সালমার সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উম্মে সালমা
উম্মে সালমা

সংসারে অভাব, তার ওপর বাবার মৃত্যু। অসহায় হয়ে পড়ে সালমার পরিবার। কিন্তু পাঁচ বোনের মধ্যে চতুর্থ এই বোনটি লেখাপড়ায় বেশ ভালো। নানা প্রতিকূলতার মধ্যেও হাল ছাড়েননি উম্মে সালমা। প্রাথমিক বিদ্যালয় পেরিয়ে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় হঠাৎ করেই বাবা আবদুল হামিদ মারা যান। অভাব-অনটনের মধ্যে থেকে ২০০৮ সালে বগুড়ার সোনামুখী উচ্চবিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল করে সবাইকে তাক লাগিয়ে দেন। বিজ্ঞান বিভাগ থেকে সালমা জিপিএ-৫ পান। মেয়ের ভালো ফলাফলে খুশি হলেও লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়ার দুশ্চিন্তা গ্রাস করে মা ও মেয়েকে।
অদম্য মেধাবী উম্মে সালমাকে নিয়ে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হলে তাঁর পাশে দাঁড়ায় ব্র্যাক ব্যাংক–প্রথম আলো অদম্য মেধাবী তহবিল। আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজ থেকে ২০১০ সালে বাণিজ্য বিভাগে আবারও জিপিএ-৫ পান তিনি। এরপর সালমা বগুড়া নার্সিং ইনস্টিটিউটে নার্সিংয়ে ভর্তি হন। ব্র্যাক ব্যাংক–প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল আবারও সহায়তার হাত বাড়িয়ে দেয়। গত বছর পড়াশোনা শেষ করে বগুড়ার বেসরকারি ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড মেডিকেল টেকনোলজিতে নার্স বিভাগের ইনস্টাকটর হিসেবে যোগ দিয়েছেন।
পাশাপাশি বগুড়ার আজিজুল হক কলেজ থেকে এবার স্নাতক (পাস) পরীক্ষা দিচ্ছেন। তাঁর ইচ্ছা স্নাতকোত্তর পাস করার। তবে মানুষের সেবাই করে যেতে চান তিনি।
মেয়ের এই সাফল্যে মা আনোয়ারা বেগম খুশি। তিনি বলেন, সালমার মতো অন্য চার মেয়েকে লেখাপড়া করাতে পারলে আরও ভালো লাগত। এখন বুঝতে পারছি শিক্ষিত মেয়েরা সংসারের আশীর্বাদ। তিনি মেয়ের এই সাফল্যের পেছনে প্রথম আলোর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উম্মে সালমা বলেন, ‘ভালো ফলাফল করে লেখাপড়া চালিয়ে যাওয়া নিয়ে শঙ্কায় ছিলাম। প্রথম আলো ট্রাস্টের আর্থিক সাহায্য না পেলে আমার এত দূর আসা হয়তো সম্ভব হতো না। আমি ও আমার পরিবার প্রথম আলোর প্রতি কৃতজ্ঞ।’