কয়েক দিন ধরে ফেসবুক দেয়ালে সারাহাহ নামের একটি অ্যাপের ছবি কম-বেশি সবাই দেখতে পাচ্ছেন। সারাহাহ অ্যাপটির মাধ্যমে অন্যরা তাঁর সম্পকের কী বলছেন, ফেসবুক ব্যবহারকারী তা ছড়িয়ে দিচ্ছেন। ভালো-মন্দ দুই ধরনের অভিজ্ঞতাই হচ্ছে। যেমন ধরুন মাহিবউল্লাহের কথা। প্রথম দিকে বিষয়টি মজার মনে হয়েছিল তাঁর। এখন কটু কথা থেকে শুরু করে অশালীন মন্তব্য করছেন কেউ কেউ—বেশ বিরক্তিকর লাগছে তাঁর কাছে। আবার যখন প্রশংসা করে কেউ লিখছেন, সেটি তখন ভালো লাগছে।
সারাহাহর ব্যবহার কেমন?
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাইকো সোশ্যাল কাউন্সেলর কাজী রুমানা হক বলেন, ‘আমরা বর্তমানে যে সময়টাতে বাস করছি, সেখানে খুব সহজে প্রকাশ্যে মানুষ নিজ নামে প্রশংসার কথা শুনতে পায় না। সারাহাহ, আস্ক এফএম কিংবা হুইসপারের মতো কিছু মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট আছে, যেখানে অনেকে আগ্রহ নিয়ে নাম-পরিচয় গোপন রেখেই অন্যের নামে ভালো কথা হয়তো শেয়ার করে। সেই ভালো লাগা থেকেই সারাহাহর মতো অ্যাপগুলোর প্রতি আগ্রহ খেয়াল করা যায়। যখন বিষয়টা নেতিবাচক দিকে চলে যায়, তখন আবার মানুষ তার নামে খারাপ কথা শুনতে চায় না।’
আমাদের সমাজে সামনাসামনি অন্যের খারাপ দিকটি ইতিবাচকভাবে জানানোর চেষ্টা নেই। অন্যের ভুলগুলো কীভাবে ইতিবাচক উপায়ে বলতে হয়, সেটাও আমরা জানি না। যে কারণে এসব অ্যাপে অন্যের খারাপ দিকটি তুলে ধরার সুযোগ নেন অনেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীর নাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন আপনার আইডির মাধ্যমে কাউকে কিছু বলছেন, তখন অনেকেই তা মেনে নিতে পারেন না। অ্যানোনিমাস কিংবা নাম-পরিচয় প্রকাশ না করে যেসব ফোরামে কথা বলার সুযোগ আছে, সেখানে মানুষ অনেক কথা বলার সুযোগ নেন। সারাহাহ অ্যাপের মাধ্যমে সেই সুযোগটিই নিচ্ছেন সবাই। তবে আপনার নামে কে কী বলছেন, সেটা ফেসবুকে আবার স্ক্রিনশট বা ছবি আকারে প্রকাশ না করাই ভালো।
সারাহাহ কী?
‘সারাহাহ’ আরবি ভাষার একটি শব্দ। এর অর্থ অকপট কিংবা স্বচ্ছ। গেল বছর সৌদি আরবের প্রযুক্তিবিদ যাইন আল-আবেদিন তৌফিক সারাহাহ ওয়েবসাইটের মাধ্যমে চালু করেন। প্রথম দিকে পুরো সাইটটি শুধু আরবি ভাষায় চালু হলেও গত জুলাই মাসে ইংরেজি ভাষা যোগ হয় সাইটটিতে। পাশাপাশি চালু হয় অ্যাপ্লিকেশন (অ্যাপ)।
তৌফিক অনলাইন গণমাধ্যম ম্যাশেবলকে জানান, ‘অনেক সময় আমরা বয়সের বাধা কিংবা সামাজিক জড়তার কারণে কথা অন্যদের জানাতে ভয় পাই। সেই ভয় কাটানোর জন্যই সারাহাহ।’
সারাহাহ ব্যবহারকারী কারা?
নিউইয়র্ক টাইমস জানাচ্ছে, সারা বিশ্বে ১৪ থেকে ২৯ বছরের সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীরাই এটি ব্যবহার করছেন। ফরচুন সাময়িকী জানাচ্ছে, পশ্চিমা দুনিয়াতে অনেক কিশোর সাইবার বুলিংয়ের টুল হিসেবে সারাহাহকে ব্যবহার করছে। ফেসবুক ঘেঁটে দেখা যাচ্ছে, তরুণদের মধ্যেই সারাহাহ নিয়ে বেশি মাতামাতি।
গুগল প্লে স্টোরের তথ্য থেকে দেখা যায়, চালু হওয়ার এক মাসের মধ্যে অ্যাপটি প্রায় এক কোটিবার নামানো হয়েছে। যদিও অ্যাপটির রেটিং ৫–এর মধ্যে ২.৯। রেটিং কম হলে কী হবে, ব্যবহারকারীরা প্রতিদিনই হুমড়ি খেয়ে পড়ছেন সারাহাহতে সারা দিতে।
যা খেয়াল রাখবেন
l অন্যের নামে কিছু লেখার সময় এমন কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন না, যা কারও জন্য ক্ষতিকর হতে পারে।
l কেউ সারাহাহতে আপনার নামে লিখলে আপনি তাঁর পরিচয় টের পেয়ে গেলেও তাঁকে না জানানোই ভালো।
l সারাহাহতে দেওয়া বার্তা স্ক্রিনশট আকারে প্রকাশ করে অন্যকে বিব্রত করবেন না।
l অশালীন শব্দ কিংবা নেতিবাচক শব্দে কাউকে অপমান করে নিজেকে ছোট করবেন না।
l পরনিন্দা করবেন না।
l ব্যক্তিগত অভিমান বা আক্রোশের জায়গা থেকে কিছু না লেখাই ভালো।