সারাহর ভাঁজ করা বিছানা, মার্গারেটের হিটার

বিশ্বে পুরুষদের বিভিন্ন উদ্ভাবন বা আবিষ্কার নিয়ে যেভাবে আলোচনা হয়, নারীদের ক্ষেত্রে ঠিক ততটা নয়। নারীদের অবদানকে কিছুটা খাটো করে দেখার প্রবণতাও দেখা গেছে নানা সময়ে। কিন্তু নারীদের এমন কিছু উদ্ভাবন আছে যেগুলো দৈনন্দিন জীবনে যেমন কাজে এসেছে, তেমনি অনেকের জীবনও বাঁচিয়েছে। তবে নারী উদ্ভাবকের নাম পাদপ্রদীপের আলোয় আসেনি ততটা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঁজ করা বিছানা

১৮৮৫ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোর উদ্ভাবক সারাহ ই গুড তৈরি করেছিলেন ‘ক্যাবিনেট বেড’। এটি ছিল বিশেষ ধরনের একটি আসবাব। নিজের দোকানের জন্যই এটি তৈরি করেছিলেন সারাহ। এটি তৈরির মূল কারণ ছিল ছোট্ট অ্যাপার্টমেন্টে স্থানাভাবের সমস্যা সমাধান করা। এই বিশেষ আসবাব এমনিতে থাকত ডেস্কের আকারে। তবে চাইলে একে বিছানায় রূপ দেওয়া যেত।

এর আগেও অবশ্য ভাঁজ করা বিছানা পাওয়া যেত বাজারে। কিন্তু সারাহর উদ্ভাবক পেটেন্ট পেয়ে বাজারে আসার পর আগের সব মডেল মার খেয়ে যায়। সারাহ ছিলেন কৃষ্ণাঙ্গ। প্রথম কৃষ্ণাঙ্গ নারী উদ্ভাবক হিসেবে যুক্তরাষ্ট্রে নিজের সৃষ্টির পেটেন্ট পেয়েছিলেন তিনি।

গাড়ির জন্য হিটার

গাড়ির জন্য প্রথম হিটার তৈরি করে তার পেটেন্ট পেয়েছিলেন মার্গারেট এ উইলকক্স। এই প্রকৌশলী যুক্তরাষ্ট্রের শিকাগোতে থাকতেন। গাড়ির ইঞ্জিন ব্যবহার করে এই হিটার কাজ করত। আর তাতে উষ্ণতা পেতেন গাড়ির চালক ও যাত্রীরা। পরে অবশ্য এই হিটারের আরও উন্নতি ঘটে। তবে গাড়ির হিটারের প্রাথমিক উদ্ভাবক হিসেবে ইতিহাসে এখনো নাম আছে মার্গারেটের।

মার্গারেট আরও কিছু যন্ত্র উদ্ভাবন করেছিলেন। সেগুলোর মধ্যে ছিল কাপড় ও বাসন ধোয়ার একটি যন্ত্র। তা দিয়ে কাপড় ও বাসন দুই–ই পরিষ্কার করা যেত।