সারি নদীর ধারে
মাস খানেক আগের কথা। ভোর ছয়টায় যখন সিলেট স্টেশনে ট্রেন থামল, কুয়াশার চাদরে তখন চারদিক ঢাকা। ১০ হাত দূরের কিছুই স্পষ্ট করে দেখা যাচ্ছে না। মনটা খারাপ হয় সাতসকালেই। পাহাড়-টিলা দেখব বলে সিলেট আসাটা মাটি করে দিল এই কুয়াশা।ঘণ্টা খানেক স্টেশনে কাটিয়েও কুয়াশার ভাবলেশে তারতম্য না দেখে অগত্যা রওনা হলাম লালাখালের উদ্দেশে। জাফলং-তামাবিলের পথে গাড়ি ছুটে চলছে কুয়াশার বুক চিরে।প্রায় মিনিট পঁয়তাল্লিশ পরে হঠাৎ করে ভোজবাজির মতো উদয় হলো সূর্য। দরবস্ত নামের একটা জায়গা পার হতে না-হতে আমরা জবরদস্ত একটা ভেলকি দেখলাম। পেছনে কুয়াশার জগৎ ঠিক আগের মতোই চাদর মুড়ি দিয়ে রয়েছে। আর আমাদের সামনে কুয়াশামুক্ত ঝলমলে নীলাকাশ।আরও ১৫-২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা গন্তব্য লালখালের নাজিমগড় নেচার পার্কে পৌঁছে জানতে পারি কয়েক দিন ধরে সারা বাংলাদেশ কুয়াশায় ঢেকে গেলেও এই অঞ্চলে ঝকঝকে রোদ ছিল সারা দিন।লালাখালে আছে অত্যাশ্চর্য এক জলরাশি। ভারতের মেঘালয় রাজ্যের জৈন্তা পাহাড়দলের বুক চিরে নেমে আসা সারি নদী। কথিত আছে, এই নদী দিয়েই পর্যটক ইবনে বতুতা বাংলাদেশে এসেছিলেন। সারি নদীর জলে কায়াক চালনা, সাঁতার কাটা কিংবা নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দ তুলনাহীন। দুই পাশের টিলা, পাহাড়, সবুজ বনানী, এঁকেবেঁকে চলা স্বচ্ছ জলের সারি নদী মনে-প্রাণে প্রশান্তি এনে দেয়। এখানেই থিতু হতে আহ্বান জানায়। ভট ভট শব্দে বেরসিক যান্ত্রিক নৌকার চলাচলে মাঝেমধ্যে হয়তো একটু বিরক্তি জাগে, তবে ওটুকু না থাকলে হয়তো ধ্যানস্থ হয়ে পড়তে পারেন!নাজিমগড় নেচার পার্ক রোমাঞ্চেরও যথেষ্ট ব্যবস্থা করে রেখেছে। পাহাড় ভেঙে ওপরে উঠে পাবেন সুসজ্জিত চমৎকার পর্যবেক্ষণ কেন্দ্র (অবজারভেশন লাউঞ্জ)। এখান থেকে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, সবুজ বনজঙ্গল আর নির্মল নীল আকাশ। এক ফাঁকে চোখে পড়বে মোচড় দিয়ে বয়ে যাওয়া সারি নদী। খুব সকালে যদি এখানে ওঠা যায় বিচিত্রসব পাখির ডাক শুনতে পাবেন।সকালে এখানে ঘুম ভাঙে পাখির কলতানে আর রাতের নিস্তব্ধতার নতুন ব্যাখ্যা উপস্থাপিত হয় শিয়ালের হুক্কা হুয়া রবে।এখানে রয়েছে তাঁবুতে থাকার চমৎকার আয়োজন। আর যাঁরা একটু আরাম-আয়েশে থাকতে চান, তাঁদের জন্য রয়েছে লাক্সারি রুম। আছে বৃক্ষবাড়ি বা ট্রি হাউস। গাছের ওপর থাকা-খাওয়ার তোফা আয়োজন।চাইলে এখান থেকে একবেলায় ঘুরে আসতে পারেন জাফলং, তামাবিল সীমান্ত। আর জাফলং গেলে খাসিয়াপুঞ্জি বাদ দেবেন না। খাসিয়াদের জীবনযাত্রা, চা-বাগান ঘুরে দেখা আর ক্ষুধার্ত ও ক্লান্ত হয়ে নদীর তীরে বসে অত্যাধুনিক ক্যাফে সংগ্রামপুঞ্জির সুস্বাদু খাবার খেতে মোটেও ভুল করবেন না।কীভাবে যাবেনবাস, ট্রেন, কিংবা বিমানে সিলেট শহরে পৌঁছে সেখান থেকে মাইক্রোবাস, অটোরিকশা কিংবা বাসে সারিঘাট যেতে হবে। নিজের ব্যবস্থাপনায় গাড়ি থাকলে আপনি যেকোনো জায়গা থেকে সিলেটের সারিঘাট হয়ে লালাখাল নাজিমগড় নেচার পার্কে চলে আসতে পারেন। তবে সারিঘাট থেকে নেচার পার্কে স্পিডবোটে করে আট কিলোমিটার নৌপথে যাওয়ার আনন্দটা অন্য রকম।জেনে নেওয়া ভালোরাত্রিযাপনের ক্ষেত্রে আগে থেকে তাঁবু অথবা ট্রি হাউসে বুকিং দিতে পারেন। আবার চাইলে সারা দিন ঘোরাঘুরি করে রিভার কুইন রেস্টুরেন্টে খেয়ে ফিরেও আসতে পারেন। যোগাযোগ: www.nazimgarh.com