সার্কাস ও যাত্রায় মুগ্ধ দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলায় অ্যাক্রোবেটিক প্রদর্শনীতে এক শিল্পী
শিল্পকলায় অ্যাক্রোবেটিক প্রদর্শনীতে এক শিল্পী

হেমন্তের সন্ধ্যা। দর্শকে গমগম করছে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ। কিছুক্ষণ পর পর করতালি আর হর্ষধ্বনি। সার্কাসের অন্যতম অনুষঙ্গ অ্যাক্রোবেটিকের নন্দিত শৈলীর উপস্থাপনায় মুগ্ধ দর্শক।
গত শুক্রবার সন্ধ্যায় শিল্পকলার মঞ্চ মাতিয়ে গেলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর অ্যাক্রোবেট দলের সদস্যরা। তাঁরা একে একে রোলার ব্যালেন্স, হ্যান্ড স্কিল, মাউথ স্কিল, রোপ রাউন্ড স্কিল, ব্রিক স্কিল, চেয়ার সিনাসিনি, নেক আয়রন বার, আংকারাসা, রিং নৃত্য ও নুনথুর মতো নানা নৈপুণ্য প্রদর্শন করেন।
অ্যাক্রোবেটিক শো প্রদর্শন শেষে মঞ্চে আসেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান। তিনি বলেন, সুস্থ সংস্কৃতির বিকাশে অ্যাক্রোবেটিক প্রদর্শনী ও বিলুপ্তপ্রায় যাত্রাপালা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জেলা সাংস্কৃতিক কর্মকর্তা মো. মোসলেম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমীর এডহক কমিটির সদস্য জেসমিন সুলতানা। কথামালা শেষে মঞ্চে শুরু হয় শহীদ মুনীর চৌধুরী রচিত রক্তাক্ত প্রান্তর নাটক অবলম্বনে তৈরি হওয়া যাত্রাপালা। দর্শকের মধ্যে দ্রোহ ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া রক্তাক্ত প্রান্তর পরিবেশন করে রেপারটরি যাত্রাদল। নির্দেশনায় ছিলেন সুলতান সেলিম।