাকে দেওয়া যেতে পারে। বয়স যখন আট-নয় মাস হবে, তখন ফল ও শস্যজাতীয় খাবার গ্রহণে সক্ষম হয়। এ সময় শিশু নিজের হাতে ধরে খেতে চেষ্টা করে।
রঙের প্রতি আকর্ষণ বাড়ে, খাবারের প্রতিও আকর্ষণ বাড়ে। সহজপাচ্য খাবার এই সময়টায় শিশুর জন্য ভালো। অনেকে শিশুকে সব সময় ব্লেন্ডারে মিশ্রণ করা খাবার খাওয়ান। দাঁত ওঠার আগ পর্যন্ত এটি ঠিক আছে। দাঁত ওঠার পর এই প্রক্রিয়া বন্ধ করতে হবে, নইলে শিশু দাঁতের ব্যবহারে খাবার চিবিয়ে খাওয়া শিখবে না।
সন্তান খায় না—এটা অনেক মায়ের অভিযোগ। একেক শিশুর খাওয়ার চাহিদা একেক রকম। সে যতটুকু খাবারে অভ্যস্ত, তাকে ততটুকুই খাওয়ানো দরকার। জোর করা যাবে না। জোর করলে শিশুর খাওয়ার প্রতি অনীহা চলে আসবে। আর মনে রাখতে হবে, ঘণ্টায় ঘণ্টায় খাবার না দিয়ে খাওয়ার মধ্যে তিন-চার ঘণ্টা বিরতি দিতে হবে। শিশু ক্ষুধার্ত থাকলে এমনিতেই খাবে।
শিশুর চোখের চাহিদা অনুযায়ী কিংবা বাড়তি খাবারের শুরু থেকেই আমরা অনেক সময় তাকে বাইরের খাবারে অভ্যস্ত করে ফেলি। এতে পুষ্টিমান ব্যাহত হয়। শিশুখাদ্যের পুষ্টির নানা দিক নিয়ে কথা বলেছেন বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ আখতারুন নাহার। তিনি বলেন বাড়তি খাবারের শুরুর দিকে তো বটেই, শিশুর দুই বছর বয়স পর্যন্ত তাকে কোনো রকম বাইরের খাবার দেওয়া যাবে না। ঘরে তৈরি খাবারই এই সময়ে শিশুর পুষ্টির চাহিদা মেটাবে।
আরও কিছু পরামর্শ দেন তিনি। শিশুর আট মাস বয়স থেকে খাবারে ক্যালোরির চাহিদা বাড়ানো দরকার। খাদ্যে পানির পরিমাণ কমিয়ে কিছুটা ঘন থকথকে খাবার দেওয়া যায়। এ সময় সহজপাচ্য খাবারের মধ্যে আলু সেদ্ধ, মৌসুমি সবজি সেদ্ধ করে চটকিয়ে খাওয়ানো যায়। যেমন: ফুলকপি, বরবটি, পেঁপে—এ ধরনের সবজি সিদ্ধ করলে নরম হয়, যা শিশুর হজমে সহায়ক। শিশুর খাদ্যে সামান্য তেল যোগ করতে হয়। ফলে চর্বিতে দ্রব্য ভিটামিনগুলো সহজে শোষিত হয়। নরম খিচুড়ি, সিদ্ধ ডিম, ডাল, ভাত, দুধ-রুটি, দই, ক্ষীর, পুডিং ইত্যাদি খাবার শিশুকে খাওয়াতে হবে। এগুলো পুষ্টি পরিপূরকও বটে। স্যুপ, মাংসের স্যুপ শিশুর জন্য তৈরি করে দেওয়া যায়। গাজর-পেঁপে-আপেলসহ বিভিন্ন রকম হালুয়া তৈরি করে দিতে পারেন একটু বাদাম ও ঘি সহযোগে। এটি বাচ্চার বেড়ে ওঠায় ইতিবাচক সহায়ক হবে।
এক বছর বয়সের পর থেকে শিশু পারিবারিক খাবার, অর্থাৎ পরিবারের সবাই যা খায় তা-ই খেতে পারবে। শুধু একটু নরম করে তৈরি করে দিতে হবে। পরিবারের সবার সঙ্গে খাবার টেবিলে নিয়ে বসলে শিশু সবার খাওয়া দেখে খাবে। নিজ হাতে খেতে শেখা শুরু করা শিশুর স্বাবলম্বী হওয়ার প্রথম ধাপ।