সার্ফারের বেশে টাইগাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সমুদ্রে এর আগে অনেকবার নেমেছি কিন্তু সার্ফিং করিনি। ঢেউয়ের ওপরে কসরত করা কঠিন হলেও খুব উপভোগ করছি, দারুণ লাগছে।’ সার্ফিং বোর্ড হতে কক্সবাজারের ইনানি সৈকতের বড় বড় ঢেউয়ের দিকে তাকিয়ে কথাগুলো বলছিলেন মুশফিকুর রহিম।গত ২৯ জুন সকাল ১০টায় কক্সবাজারের ইনানি সৈকতে সার্ফিং করতে হাজির হন টাইগাররা। নিম্নচাপের কারণে উত্তাল ছিল সাগর। বিশাল ফণা তুলে তীরে আছড়ে পড়ছিল এক একটি ঢেউ। সার্ফার জাফর আলমের কাছ থেকে খানিকটা তালিম নিয়ে ঝঞ্ঝা-বিক্ষুব্ধ সাগরে নেমে পড়লেন সবাই। আশরাফুল, মুশফিক, নাফিস, শফিউল, জুনায়েদ, অলকসহ জাতীয় দলের ক্রিকেটাররা যেন মূহুর্তের জন্য পরিণত হলেন সার্ফারে।বিশ্বচ্যাম্পিয়ন ভারত কিংবা অস্ট্রেলিয়ার চেয়েও সমুদ্র অনেক কঠিন প্রতিপক্ষ। এমন প্রতিপক্ষকে জয় করা সহজ নয়। ঢেউয়ের বুকে চেপে জলক্রীড়া দেখাতে হলে জাফর আলমের কাছে আরও বহুদিন তালিম নিতে হবে। এ সহজ সত্যটা জলে নেমেই বুঝতে পারলেন ক্রিকেটাররা। পড়ে গিয়ে ব্যথা পাওয়ার ঘটনাও ঘটেছে। সার্ফিং বোর্ড উল্টে ঠোঁটের নিচে কেটে গেছে পেসার শামসুর রহমানের।তবে ছোটখাটো এসব বাধা-বিপত্তি দমাতে পারেনি ক্রিকেটারদের। কঠিন পরিস্থিতিকে জয় করা এবং শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্যই তো এ অনুশীলন। আশরাফুল জানান, ‘যেকোনো যুদ্ধজয়ের পূর্বশর্ত শারীরিক সক্ষমতা। সার্ফিং ক্রিকেটারদের শারীরিক ভারসাম্য তৈরিতে কাজ েদবে।’বাংলাদেশ ক্রিকেট দলের ট্রেইনার গ্র্যান্ট লুডেন জানান, ‘শতভাগ ফিটনেস থাকলে জটিল পরিস্থিতি মোকাবেলা করা যায় সহজে। তাই এ প্রশিক্ষণ।’ সার্ফিং খেলোয়াড়দের মানসিকভাবেও উজ্জীবিত করবে বলে তিনি জানান। বাংলাদেশ দলের ক্রিকেটারদের কাছে পেয়ে ভীষণ খুশি সার্ফার জাফর আলম। তিনি জানান, কৌশল জানা থাকলে যে কেউ সার্ফার হতে পারে। ভ্রমণে এসে বহু দেশি-বিদেশি পর্যটক তাঁর কাছে সার্ফিং শিখছেন। আশরাফুল-মুশফিকদের সার্ফিং অনুশীলন তাঁদের পারফরমেন্সে ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। মাসব্যাপী কন্ডিশনিং ক্যাম্পের অংশ হিসেবে টাইগাররা গত ২৫ জুন কক্সবাজার পৌঁছেন। পাহাড়ে দৌঁড়ানো, বিচ ফুটবল ও সার্ফিংয়ের মধ্য দিয়ে ৩০ জুন শেষ হয় এ ক্যাম্প। দুই দিন বিশ্রামের পর আজ ৩ জুলাই থেকে ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে জিম্বাবুয়ে সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলের স্কিল ট্রেনিং।