সারাক্ষণ টিভি আর টিভি?

‘আমার ছেলে, বয়স মাত্র চার বছর। সারা দিন টিভি দেখে’ অথবা ‘আমার মেয়েটি মোটেই পড়তে চায় না, সারাক্ষণ টিভি আর টিভি। স্কুল থেকে থেকে ফিরেই টিভির সামনে বসে থাকে। বই নিয়ে বসতেই চায় না। কিছু বললেই মুখ গোমড়া করে।’ এমনধারার অভিযোগ অনেক মা-বাবাই করেন। টিভি যেন এক ভয়ানক দৈত্য যে তাঁর সন্তানের পড়ালেখা, খাওয়া, ঘুম অর্থাৎ দৈনন্দিন জীবনযাপনকে ব্যাহত করছে। আবার এর উল্টোটাও শোনা যায়। কোনো কোনো শিশু অনুযোগ করে থাকে, ‘আব্বু-আম্মু আমাকে এক মিনিটও টিভি দেখতে দেয় না। সারা দিন পড়াশোনা করে একটুখানি টিভির সামনে বসলেই বলে, “যাও, পড়তে বসো, টিভি দেখা চলবে না।”’
শিশুদের সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য নির্মল বিনোদনের প্রয়োজন রয়েছে। টেলিভিশন হতে পারে সেই নির্মল বিনোদনের উৎস। আবার এই বিনোদন যদি নেশায় বা অভ্যাসে পরিণত হয়, তখন তা শিশুর পড়ালেখাকে বিঘ্নিত তো করেই, এমনকি তার স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। অনেক সময় টেলিভিশনের কোনো কোনো অনুষ্ঠান বা সিনেমার প্রভাব এতই মারাত্মক হয় যে শিশুর মধ্যে বিষণ্নতা, ভীতি, উৎকণ্ঠা, অবাধ্য, আচরণজনিত সমস্যা (কন্ডাক্ট ডিজঅর্ডার), হত্যা বা আত্মহত্যার প্রবণতা দেখা দেয়। এসব সমস্যা থেকে দূরে রেখে টেলিভিশনকে ইতিবাচকভাবে উপভোগ করাতে হবে। টিভি দেখা একেবারে বারণ করা যাবে না, তবে তা দেখাতে হবে পরিমিত ও নিয়ম মেনে। এ জন্য যা যা করতে পারেন—
সময় নির্ধারণ: সন্তানকে টিভি দেখার জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দিন। সময়টা একেবারে কমও হবে না বা খুব বেশিও হবে না।
কী দেখছে: আপনার সন্তান টিভিতে কী ধরনের অনুষ্ঠান দেখছে, সেটি লক্ষ রাখুন। সেই অনুষ্ঠান তার বয়সের উপযোগী কি না অথবা বয়সের উপযোগী হলেও সেটি তার মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে কি না, খেয়াল রাখতে হবে।
আপনিও অংশ নিন: সন্তানের সঙ্গে টিভি দেখার সময় আপনিও তার সঙ্গে টিভি দেখুন। শিশুতোষ অনুষ্ঠান হলেও আপনিও তা উপভোগ করার চেষ্টা করুন এবং সন্তানের সঙ্গে অনুষ্ঠান নিয়ে কথা বলুন।
সরাসরি নিষেধাজ্ঞা নয়: কোনো কারণে একবারে টিভি দেখা বন্ধ করে দেওয়া বা বিশেষ বিশেষ অনুষ্ঠানের প্রতি সরাসরি নিষেধাজ্ঞা আরোপ না করে, কৌশলী হয়ে তাকে অনুষ্ঠান বাছাই করে দিন।
টিভি দেখিয়ে খাওয়ানো নয়: অনেক সময় ছোট শিশুদের টিভি দেখিয়ে খাওয়াতে মায়েরা স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু টিভি দেখিয়ে কখনোই খাওয়ানোর অভ্যাস করাবেন না। এতে শিশু খাবারের স্বাদ পায় না, খাদ্য হজম হয় না; বরং টিভির সঙ্গে তার একটা শর্তাধীন সম্পর্ক তৈরি হয়, যা ভবিষ্যতের জন্য ভালো নয়।
কখনো শিথিল কখনো কঠোর: নিয়ম করবেন ঠিকই, কিন্তু বিশেষ দিনে যেমন ক্রিকেট খেলা দেখানোর দিন বা ঈদের দিন নিয়ম শিথিল করবেন আবার সন্তানের পরীক্ষার আগের দিন নিয়ম আরেকটু কঠোর করতে পারেন।
নেতিবাচক প্রভাব হচ্ছে কি না: কোনো বিশেষ অনুষ্ঠান বা বিশেষ চ্যানেল আপনার সন্তানের মধ্যে চিন্তা বা আচরণের পরিবর্তন করছে কি না, লক্ষ রাখুন। সে ক্ষেত্রে শুরুতেই সাবধান হন, প্রয়োজনে ওই চ্যানেলগুলো ‘লক’ করে রাখুন।
প্রয়োজনে চিকিৎসা: কখনো যদি মনে হয় নিজেরা বিষয়টি সামলাতে পারছেন না, তখন দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
লেখক: মনোরোগ চিকিৎসক