সারিকার প্রিয় সালমান শাহ, মায়ের রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মায়ের সঙ্গে সারিকা। ছবি: সুমন ইউসুফ
মায়ের সঙ্গে সারিকা। ছবি: সুমন ইউসুফ

মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। মা হওয়ার পর মাঝে বেশ কয়েক মাস অভিনয় ও মডেলিং থেকে দূরে সরে ছিলেন। এখন আবার পুরোদমে কাজ শুরু করেছেন তিনি। তাঁর মা রা-আনা আফরোজ ঢাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ। আজ থাকছে এই মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা

১. দিনের সবচেয়ে ভালো লাগার সময়...

সারিকা: যখন আমার মেয়ে সামনে থাকে।

মা: দিনের মধ্যে যে সময় দুই সন্তান আমার সঙ্গে থাকে, সেটাই প্রিয় সময়।

২. পছন্দের শিল্পী কারা?

সারিকা: মা-বাবা ও আমার ভাই সবাইকে ছোটবেলা থেকে গান গাইতে দেখেছি। আমার বাসার নিচেও একটা গানের স্কুল ছিল। আমি নিজে কখনো শিল্পী দেখে গান শুনিনি। শুনতে ভালো লাগলে সবার গানই শুনি।

মা: আমি নিজে রবীন্দ্রসংগীত গাইতাম। সেই হিসেবে রেজওয়ানা চৌধুরী বন্যা ও পাপিয়া সারোয়ারের কণ্ঠে গান শুনতে খুব ভালো লাগে। আর দেশের বাইরে হেমন্ত মুখোপাধ্যায় পছন্দের শিল্পী।

৩. পছন্দের গান...

সারিকা: রবীন্দ্রসংগীত আমার খুব প্রিয়। ‘আমার পরান যাহা চায়’ গানটি তো প্রায়ই গুনগুন করে গাই।

মা: ‘চাঁদের হাসির বাঁধ ভেঙেছে’ এবং ‘দুটি মন আর নেই দুজনার’—এই দুটি গান খুব প্রিয়।

৪. পছন্দের সিনেমা কোনটি

সারিকা: সম্প্রতি আয়নাবাজি সিনেমা দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই ছবিতে সবাই দারুণ অভিনয় করেছেন। বিশেষ করে চঞ্চল ভাইয়ের (চঞ্চল চৌধুরী) অভিনয় ছিল মুগ্ধ করার মতো।

মা: আয়নাবাজি ছবিটি দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে।

৫. নায়ক-নায়িকা...

সারিকা: আমার প্রিয় নায়ক সালমান শাহ আর প্রিয় নায়িকা সুচিত্রা সেন।

মা: আমার প্রিয় নায়ক রাজ্জাক আর নায়িকা শাবানা।

৬. কোথায় বেড়াতে ভালো লাগে?

সারিকা: দেশ-বিদেশের অনেক জায়গায় ঘুরেছি। বিদেশের মধ্যে ভালো লেগেছে নেদারল্যান্ডস। আর দেশের মধ্যে কক্সবাজার ঘুরতে সবচেয়ে বেশি ভালো লাগে। কতবার যে কক্সবাজার গিয়েছি, তার কোনো হিসাব নেই। তারপরও যেতে মন টানে।

মা: বিশ্বের অনেক দেশ ঘুরেছি। তবে আমাকে সবচেয়ে বেশি টানে সমুদ্র। সমুদ্রের বিশালতা আমাকে মুগ্ধ করে। পৃথিবীর বহু সমুদ্র দেখার সুযোগও হয়েছে।

৭. পছন্দের পোশাক...

সারিকা: বরবারই শাড়ি পরতে ভালো লাগে, যদিও খুব একটা পরা হয় না। অনুষ্ঠানে ইদানীং গাউনও পরা হয়।

মা: সব ধরনের শাড়ি পরতেই ভালো লাগে। তবে বেশি ভালো লাগে সিল্ক আর জর্জেট।

সাক্ষাৎকার: মনজুর কাদের