চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ততা বাড়ছে জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তাদের। তবে নির্বাচন ঘনিয়ে এলেও এখনো চট্টগ্রাম থেকে ভোটার পরিচয়পত্র সংশোধন, নতুন কার্ড তোলাসহ বিভিন্ন কাজ করা যাচ্ছে না। সার্ভার স্টেশন চালু না হওয়ায় এসব কাজের জন্য এখনো ঢাকার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ভোটার পরিচয়পত্র সংশোধন ও হারানো পরিচয়পত্র নতুন করে পেতে অনেকে ধরনা দিচ্ছেন জেলা নির্বাচন কার্যালয়ে। কিন্তু এসব কাজ ঢাকা ছাড়া হবে না বলে কর্মকর্তারা জানিয়ে দিচ্ছেন। এ নিয়ে অনেকে জড়িয়ে পড়ছেন বাগ্বিতণ্ডায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আমাদের এখানে এসে অনেকে ঝগড়া লাগিয়ে দিচ্ছেন। তাঁদের দাবি, এখান থেকেই সংশোধনকাজ হবে। তাঁদের বোঝানো যাচ্ছে না। করপোরেশনের নির্বাচন উপলক্ষে সংশোধনের জন্য এখন স্বাভাবিকের চেয়ে লোকজন বেশি আসছেন।’
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ভুল সংশোধন, নতুন পরিচয়পত্র ইস্যু কিংবা হারানো কার্ড ফেরতসহ যাবতীয় আবেদনপত্র গ্রহণ করে জেলা কার্যালয়। এরপর তা ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে কোনোটি দুই মাস, কোনোটি ছয় মাস পর ফেরত আসছে। তবে নতুন পরিচয়পত্র পেতে এক বছরের বেশি সময় লাগছে বলে জানা গেছে।
আসমা ইউসুফ নামের এক নারী ভুল সংশোধনের জন্য জেলা কার্যালয়ে গেলে তাঁকে ঢাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সেটাও অনেক দেরি হবে বলে জানানো হয়। পরে তিনি সেখানে সংশোধনের আবেদন করেন। আসমা ইউসুফ বলেন, ‘আমার পরিচয়পত্রে স্বামীর নাম আবু ইউসুফের স্থলে আসে আবু হানিফ। এই পরিচয়পত্র আমি কোনো জায়গায় নথি কিংবা প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারছিলাম না। পরে এক কর্মকর্তার মাধ্যমে আবেদন করি এবং জরুরিভিত্তিতে ঢাকা থেকে নিয়ে আসি।’
জানতে চাইলে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, ‘আমরা এখানে সংশোধনসহ বিভিন্ন আবেদন জমা নিচ্ছি। পরে তা ঢাকা থেকে সংশোধন হয়ে আসছে। এ ছাড়া অনলাইনেও আবেদন করা যাচ্ছে। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে সংশোধনের ব্যবস্থা হয়নি। সার্ভার স্টেশন চালু হলে তখন এই কাজ হয়তো বা এখান থেকে হতে পারে।’ পর্যায়ক্রমে সব জেলায় সার্ভার স্টেশন হবে বলে তিনি জানান।
জানা গেছে, জনবল ও যন্ত্রপাতির অভাবে চট্টগ্রামে এখনো পর্যন্ত সার্ভার স্টেশন কাজ করতে পারছে না। প্রয়োজনীয় জনবল নিয়োগ দিলে তখন এখান থেকে পরিচয়পত্র–সংক্রান্ত যাবতীয় কাজ করা যাবে বলে কর্মকর্তারা জানান।
নির্বাচন নিয়ে ব্যস্ততা: সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তৎপরতা শুরু হয়েছে। প্রাথমিকভাবে সম্ভাব্য কেন্দ্রের তালিকা তৈরি, কর্মকর্তাদের খসড়া তালিকা প্রস্তুতসহ ভোটার তালিকা যাচাই–বাছাইয়ের কাজ চলছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে কেন্দ্র করে এখন কিছুটা ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তারা।
জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা জানান, নির্বাচনে প্রায় ২০ হাজার নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দিতে হবে। এ ছাড়া প্রতিটি ওয়ার্ডের ভোটার তালিকা যাচাই–বাছাই কাজও এগিয়ে চলছে। দ্বৈত ভোটার রোধ, পুরুষের তালিকায় নারীর ছবি না থাকা, এক কেন্দ্রের ভোট অন্য কেন্দ্রের তালিকায় না ঢোকাসহ যাবতীয় কাজ করা হচ্ছে। হালনাগাদের পর চট্টগ্রাম মহানগরে এখন মোট ভোটার ১৮ লাখ ৪৮ হাজার ৫৮৩ জন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা এখনই কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটার যাচাই–বাছাই, কর্মকর্তা ও কেন্দ্রের সম্ভাব্য একটি তালিকা তৈরির কাজ করে যাচ্ছি। যতই দিন যাবে, ততই আরও কাজ বাড়বে। নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি রয়েছে।’