সার্ফিংয়ের 'বিস্ময়' ছোট্ট ফাতেমা

বছর দশেকের ফাতেমা আক্তার। সমুদ্র পারে জন্ম হলেও ঢেউয়ের গর্জন শুনলে ভয় পেত সে। মা-বাবাও পারতপক্ষে মেয়েকে পানির কাছে নিতে চাইতেন না। আর এখন পানির সঙ্গে তার সখ্য! দিনের বেশির ভাগ সময় কাটে সমুদ্রে। লোনা পানিতে সার্ফিং করে বেড়ায় সে। এখানেই শেষ নয় তার কাহিনি, ফেব্রুয়ারিতে কক্সবাজার সৈকতে অনুষ্ঠিত জাতীয় সার্ফিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ফাতেমা।
গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে প্রথম জাতীয় ক্লাব কাপ সার্ফিং টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় বয়সে বড় ও প্রশিক্ষিত মেয়েদের টপকিয়ে নারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয় এই ছোট্ট ফাতেমা। সার্ফিং প্রতিযোগিতায় এটাই তার প্রথম অংশগ্রহণ, তাতেই চ্যাম্পিয়ন। সবার চোখে এখন সে সার্ফিংয়ের ‘বিস্ময়’। ফাতেমারও ইচ্ছা সার্ফিংয়ে নিয়ে আরও এগিয়ে যাওয়ার।
ফাতেমাদের বাড়ি দ্বীপ উপজেলা মহেশখালীতে। জীবিকার তাগিদে বাবা ফকির আহমদ পরিবার নিয়ে চলে এসেছেন কক্সবাজার শহরে। এখন থাকছে শহরতলীর কলাতলী গ্রামে। কলাতলী সৈকতের একটি হোটেলের পাশে পান দোকান করে সংসার চালান বাবা। চার সন্তানের মধ্যে ফাতেমা আক্তার তৃতীয়। পড়ছে প্রথম শ্রেণিতে।
ফাতেমার সার্ফিংয়ের হাতেখড়ি ২০১৬ সালের মে মাসে। সমুদ্র সৈকতের কলাতলীর ওয়েব ফাইটার সার্ফিং ক্লাবের মাধ্যমে সে পানিতে নামে। ভয় কাটিয়ে শুরু থেকেই সফলতার স্বাক্ষর রেখে চলছে সে।
ওই ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক ও সার্ফার সাইফুল্লাহ সিফাত শোনালেন ফাতেমাকে সার্ফিংয়ে নিয়ে আসার গল্প। তিনি বলেন, কক্সবাজার সমুদ্রসৈকতে যে মেয়েরা সার্ফিং করে তাদের অধিকাংশই সৈকতের ভ্রাম্যমাণ হকার। শামুক–ঝিনুক দিয়ে তৈরি রকমারি পণ্য ভ্রমণে আসা পর্যটকেদের কাছে বিক্রি করাই তাদের মূল কাজ। পড়াশোনা করে না, সবাই গরিব ঘরের সন্তান। সংসারের হাল টানতে ফেরি করে তারা। এদের কেউ কেউ সার্ফিংয়ে এলেও অভাবের কারণে স্থায়ী হতে পারে না। তবে ফাতেমা এ ক্ষেত্রে ব্যতিক্রম। তাকে স্কুল থেকে সরাসরি সার্ফিংয়ে নিয়ে আসা হয়েছে। সে পড়াশোনার পর বাকি সময়টুকু সার্ফিং শিখছে।
সাইফুল্লাহ সিফাত আরও জানান, শুরুর দিকে সমুদ্রের পানিকে খুব বেশি ভয় পেত ফাতেমা। সম্ভবত এ কারণে সে সার্ফিং শেখার প্রস্তাব বারবার নাকচ করে আসছিল। বোঝানোর পর ফাতেমাকে সার্ফিংয়ে রাজি করানো হয়। প্রথমবার সমুদ্রে নেমে ঢেউয়ের ধাক্কা খেয়ে কান্না জুড়ে দেয়। এরপর ধীরে ধীরে অন্য মেয়ে সার্ফারদের পেছনে ফেলে এগিয়ে যায়। এখন মেয়েদের মধ্যে অন্য রকম সার্ফার হিসেবে স্বীকৃতি পাচ্ছে ফাতেমা। বিশাল সমুদ্র যেন ছোট্ট ফাতেমাকে আটকে রাখতে পারছে না। ফাতেমার অদম্য ইচ্ছাশক্তি নিয়মিত জয় করে চলছে সমুদ্রের উত্তাল ঢেউ।

ফাতেমা বলে, ‘সিফাত স্যারের প্রস্তাব পেয়ে প্রথমে নাকচ করেছিলাম। কিন্তু একপর্যায়ে নাসিমা আপার (বাংলাদেশের প্রথম নারী সার্ফার) গল্প শুনেই সার্ফিংয়ে অনুপ্রাণিত হই। এখন আমি পানিতে সার্ফিং বোর্ড নিয়ে ঘুরে বেড়াতেই মজা পাই।’
ফাতেমা আরও যোগ করে, ‘গত বছর বিদেশি নারী সার্ফারদের সমুদ্রসৈকতে সার্ফিং করতে দেখেছি। তখন আরও উৎসাহ পাই।’
তবে মেয়ে সার্ফারদের নিয়ে আক্ষেপও আছে সাইফুল্লাহ সিফাতদের। সার্ফার হিসেবে তৈরি হওয়ার পর নানা বাধায় আর এগোতে পারে না। কারণ, বাংলাদেশের প্রথম সার্ফার নাসিমা সংসার জীবনে ঢুকে এখন আর সার্ফিং করেন না। সম্ভাবনা থাকা সত্ত্বেও নাসিমা পরাস্ত হয়েছেন পারিবারিক বাধার কাছে। সাইফুল্লাহ সিফাত বলেন, ফাতেমার মতো তার অবস্থা কিছুতেই যেন নাসিমার মতো না হয়। ভবিষ্যতে সে ভালো সার্ফার হয়ে আরও মেয়েদের সার্ফিংয়ে নিয়ে আসবে। মেয়েদের সার্ফিং প্রশিক্ষণের আলাদা ক্লাব গড়ে তুলবে। বর্তমানে সে ‘ওয়েব ফাইটার সার্ফিং ক্লাবে’ নারী সার্ফারদের পরামর্শক হিসেবে কাজ করছে। এই ক্লাবে মেয়ে সার্ফার আছে পাঁচজন।
তিনি আরও জানান, সার্ফিং শেখা ব্যয়বহুল। একটি ভালো সার্ফিং বোর্ড কিনতে লাগে ৫০ থেকে ৭০ হাজার টাকা। এখন ফাতেমারা সার্ফিং করছে লাইফ বোর্ড দিয়ে। এগুলোও ২০ থেকে ২৫ হাজার টাকা দামের। বিদেশি সার্ফার কক্সবাজারে এলে ফিরে যাওয়ার সময় তাঁদের বোর্ডগুলো ক্লাবে দিয়ে যান। সরকারিভাবে পৃষ্ঠপোষকতা না পেলে টিকে থাকা কষ্টসাধ্য।
ফাতেমার বাবা ফকির আহমদ বলেন, সার্ফিংয়ের প্রতি আগ্রহটা যেন বেড়ে চলেছে মেয়ের। বাবা হিসেবে যেটুকু সহযোগিতা দরকার, তাই করে চলেছেন তিনি। কিন্তু তাকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে হলে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা দরকার। আর এই সহযোগিতা না পেলে ফাতেমার ইচ্ছাও পূরণ হবে না। তখন তার অবস্থাও নাসিমার মতো হতে পারে।
ফাতেমা এখন কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ছে (আগে মাদ্রাসায় পড়েছিল)। পাশাপাশি চলছে সার্ফিং।
ফাতেমা জানায়, সার্ফিং পুরোপুরি রপ্ত করতে আরও এক বছর লাগবে। এ ক্ষেত্রে লেখাপড়াতে কোনো সমস্যা হচ্ছে না।
কিন্তু ফতেমার মনের মধ্যেও সেই নাসিমার ভয়। সার্ফিং রপ্ত করার পর অবস্থা কী দাঁড়াবে? সার্ফিং বিশ্বব্যাপী জনপ্রিয় খেলা হলেও বাংলাদেশে তো এখনো টিকে থাকার ক্ষেত্র তৈরি হয়নি।