সার্ফিংয়ে ছোটরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্রসৈকতে খুদে সার্ফারদের সঙ্গে প্রশিক্ষক সাইফুল্লাহ সিফাত। ছবিটি গত সোমবার কলাতলী পয়েন্ট থেকে তোলা  l প্রথম আলো
কক্সবাজার সমুদ্রসৈকতে খুদে সার্ফারদের সঙ্গে প্রশিক্ষক সাইফুল্লাহ সিফাত। ছবিটি গত সোমবার কলাতলী পয়েন্ট থেকে তোলা l প্রথম আলো

কলাতলী পয়েন্টের এক কোনায় বালুচরে সার্ফিং বোর্ডে সারিবদ্ধভাবে দাঁড়ানো ১০ জনের দল। বয়স কত হবে—বড়জোর ৮ থেকে ১০। সামনে থাকা প্রশিক্ষক বুঝিয়ে দিচ্ছেন নানা কৌশল। মনোযোগী খুদে শ্রোতারা। বুঝে নিচ্ছে খুঁটিনাটি। এভাবে আধঘণ্টার তাত্ত্বিক পাঠদান শেষে ব্যবহারিক। সমুদ্রের পানিতে ভেসে বেড়ানোর চেষ্টা। কখনো পড়ে যাচ্ছে পানিতে। আবার বোর্ডে উঠে দাঁড়ানোর চেষ্টা। তাদের সাহায্য করছে বড়রা। গত সোমবার কক্সবাজার সমুদ্রসৈকতে চলছিল খুদে সার্ফারদের প্রশিক্ষণ।
ছোট্ট বোর্ড নিয়ে সাগরে ভেসে থাকা তো চাট্টিখানি কথা নয়। তাই বলে বসে থাকাও কেন? ‘বড়রা পারলে তোমরাও পারবে’—তাদের মনে এই মন্ত্র বাজিয়ে দিয়েছেন প্রশিক্ষক ও সার্ফার রাশেদ আলম। তিনি কক্সবাজার লাইফ সেভিং অ্যান্ড সার্ফিং ক্লাবের সভাপতি। তাঁর ক্লাবের সদস্য সংখ্যা ৫০ জন। এর মধ্যে ৫০ জন ছেলে ও ৮ জন মেয়ে। ছেলেমেয়েদের অধিকাংশের বয়স ৮ থেকে ১২ বছর।
খুদে সার্ফারদের একজন শহরের ঘোনাপাড়ার বাসিন্দা ফরিদ আলম। সে ২৫ দিন ধরে সার্ফিং শিখছে। ফরিদ আলম (১০) জানায়, তার বাবা শহরে রিকশা চালায়। আর সে সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের কাছে কখনো বাদাম, কখনো ঝিনুক পণ্য বিক্রি করে। তার সামান্য আয়ও সংসারের খরচে যোগ হয়।
সার্ফিংয়ে আসার কারণ জানতে চাইলে ফরিদ জানায়, টেলিভিশন চ্যানেলে বিদেশিদের সার্ফিং করতে দেখে তারও ইচ্ছা জাগে সার্ফার হওয়ার। এরপর সার্ফিং ক্লাবে যোগ দেয়। এখন বিনা মূল্যে সার্ফিং শিখছে।
আরেক শিশু আবদুল মালেক (১১) বলে, ‘সার্ফিং শিখতে সাহস লাগে, সাঁতারও জানতে হয়। নইলে ঢেউয়ের ওপর দাঁড়ানো যায় না। গত চার মাসে একটু একটু করে দুটোই রপ্ত করছি।’
কলাতলী সৈকতের দক্ষিণ পাশে আরও কিছু শিশু-কিশোরকে সার্ফিং শেখাচ্ছেন সার্ফার ও প্রশিক্ষক মো. সাইফুল্লাহ সিফাত। তিনি ওয়েভ ফাইটার সার্ফ ক্লাবের সভাপতি। এই ক্লাবের সদস্য সংখ্যা ৪৭ জন। এর মধ্যে মেয়ে তিনজন। সদস্যদের অধিকাংশের বয়স ৯ থেকে ১৩ বছর।
সার্ফার সাইফুল্লাহ সিফাত প্রথম আলোকে বলেন, সার্ফিং বিশ্বব্যাপী জনপ্রিয় খেলা হলেও বাংলাদেশে তার প্রসার ঘটেনি। যারা কঠোর পরিশ্রম করে সার্ফিং শিখছে তারা সার্ফিংকে পেশা বা জীবিকা নির্বাহের অবলম্বন হিসেবে নিতে পারছে না। ফলে সার্ফিং বাদ দিয়ে অন্য পেশায় চলে যেতে হচ্ছে। তাই ক্লাবের সদস্য পদে নতুনদের ঠাঁই দিতে হচ্ছে।
সার্ফাররা জানান, কক্সবাজার সৈকতে গত সাত বছরে সার্ফিং প্রশিক্ষণ নিয়েছেন অন্তত পাঁচ হাজার বিদেশি নারী-পুরুষ।
রাশেদ আলম (২৮) জানান, তিনিও এই সৈকতে সার্ফিং শিখেছেন। ইতিমধ্যে তিনি আমেরিকা, ইংল্যান্ড ও মালয়েশিয়ার সৈকতে গিয়ে সার্ফিং প্রশিক্ষণ নিয়েছেন। অংশ নেন আন্তর্জাতিক নানা সার্ফিং প্রতিযোগিতায়ও। কিন্তু সার্ফিং শেখার মতো নিরাপদ এবং উপযুক্ত স্থান হচ্ছে বালুকাময় কক্সবাজার সমুদ্রসৈকত। পৃথিবীর অন্যান্য সৈকতের মতো এখানে প্রবাল পাথরের আস্তর নেই। নেই হাঙরসহ হিংস্র প্রাণীর বিচরণ।
সৈকতে নিয়মিত সার্ফিং করতে আসে শহরের মুজিবনগর এলাকার বাসিন্দা দুই বোন রিফা আকতার (১২) ও আয়েশা আকতার (১০)। সার্ফিংয়ের পাশাপাশি দুই বোন লেখাপড়া ও সৈকতে ঝিনুকপণ্য বিক্রি করে।
রিফা আকতার বলে, ‘চার বছর ধরে সার্ফিং শিখছি। এখনো পুরোপুরি রপ্ত করতে পারিনি। গভীর সাগরে গিয়ে সার্ফিং করতে সমস্যা হয়। সার্ফিংয়ের পাশাপাশি লাইফগার্ড প্রশিক্ষণও নিচ্ছি। এই প্রশিক্ষণ থাকলে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটকদের দ্রুত উদ্ধার করা যাবে।’
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান বলেন, সার্ফিং প্রশিক্ষণ নেওয়া ছেলেমেয়েদের বিভিন্ন হোটেল-মোটেলে খণ্ডকালীন চাকরির ব্যবস্থা করা যেতে পারে। তখন তারা চাকরির পাশাপাশি সার্ফিংকেও ধরে রাখতে পারবে।