সার্ধশতবর্ষ পূর্তিতে তিন দিনের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা ১৮৬৩ সালের ২২ জুন। নগরে প্রতিষ্ঠিত হয় মিউনিসিপ্যাল কমিটি। প্রতিষ্ঠাকালীন সেই মিউনিসিপ্যাল কমিটি নানা ধাপ পেরিয়ে এখন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরই মধ্যে পার হয়ে গেছে দেড় শ বছর। সার্ধশতবর্ষ পূর্তিতে চসিকের পক্ষ থেকে তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চসিক সূত্র জানায়, ইতিমধ্যে অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে পৃথিবীর বিখ্যাত কয়েকটি শহরের মেয়রদের। পাশাপাশি আমন্ত্রিত অতিথির তালিকায় আছেন বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরাও। সম্মাননা জানানো হবে চসিকের সাবেক তিন জীবিত মেয়রকে। এ ছাড়া সাবেক পৌর মেয়র ও চেয়ারম্যানদের পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছে। চসিকের দেড় শ বছর পূর্তিতে বর্ণিল সাজে সাজবে নগর। সিটি মেয়রের একান্ত সচিব মো. মনজুরুল ইসলাম জানান, অনুষ্ঠান উপলক্ষে নগরের বিভিন্ন স্থানে সড়ক ও সড়কদ্বীপ সংস্কার এবং রং করা হবে। পাশাপাশি করা হবে আলোকসজ্জাও। চসিক সূত্র জানায়, ১৮৬৩ সালের ২২ জুন তৎকালীন মিউনিসিপ্যাল কমিটি যাত্রা শুরু করে। এরপর মিউনিসিপ্যালটি কমিটি পৌরসভায় রূপান্তরিত হয়। ১৯৮২ সালের ২৩ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক আদেশক্রমে চট্টগ্রাম পৌরসভাকে চট্টগ্রাম মিউনিসিপ্যাল করপোরেশনে উন্নীত করা হয়। সর্বশেষ ১৯৯০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের যাত্রা শুরু হয়। তিন দিনের অনুষ্ঠানে রয়েছে ২১ জুন নগরের টাইগার পাস মোড়ে চসিকের ঐতিহ্য স্মারক হিসেবে স্থাপিত লণ্ঠন বা বাতি উদ্বোধন। ওই দিন বিকেলে এম এ আজিজ স্টেডিয়াম থেকে বের হবে শোভাযাত্রা। পরদিন ২২ জুন নগরের পাঁচলাইশ এলাকার একটি কমিউনিটি সেন্টারে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোচনা ও স্মৃতিচারণা অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আলোচনা শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হবে চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য। ২৩ জুন করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মিলনমেলা। সিটি করপোরেশনের বিদায়ী সচিব মো. সামসুদ্দোহা বলেন, ইতিমধ্যে লন্ডন, ওয়াশিংটন, নিউইয়র্ক ও জাপানের কয়েকটি শহরের মেয়রকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কেউ এখনো উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেননি।