দিল্লিতে নেমেই বুঝলাম গরম কাকে বলে, কত প্রকার ও কী কী! তবে বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উষ্ণ অভ্যর্থনা আর আতিথেয়তায় সিক্ত হলাম আমরা সার্কভুক্ত আট দেশের ১৩ সাংবাদিক। ১৩ জনই নারী। সার্ক শীর্ষ সম্মেলনের ঠিক আগে আগে ১৮ থেকে ২৪ এপ্রিল—সার্কভুক্ত দেশের সাংবাদিকেরা একসঙ্গে ছিলাম এই সাত দিন। ঘুরলাম দিল্লি, আগ্রা, পুনে, মুম্বাই। আনুষ্ঠানিক নানা মতবিনিময় বৈঠক ছাড়াও অনানুষ্ঠানিক মতবিনিময় হলো বিস্তর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিদের সঙ্গেই হোক, ভারতীয় টিভি অথবা সংবাদপত্রের সাংবাদিকদের সঙ্গেই হোক কিংবা ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের আয়োজনে খোলামেলা আলোচনায়ই হোক—কিছুক্ষণের মধ্যেই আলোচনায় চলে আসে ভারত-পাকিস্তান সম্পর্ক, অবধারিতভাবেই।আফগানিস্তান, নেপাল কিংবা ভুটানের সাংবাদিকেরা আশঙ্কা প্রকাশ করেন, আসলে কি ভারত-পাকিস্তান সম্পর্কই সার্কের আলোচনার মূল বিষয়? নেপালের সাপ্তাহিক সাময়িকী নেপাল-এর তরুণ সাংবাদিক যশোধা টিমসিনা। তাঁর বক্তব্য মানেই বিপ্লব দীর্ঘজীবী হোক...। যশোধা তো বলেই ফেললেন, ‘আমার বাপ-দাদার আমল থেকেই এই প্রসঙ্গ শুনে আসছি। মনে হয় আমার ছেলে বড় হলেও এ প্রসঙ্গের সমাপ্তি ঘটবে না।’ খোদ পাকিস্তানের অভিজ্ঞ সাংবাদিক রেহানা হাকিম পর্যন্ত বললেন, ‘আপনারা আসলে বুঝতেই পারবেন না, পাকিস্তানে আমরা কতটা অনিশ্চয়তায় দিন কাটাই। সাধারণ মানুষ জানে না, কে কখন কোথায় বোমা হামলায় প্রাণ হারাবে। কিন্তু সার্ক এলে সবাই শুধু ভাবে, গিলানি মনমোহনের সঙ্গে হাত মেলাবেন কি মেলাবেন না?’তবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রাণিত কাউর থেকে শুরু করে জনপ্রিয় সংবাদভিত্তিক টিভি চ্যানেল সিএনএন-আইবিএনের কূটনৈতিক সাংবাদিক সূর্য গঙ্গাধরন পর্যন্ত মনে করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে অত্যন্ত ইতিবাচক সূচনা হয়েছে।ব্রেকিং নিউজ কি ‘ব্রেক’ করে!আমরা যখন দিল্লির মূল কেন্দ্র থেকে ঘণ্টাখানেক বাসযাত্রা করে সিএনএন-আইবিএন স্টেশনে পৌঁছালাম, তখন যশোধাই প্রথম প্রশ্নটা ছুড়ে দিলেন, ‘রাজীব গান্ধী নিহত হলে অবশ্যই সেটা ব্রেকিং নিউজ, কিন্তু গরুর দুই মাথাওয়ালা বাছুর হলে সেটাও কি ব্রেকিং নিউজ? সারাক্ষণই তো টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে ‘ব্রেকিং নিউজ’। সংবাদটা আসলে ভাঙে কোথায়?’ অতিথি সাংবাদিকের এমন প্রশ্নে বিব্রত বটে, তবে সত্যটাই বললেন তাঁরা। প্রতিযোগিতার বাজারে নিউজ ট্রিটমেন্ট একটু উঁচু তারেই বাঁধা থাকে। আলোচনা চলছিল, এমন সময় কাচের ভেতর দিয়ে দেখা গেল বাইরে ধোঁয়া আর ধোঁয়া। মানুষ আর মানুষ। কিছু লোক দৌড়াদৌড়ি করে স্ট্রেচার নিয়ে আসছে...। আফগানিস্তানের সদা হাস্যোজ্জ্বল সাংবাদিক নাজিবা বলে উঠলেন, ‘ব্রেকিং নিউজ’, ‘ব্রেকিং নিউজ’...(আসলে অগ্নিনির্বাপণ মহড়া হচ্ছিল।)আমরা যখন দিল্লিতে, তখন আইপিএল ছিল টপ নিউজ। সিএনএন-আইবিএনের সাংবাদিকেরা বললেন, ভারতীয়রা সবচেয়ে বেশি পছন্দ করে ক্রিকেট, সিনেমা, ক্রাইম—থ্রি সি। আইপিএল এই থ্রি সিকে এক করেছে। এটাই এখন টপ নিউজ। দেশপ্রেম বনাম সংবাদ নিরপেক্ষতাভারতের মর্যাদাকর পত্রিকা দ্য হিন্দু। সংবাদ উপস্থাপনে বাড়াবাড়ি নেই, ফাটিয়ে দেওয়া মেকআপ নেই, যুগ যুগ ধরে পাঠকের গ্রহণযোগ্যতা আর মর্যাদা বহন করেই চলেছে। দিল্লিতে তাদের ব্যুরো অফিস পিটিআই ভবনে গিয়ে দেখা হলো ব্যুরো চিফ সিদ্ধার্থ ভারাদারাযানের সঙ্গে। পাশে ছিলেন এই প্রতিষ্ঠানেরই ম্যাগাজিন ফ্রন্টলাইন-এর ব্যুরো চিফ জন চেরিয়ান। সার্ক সাংবাদিকদের নানা প্রশ্নে নানা প্রসঙ্গ উঠে এল। ভারতীয়দের দেশপ্রেম প্রশংসাযোগ্য। কিন্তু যখন পার্শ্ববর্তী একটি দেশের সঙ্গে কোনো বিষয়ে ইস্যু সৃষ্টি হয়ে যায়, তখন ভারতীয় সাংবাদিকেরা কি পারেন সাংবাদিকসুলভ নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বিষয়টি দেখতে? ভারত বড় দেশ। কিন্তু আশপাশের অপেক্ষাকৃত ছোট ছোট দেশের খবর দিতে গিয়ে কেন তাঁরা ভুল নাম ব্যবহার করেন? এমনকি বিখ্যাত কিংবা গুরুত্বপূর্ণ মানুষের ক্ষেত্রেও! এটা কি উদাসীনতা, নাকি অমনোযোগিতা? সিদ্ধার্থ মাথা নাড়লেন। ঠিক, এটি কাম্য নয়। বললেন, ‘এমনকি আমি অবাক হই বাংলাদেশের এত কাছে কলকাতা, বাংলা ভাষাভাষী মানুষ, অনেক ক্ষেত্রেই “কমন ইন্টারেস্ট”। তবুও আনন্দবাজার পত্রিকার একজন পূর্ণাঙ্গ প্রতিনিধি আজও ঢাকায় নেই।’২৪ ঘণ্টা জনপ্রিয় সংবাদভিত্তিক চ্যানেলগুলোর সঙ্গে কী করে লড়াই করে প্রতাপের সঙ্গে টিকে আছে প্রিন্ট মিডিয়া? সিদ্ধার্থের জবাব, শুধু সাদামাটা সংবাদ দিয়ে এ লড়াইয়ে জেতা সম্ভব নয়। অনুসন্ধানী প্রতিবেদন, ব্যাখ্যা, ফলোআপ, খবরের পেছনের খবর, সৃজনশীলতা দিয়েই এই বিজয়। একজন সাংবাদিক হিসেবে তিনি মনে করেন, ভারতের তথ্য অধিকার আইন বাস্তবায়ন তাঁদের কাজের নতুন নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে। অন্যদিকে এ আলোচনায় আফগানিস্তানের সাংবাদিক জানালেন, কোনো ঘটনায় একজন পুলিশ অফিসারের মন্তব্য নেওয়ার জন্য অনুমতির যে দীর্ঘ প্রক্রিয়া, ততক্ষণে ঘটনার রেশই কেটে যায়।ডেটলাইন সাউথ ব্লকপার্লামেন্টে তুমুল বিতর্ক চলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট অনুমোদন বিতর্ক। বলাই বাহুল্য, এ মন্ত্রণালয়ের মন্ত্রী যাঁরা, তাঁরা এ বিতর্কেরই অংশ। তবুও সার্ক সাংবাদিকদের সময় দিতে পার্লামেন্ট থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে এলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রাণিত কাউর। সাউথ ব্লকের কমিটি রুমে সাদা সালোয়ার-কামিজ পরে ঢুকলেন হাতজোড় করে বিনয়ী ভঙ্গিতে। সঙ্গে ছিলেন যুগ্ম সচিব হর্ষ বর্ধন স্রিংগলা ও বিষ্ণু প্রকাশ। বিষ্ণু প্রকাশ মুখপাত্রও বটে। তবে এ দুজনের সঙ্গে আমাদের এর আগেই দেখা হয়েছে একাধিকবার। প্রাণিত কাউর বললেন, এ বছরটা সার্কের জন্য বিশেষ উল্লেখযোগ্য। কারণ, সার্ক গঠিত হয় ১৯৮৫ সালে। এ বছর তার রজতজয়ন্তী। তিনি মনে করেন, সার্ক এমন একটি ফ্রেমওয়ার্ক তৈরি করছে, যা খাদ্যনিরাপত্তা থেকে সন্ত্রাস, নারী ও শিশু থেকে অবাধ বাণিজ্য উন্নয়ন—সব ক্ষেত্রেই আঞ্চলিক সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধি করছে। বললেন, দক্ষিণ এশীয় অঞ্চলের মানুষের কল্যাণ ও জীবনযাত্রার মান উন্নয়নেও সার্কের বিভিন্ন কর্মসূচির নকশা করা হয়েছে। তিনি জোর দিলেন তৃণমূল মানুষের উন্নয়ন আর এ অঞ্চলের মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ও যোগাযোগকে।বাংলাদেশ-ভারত সম্পর্ককে অত্যন্ত ইতিবাচক চোখে দেখছেন প্রাণিত কাউর। বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যার সবই ইতিবাচক। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির কথা বলতে গিয়ে বললেন, ‘আমার সহকর্মী দীপু মনি...।’ একটু থামলেন। তারপর বললেন, ‘না, আমার সিনিয়র কলিগ। কারণ, আমি প্রতিমন্ত্রী, দীপু মনি ফুল মিনিস্টার।’সার্ক বিশ্ববিদ্যালয়সার্ক বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টেই যাত্রা শুরু হবে। বলছিলেন সার্ক বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অধ্যাপক জি কে চাধা। বারবারই বলছিলেন, সাত দেশের সব মেধাবী ছাত্রের সম্মিলন হবে এই বিশ্ববিদ্যালয়। সাংবাদিকেরা প্রশ্ন করলেন, ‘তো, আপনারা আমাদের বেস্ট স্টুডেন্টদের নিয়ে নেবেন?’ হাসলেন অধ্যাপক। বললেন, ‘বেস্টদের নেব। তবে ফেরত দেব বেটার বেস্ট।’ নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কুটিরশিল্পীদের পণ্য বাজারজাতের প্রকল্প বর্ণনা দিলেন মনিকা রাইনা। সার্ক উন্নয়ন তহবিলের অর্থায়নে চলছে এই প্রকল্প ‘সেবা’ (এসএবিএএইচ)। ভুটানের সাংবাদিক ডিকি ও ফুনতসো বললেন, ‘এ ধরনের প্রকল্পের কথা আগে শুনিনি, এবার দেশে গিয়ে নিশ্চয়ই খোঁজ নেব।’ তবে পাকিস্তানের রেহানা হাকিমের আশঙ্কা, দেশে দেশে সঠিক মানুষ সঠিক প্রতিষ্ঠান নির্বাচন না করা গেলে এ ধরনের প্রকল্পগুলো মাঝপথে মুখ থুবড়ে পড়ে। দেখা হলো চমত্কার কমলা জামদানি পরা বীণা সিক্রির সঙ্গে। এ অঞ্চলে নিরাপত্তা, বাণিজ্য ছাড়াও মানুষের সঙ্গে মানুষের যোগাযোগকে গুরুত্ব দেন তিনি।তবুও তাজমহলদিল্লির গরমেই অতিষ্ঠ। আগ্রা তার চেয়েও গরম। যেতে পাঁচ ঘণ্টা, আসতে পাঁচ ঘণ্টা। তাই তাজমহল দর্শন প্রকল্প থেকে একে একে ঝরে গেলেন সার্কের সাংবাদিকেরা। ‘আমি আগে দেখেছি, না, মানে যেতাম, কিন্তু অসুস্থতা বোধ করছি’...রইল বাকি সাত। শেষ মুহূর্তে মালদ্বীপের জিনাতের মনে হলো, ভোর পাঁচটায় উঠে রওনা? আগ্রার চেয়ে ঘুম উত্তম! অতএব রইল বাকি ছয়। আমরা তিন বাংলাদেশি। আমি, মুন্নী সাহা, সামিয়া রহমান। শ্রীলঙ্কার দুজন। আর আমাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কিন্তু সবচেয়ে মায়াবতী নেপালের সানজিদা ভর্মা। মুন্নী ও সামিয়া আগে তাজমহলে এসেছে। আমার এই প্রথম। অতএব গরম, ১০ ঘণ্টার বাসযাত্রা, ঝাঁকিঝুঁকি নিয়েও রওনা হলাম। আগ্রায় আমাদের জন্য যে গাইড অপেক্ষা করছিলেন, তাঁর নাম রমেশ। মোগল ইতিহাস তাঁর ঠোঁটের আগায়। তাঁর বর্ণনা এমন নাটকীয় যে আফসোস হচ্ছিল, এত আকর্ষণীয় সব গল্প! কেন যে ছাত্রজীবনে মোগল সাম্রাজ্যের ইতিহাসটা আরও মন দিয়ে পড়লাম না। বিশ্বাস করুন, আমার মনে হলো, ঢাকায় গিয়ে আবার এই ইতিহাস পড়ব। রমেশ কড়া গাইড। বর্ণনা শোনার আগে পা ফেলা নিষেধ। মূল ফটকের সামনে গাছের ছায়ায় দাঁড়িয়ে তিনি প্রথম দফা বর্ণনা দিলেন। অতঃপর দফায় দফায় বর্ণনা। দফায় দফায় পথচলা। এর মধ্যে আমাদের ক্যামেরাগুলো তো ক্লিক ক্লিক করছেই। ওখানে থাকা পেশাজীবী আলোকচিত্রীরা অ্যালবাম হাতে দাঁড়িয়ে। তাজমহল হাতের মুঠোয় নিতে চান? কিংবা ধরতে চান চূড়া? বেঞ্চের ওপর উঠে দাঁড়িয়ে ওদের কথামতো হাত রাখুন, দেখবেন, ঠিক যা চেয়েছিলেন তা-ই। গড়ে ৬০ হাজার মানুষ প্রতিদিন তাজমহলে আসে, কোনো দিন ২০ হাজার, কোনো দিন ৮০ হাজার। বছরে আনুমানিক এক কোটি ৮০ লাখ মানুষ সাদা মার্বেল পাথরে তৈরি সপ্তাশ্চর্যের এক আশ্চর্য তাজমহল দর্শনে আসে। শীতকালে তাজমহলে ঢুকতে দু-আড়াই ঘণ্টাও লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তবে এই গরমেও মানুষ কম নয়। মার্বেল পাথরের তাজমহলে জুতো নিয়ে ওঠার নিয়ম নেই। এদিকে পা পুড়ে যায় গরমে। ভাবছি, কী করব, কিন্তু এ তো দেখি জুতা আবিষ্কার! সার্ক সাংবাদিকদের জুতো জোড়া লাল কাপড়ের জুতোয় মুড়িয়ে দেওয়া হলো। তবে অন্ধকার এবং দর্শনার্থীর তুলনায় অপেক্ষাকৃত কম জায়গা হওয়ায় নিচে মমতাজ ও শাহজাহানের মূল কবরে যেতে দেওয়া হয় না। একই রকম কবর ওপরে তৈরি করা আছে। রমেশ বারবারই বলেছেন, মমতাজের কবর ধরেই এই তাজমহলের নকশা। পরে মেয়েরা শাহজাহানের কবর মায়ের পাশে দেন। তাই এখানে স্থাপত্য ত্রুটি আছে। ছেলে আওরঙ্গজেবের বিরোধিতায় নাকি শাহজাহান তাঁর নিজের জন্য আলাদা কালো তাজমহল বানাতে পারেননি। তবে মন খারাপ হয়ে গেল যমুনা দেখে। কোথায় যমুনা? এ যে ধু-ধু বালুর চর। পুনে দর্শনপুনেয় আমাদের হরেক রকম অভিজ্ঞতা হলো। রজনীশের ওশো আশ্রম দেখতে দেখতে এশীয় মূল্যবোধ নিয়ে পরস্পর আলাপ, পাহাড়ি রাস্তা বেয়ে চমত্কার লোকেশনে ফাউন্ডেশন ফর লিবারেল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশনে (ফ্লেইম) গিয়ে জানতে পারা, প্রথম দুই বছর ফাউন্ডেশন কোর্সে সবাইকে বিজ্ঞান পড়তেই হয়। সামরিক প্রশিক্ষণ নিতে হয় আবার গলফ খেলাও জানতে হয়। অতঃপর তোমার প্রধান বিষয় যদি অঙ্ক হয়, তো সঙ্গে নিতে হবে সংগীত। ভালো লাগল ফ্লেইমের সভাপতি ইন্দিরা পারেখ যখন বাংলায় বলে উঠলেন, ‘আমি তো আসছি ঢাকায় ৭ মে। নলেজ ম্যানেজমেন্টের ওপর একটা সেমিনারে।’ আরও ভালো লাগল চেয়ারম্যান পরাগ শাহর একটি কথা, ‘সাফল্যের কোনো শর্টকাট রাস্তা নেই।’ পুনে মানেই বুঝতাম পুনে ফিল্ম ইনস্টিটিউট। সেখানে গিয়ে পরিচালকের মুখে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতাদের প্রশংসা শুনে মন ভরে গেল। বললেন, ‘কিছুদিন আগে তারেক মাসুদ, তানভীর মোকাম্মেল, আবু সাইয়ীদ—এঁরা সবাই এসেছিলেন। ইতিহাসকন্যার শামীম আখতার আসতে পারেননি। বাংলাদেশে অনেক গুণী চলচ্চিত্র নির্মাতা আছেন।’অদ্ভুত অভিজ্ঞতা হলো ভারত ফোর্জে গিয়ে। গাড়ির যন্ত্রাংশ উত্পাদনকারী প্রতিষ্ঠান। মাথায় হেলমেট, চোখে বিশেষ চশমা, কানে তুলো আর সাদা অ্যাপ্রন গায়ে আমরা ঘুরে দেখেছি মূল কারখানা। ছাত্ররা মিলিত হয় পুনের জার্মান বেকারিতে। খায়দায় গল্পগুজব করে। বিদেশি ছাত্ররা আসে। ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ আচমকা বোমা হামলা। প্রাণ হারান ১৭ জন। পাঁচজন বিদেশি। এখনো সেই হামলার চিহ্ন অটুট। রক্তের দাগ দেয়ালে। সার্ক সাংবাদিকেরা যখন জায়গাটি ঘুরে দেখছিলেন, পুলিশের কর্মকর্তারা ঘটনার বিবরণ দিচ্ছিলেন, তখন শ্রীলঙ্কার সাংবাদিক বললেন, ‘আমার ছেলেও পড়ে বেঙ্গালুরুতে। এ ঘটনার পর আমি পাগলের মতো ফোন করি ছেলেকে। বলি, বাবা, শপিংমলে যেয়ো না।’স্বপ্ন দেখে যাব ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের আলোচনায় বলা হলো, সার্ক নিয়ে তোমরা কী স্বপ্ন দেখ? ব্যস, স্বপ্নের ডানা মেলতে থাকল। দেশ থেকে দেশে। সার্কের ভেতর আবার ভিসা কী? ভিসাহীন বেড়াতে চাই। পরস্পরের প্রতি বিশ্বাস, আস্থা চাই। দেশে দেশে তথ্য আর সাংস্কৃতিক আদান-প্রদান চাই। একমুখী নয়, দ্বিমুখী। বলতে বলতে কেউ একজন থামে। ‘আমি বোধহয় স্বপ্নটা বেশিই দেখে ফেললাম?’ সঙ্গে সঙ্গে মডারেটর বললেন, না, না, বেশি কেন হবে? স্বপ্নই তো দেখতে হবে। স্বপ্ন দেখে যাব...।