সার্ফার নাসিমার স্বপ্নপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘‘গরিব ঘরের মেয়ে ছিলাম। সাগরের বালুচর থেকে লেখাপড়া করা সম্ভব হয়নি। কয়েক বছর আগে জাফর ভাইকে (সার্ফার জাফর আলম) সমুদ্রে নামতে দেখে অবাক হলাম। শামুক কুড়াতে কুড়াতে প্রশ্নটা করলাম তাঁকে—‘আমিও সার্ফিং শিখতে চাই, শেখাবেন?’ জাফর ভাই ‘না’ করলেন না। পরদিন থেকে সার্ফিং বাংলাদেশ ক্লাবে যোগ দিলাম। তবে সার্ফার হওয়াটা খুব সহজ ছিল না আমার জন্য।’’ ২২ সেপ্টেম্বর কক্সবাজার সৈকতে আন্তর্জাতিক সার্ফিং প্রতিযোগিতায় ‘বিগেইনার সার্ফিং বিভাগে’ প্রথম হওয়া নাসিমা আকতার (১৪) এভাবে বর্ণনা করলেন তাঁর সার্ফার হওয়ার কাহিনি। ‘চ্যাম্পিয়ন হয়ে মনে পুষে রাখা কষ্ট কিছুটা কমেছে। চার বছরের মধ্যেই সার্ফিং আমাকে বড় সাফল্য এনে দিয়েছে। আমি আরও বড় অর্জনের অপেক্ষায় আছি।’ যোগ করলেন কিশোরী নাসিমা। তিনি কক্সবাজার শহরের কলাতলী গ্রামের দিনমজুর আবদুস সালামের মেয়ে। ট্রফির সঙ্গে নাসিমাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।নাসিমা ভুলতে পারেন না শুরুর সংগ্রামের কথা। ‘শুরু করলাম অনুশীলন। বাধা এলো পরিবার ও সমাজ থেকে। বাবা কড়া ভাষায় বলে দিলেন, সার্ফিং করা যাবে না, লোকজনের এত কথা শুনতে পারব না। মা-ও দিলেন বকা। কিন্তু আমি হাল ছাড়িনি, সিদ্ধান্তে অটল ছিলাম। একসময় বাবা-মা আমাকে ঘর থেকে বের করে দিলেন। আশ্রয় নিলাম জাফর ভাইয়ের বাসায়। এভাবে আজ আমি সার্ফার, স্বপ্নপূরণ হয়েছে আমার।’ বলেন তিনি। চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে সবার সামনে কেঁদে দেন নাসিমা। নাসিমার দেখাদেখি আরও ৪০ জনের বেশি কিশোরী সার্ফিং শিখছে কক্সবাজারে।