সার্ফার জাফরের কৃতিত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রথম সার্ফার জাফর আলম আন্তর্জাতিক সার্ফিং প্রতিযোগিতায় দুটি পুরস্কার পেয়েছেন। আমেরিকার হাওয়াই দ্বীপে গত ২৭ ও ২৮ এপ্রিল অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম দিনের শর্টবোট প্রতিযোগিতায় পঞ্চম এবং দ্বিতীয় দিনের লংবোট প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন তিনি। আন্তর্জাতিক সার্ফিং ক্লাব সার্ফিং দ্য ন্যাশনের সভাপতি টম বাওয়ার জাফরের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। গত সোমবার রাতে হাওয়াই থেকে কক্সবাজার শহরে ফিরে এ প্রতিবেদকের কাছে তিনি তাঁর কৃতিত্বের কথা তুলে ধরেন। জাফর আলম জানান, আগামী ২২ সেপ্টেম্বর কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী সার্ফিং পয়েন্টে দিনব্যাপী আন্তর্জাতিক সার্ফিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের ৩৫ সার্ফার অংশ নেবেন। জাফর আলম জানান, দেশে সার্ফিং জনপ্রিয় করা ও পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারকে বিশ্বের কাছে তুলে ধরাই তাঁর লক্ষ্য। আমেরিকার হাওয়াই দ্বীপের আন্তর্জাতিক সার্ফিং প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি কক্সবাজার সৈকত যে সার্ফিংয়ের উপযুক্ত—সে কথা তুলে ধরেছেন বিদেশি সার্ফারদের।