সারাদিন সতেজ থাকার সূত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ঘণ্টার ফ্লাইট। তারপরও ঝকঝকে হাসিতে প্রতিটা ব্যক্তির চাহিদামাফিক ফরমাশ পালন করে যাচ্ছেন। এত লম্বা বিমানযাত্রার পরও বিমান সেবকদের চেহারায় থাকে না কোনো ক্লান্তির ছাপ। চুলটাও বাধা থাকে আঁটসাঁট করে। বরং যাত্রীদের দিকে তাকালে বিমানযাত্রার ধকল যে তাদের ওপর দিয়ে গেছে সেটা বেশ ভালোভাবেই বোঝা যায়। কীভাবে এতটা সতেজ চেহারায় থাকেন তারা? বিমান সেবকরাই জানিয়েছেন তাদের প্রতিদিনের রূপচর্চার কিছু দিক। সাধারণভাবে প্রতিদিন এই বিষয়গুলো অনুসরণ করলে চেহারায় সতেজতা রাখা সম্ভব বলে জানিয়েছেন তাঁরা।


পর্যাপ্ত পানি পান
পর্যাপ্ত পানি শরীরে আর্দ্রতা ধরে রাখে। ত্বকও পরিষ্কার রাখে। প্রতি ঘণ্টায় কিছুটা হলেও পানি পান করুন।

স্প্রে ব্যবহার করুন
ত্বকে শুষ্কতা বোধ করলে মুখে পানি স্প্রে করতে পারেন। গোলাপ জল মেশানো পানি একটি ছোট স্প্রে বোতলে করে সঙ্গে রাখতে পারেন। স্প্রে করতে পারেন মাঝে মধ্যেই।

ময়েশ্চারাইজিং করুন
গরম কিংবা শীতকাল, ত্বক ময়াশ্চারাইজ করুন। ত্বকের জন্য মানানসই একটি ক্রিম ব্যবহার করতেই পারেন। দিনের শুরুতে ও দিনের শেষে দুই বেলাতেই মুখে, হাতে, পায়ে ক্রিম লাগানো উচিত।

লাল লিপস্টিক
লাল রঙের লিপস্টিকের সঠিক শেডটি আপনার চেহারায় উষ্ণতা নিয়ে আসবে, দাঁতকে সাদা দেখাবে ও চেহারায় সুস্থ আভা নিয়ে আসবে। তবে খেয়াল রাখতে হবে, লিপস্টিকের শেডটি যেন আপনার ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে হয়। না হলে হয়ে যাবে হিতে বিপরীত।

মেকআপ ছাড়া
ত্বকে মাঝে মধ্যে কোনো ধরনের মেকআপ ব্যবহার না করা ভালো। এতে করে ত্বক ‘শ্বাস’ নিতে পারে। প্রয়োজন হলে ৪ ঘণ্টা পরপর মেকআপ তুলে ত্বকে ভালোভাবে ক্রিম লাগান। এরপর এভাবেই অন্তত ৩০ মিনিট রাখলে ভালো। এরপর দরকার হলে আবার হালকাভাবে মেকআপ লাগাতে পারেন।

চুলে কন্ডিশনার
চুল ধোয়ার পর ভালোভাবে কন্ডিশনার ব্যবহার করুন। বেশির ভাগ বিমানসেবিকাই চুল বেঁধে রাখেন। এর কারণ হচ্ছে চুলের ময়েশ্চারাইজার যাতে না চলে যায়। তারা নিয়মিত চুলে কন্ডিশন ব্যবহার করেন ভালোভাবে। এতে করে কাজের সময় বা বিমানযাত্রা শেষে চুল উসকোখুসকো হয়ে পড়ে না।

সূত্র: ম্যারিক্লেয়ার