আধুনিক বাংলা কবিতার বিকাশে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা ধাত্রীর ভূমিকা পালন করেছে। কোনো কোনো আধুনিক কবির দৃষ্টিতে আধুনিকতার অন্য নাম রবীন্দ্রবিরোধিতা হয়ে উঠলেও কবিতা কখনো রবীন্দ্রনাথের আনুকূল্য থেকে বঞ্চিত হয়নি। অশীতিতম জন্মবার্ষিকীতে অর্থাৎ, রবীন্দ্রনাথের শেষ জন্মদিনে কবিতা প্রকাশিত হয়েছিল ‘রবীন্দ্র-সংখ্যা’ হিসেবে। রবীন্দ্রনাথের সমসাময়িক মনীষীদের অসাধারণ রচনায় এই সংখ্যাটি হয়ে উঠেছিল তাঁর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধার স্মারক। ১৯৪১ সালের ৮ মে প্রকাশিত অমূল্য রবীন্দ্র-সংখ্যাটির বিকল্প ফ্যাক্সিমিলি সংস্করণ সম্প্রতি প্রকাশিত হয়েছে দয়মন্তী বসু সিংয়ের উদ্যোগে। ব্যক্তি রবীন্দ্রনাথ ও শিল্পী রবীন্দ্রনাথের আকর্ষণীয় বর্ণনায় ঋদ্ধ এই সংখ্যার লেখক তালিকা ঈর্ষণীয়—অবনীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, ইন্দিরা দেবী চৌধুরাণী, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়, নীহাররঞ্জন রায়, যামিনী রায়, প্রমথনাথ বিশী, অমিয় চক্রবর্তী, অন্নদাশঙ্কর রায়, হুমায়ুন কবির, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু প্রমুখ। একান্ত ব্যক্তিগত স্মৃতিচারণা করেছেন প্রমথ চৌধুরী। কান্তিমান রবীন্দ্রনাথ সম্পর্কে তাঁর উচ্ছ্বাস, ‘আমি এর পূর্ব্বে রবীন্দ্রনাথের মত সুপুরুষ কখনো দেখিনি। তাঁর বর্ণ ছিল গৌর, আকৃতি দীর্ঘ, কেশ আপৃষ্ঠ-লম্বিত ও কৃষ্ণবর্ণ, দেহ বলিষ্ঠ, চর্ম্ম মসৃণ ও চিক্কন, চোখ-নাক অতি সুন্দর। ...তাঁর সর্ব্বাদ ছিল প্রাণে ভরপুর, প্রাণ তাঁর দেহে ও মুখে টগ্বগ্ করত। তিনি ছিলেন একটি জীবন্ত ছবি। রূপের যদি প্রসাদগুণ থাকে ত সে গুণ তাঁর দেহে ছিল।’ ব্রিটিশবিরোধী আন্দোলনে রবীন্দ্রনাথের গান কীভাবে ছাত্রদের উদ্বুদ্ধ করেছিল সে কথা লিখেছেন অতুলচন্দ্র গুপ্ত, ‘রবীন্দ্রনাথের গান কণ্ঠে নিয়ে নির্ভয়ে ফাঁসিকাষ্ঠে উঠতে পারে তার সংখ্যা আমাদের মধ্যে কম ছিল না। যে মোহের অবশেষ মনের মধ্যে আজও আছে।’ এরই ধারাবাহিকতায় আমাদের মুক্তিযুদ্ধও অনুপ্রাণিত হয়েছিল রবীন্দ্রনাথের সৃষ্টিসম্ভারে। ‘বাক্পতি শ্রীরবীন্দ্রনাথ’ প্রবন্ধে সুনীতিকুমার চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথের অলৌকিক প্রতিভা সম্পর্কে বলেছেন, ‘বৈজ্ঞানিক বিশ্বন্ধরত্ব এবং সঙ্গে সঙ্গে রসানুভূতিজাত কল্পনা ও প্রকাশ শক্তির একত্র সমাবেশ, পৃথিবীতে খুব কমই দেখা গিয়েছে। আধুনিক ইউরোপের সাহিত্য ক্ষেত্রে এইরূপ মনের প্রকৃষ্ট পরিচয় আমরা পাই জরমান কবি goethe তে: আমাদের দেশে রস রচয়িতাদের মধ্যে এরূপ সর্বন্ধর বৈজ্ঞানিক মন বোধ হয় এক রবীন্দ্রনাথের মধ্যেই দেখা দিয়েছে।’ রবীন্দ্রনাথের বহুমাত্রিক শৈল্পিক পদচারণের কারণে তাঁর সমাজ ও রাজনীতি চিন্তা প্রায়ই উপেক্ষিত হয়। ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথের রাজনীতি সম্পর্কে যথার্থই মূল্যায়ন করেছেন, ‘রবীন্দ্রনাথের প্রবন্ধাবলী মনোযোগ দিয়ে পড়ে আমার প্রতীতি জন্মেছে যে সাহিত্য, সঙ্গীত, অন্যান্য চারুকলা কিংবা দর্শনের গণ্ডীতে তাঁকে আবদ্ধ রাখা অন্যায়। এতে তাঁর সম্পূর্ণতাকে এবং নিজেদের বিচারবুদ্ধিকে খর্ব্ব করা হয়। সমাজ, রাজনীতি প্রভৃতি কলাবহির্ভূত বিষয় সম্পর্কে রবীন্দ্রনাথের মতামত ভারতবর্ষকে আরো স্পষ্টভাবে জানাবার সময় এসেছে।’ বিশ্বভারতীর সৌজন্যে রবীন্দ্রনাথের অসাধারণ কয়েকটি চিত্রকর্ম সমৃদ্ধ করেছে কবিতার রবীন্দ্র-সংখ্যাকে। যামিনী রায় বিস্ময়ের সঙ্গে বলেছেন, ‘রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ ছবিগুলো দেখে বোঝার উপায় নেই যে তিনি এদিকে নব আগন্তুক মাত্র। তাঁর এই অভিজ্ঞতার অভাব ঢাকা পড়ার একমাত্র ব্যাখ্যা আমি খুঁজে পাই তাঁর কল্পনার অসামান্য ছন্দোময় শক্তিতে। রেখার কথা, রং-এর কথা সবই তিনি আয়ত্ত করেছেন এই কল্পনার শক্তিতেই: অনভিজ্ঞতার ত্রুটি খুঁজতে যাওয়া সেখানে বিড়ম্বনা মাত্র।’ সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করতে গিয়ে পতিসরে ভিন্ন রবীন্দ্রনাথকে চেনার সৌভাগ্য হয়েছিল অন্নদাশঙ্কর রায়ের। তাঁর ভাষায়, ‘চার বছর আগে আত্রাইতে তিনি তাঁর প্রজাদের যে সুখ্যাতি করলেন তা কেবল সেকালের একজন দরদী জমিদারের পক্ষেই সম্ভব। প্রজারা প্রধানত মুসলমান। তাঁকে দেখতে এসে বলে গেল, পয়গম্বরকে আমরা চোখে দেখিনি। আপনাকে দেখছি।’ রবীন্দ্রনাথের গান সম্পর্কে অপূর্ব মূল্যায়ন করেছেন বুদ্ধদেব বসু, ‘রবীন্দ্রনাথের মধ্যে বিরাট কবিপ্রতিভা ও গীতপ্রতিভার যে-অদ্ভুত মিলন হয়েছে, এ মিলনই বোধহয় এর আগে কোনো মানুষে কখনো হয়নি। এত বড়ো কবি গান গেয়েছেন কবে, আর কোন দিগ্বিজয়ী কবিপ্রতিভা গান বাঁধবার নেশায় ক্ষেপেছে! ...গানে তাই রবীন্দ্রনাথ রাজা, এ তাঁর এমন সৃষ্টি যেখানে কোনো প্রতিযোগী নেই। কবিতায়, গল্পে, উপন্যাসে, নাটকে, প্রবন্ধে সমালোচনায় তিনি পৃথিবীর শ্রেষ্ঠ লেখকদের একজন, নানা দিক দিয়ে তাঁর তুল্য অনেকেই; গানে তাঁর মতো কেউ নেই। গান তাঁর সবচেয়ে বড়ো, সবচেয়ে ব্যক্তিগত ও বিশিষ্ট সৃষ্টি; সমগ্র রবীন্দ্র রচনাবলীর মধ্যে গানগুলো সবচেয়ে রাবীন্দ্রিক।’ শুধু নানা রবীন্দ্রনাথের মূল্যায়ন নয়, রবীন্দ্রনাথের সর্বশেষ প্রকাশিত গল্প, কবিতা, প্রবন্ধের সমালোচনার পাশাপাশি তাঁর দুটি অসামান্য প্রবন্ধ ‘সাহিত্য বিচার’ ও ‘সাহিত্যের মূল্য’ ঠাঁই পেয়েছে আলোচ্য রবীন্দ্র-সংখ্যায়। লোকোত্তর পুরুষ রবীন্দ্রনাথের প্রতি কবিতা শ্রদ্ধা নিবেদন করে দেখিয়েছে, তাঁর বিচিত্র জীবন একটি জীবন্ত কাব্য, যা শতদলের মতো ফুটে উঠেছে।