সালামি আদায় করার জন্য সবাইকে খুঁজে বেড়াতাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেবারে ছোটবেলার ঈদগুলো ছিল অন্যরকম। সেই সব ঈদগুলোর ছিল নিজস্ব ঘ্রাণ-নিজস্ব রং-উজ্জ্বল, অথচ চাকচিক্যবিহীন-বছরের পর বছর একই রকম একঘেঁয়ে, অথচ তারপরও অদ্ভুত প্রাণময়! আমার আব্বুর বাড়ি প্রীতির কারণে বছরের দুই ঈদসহ সাকল্যে তিন/চারবার বাড়ি যাওয়া হতো। বিবাড়িয়ার প্রত্যন্ত গ্রামে ছিল আমাদের বাড়ি। রাস্তাঘাট খুব একটা সুবিধাজনক ছিল না, বাসগুলোও ছিল মুড়ির টিন মার্কা। আমাদের তিন ভাই বোনের ছিল কুম্ভকর্ণের ঘুম-টেনে পিটিয়েও তোলা যেতো না।

আম্মার টানাটানিতে বিরক্ত হয়ে, ভোর ৪টা থেকে ডাকলে ৫/ ৫.৩০ টায় উঠে আলো-অন্ধকারের ভোরে ঘুমঘুম চোখে তৈরি হতাম। ৬ টা নাগাদ আম্মার শাড়ি পরা উজ্জ্বল মুখ, আমাদের ভাই-আব্বুর হাত দুরন্ত আমি ছুটে ছুটে বাড়ির দিকে রওনা হতাম। রিকশা, বাস, আবার লক্কড় ঝক্কর আরেক বাস, সবশেষে ভ্যানগাড়ি-সব কিছু ডিঙিয়ে বিকেলের একটু আগে বাড়িতে এসে পৌছাতাম। আমরা বাড়ি পৌঁছার সঙ্গে সঙ্গে ব্যাপক হইচই শুরু হয়ে যেত। কেউ হাচড়ে-পাচড়ে ডাবগাছে উঠে একগাদা ডাব পেড়ে আনতো, কেউ দৌড়ে গিয়ে টিউবওয়েলের ঠান্ডা ঠাণ্ডা পানি এনে দিত হাত মুখ ধোয়ার জন্য। ছোটখাটো একটা ভিড় জমে যেত। সাধ্য অনুযায়ী বাবা গ্রামের মানুষ দের জন্য লুঙ্গি-পাঞ্জাবি আর নতুন কাপড় নিয়ে যেতেন। সেগুলো পেয়ে তারাও অনেক খুশি হতো।

ঈদের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে এলাকায় হইহল্লা লেগে যেত। উঠানের মধ্যে চাচি-খালারা পিঠা বানানোর নানান রকম পসরা সাজিয়ে বসত। মাঝে মাঝে আমিও বসে যেতাম সাহায্য করার জন্য। মনের মধ্যে অন্যরকম এক ভাললাগা কাজ করত। সেই সব রাতে চাঁদের আলোয় উঠান ভেসে যেত। আমার মতো উচ্চমাত্রার কল্পনা প্রবণ শিশুদের দল পরি আর জিন ভূতের কল্পিত চেহারা উঠোনের কোণে কোণে দেখতে পেয়ে শিউরে শিউরে উঠতাম। দাওয়ার সামনে বড় উঠানে বাড়ির সব বাচ্চাকাচ্চারা মিলে কত নাম না জানা খেলা খেলতাম। কুপির আলোয় রান্না হতো-তারপর হ্যারিকেনের মায়াবী আলোয় দল বেধে খাওয়া দাওয়া। নানাবাড়ি গেলে পাটি পেতে উঠানে বসতো গল্পের আসর। কখনো কখনো আমরা শহুরে শিশুরা নেচে গেয়ে, ছড়াগান, কবিতা পড়ে, অসীম প্রতিভা প্রদর্শন শেষে ক্লান্ত হয়ে কখন যেন ঘুমিয়ে কাদা হয়ে যেতাম! তারপর এক ঘুমে রাত কাভার!

ভোরে কি এক উত্তেজনায়, অচেনা শব্দে অপরিচিত ম্লান আলোয় তাড়াতাড়ি ঘুম ভাঙত। ঘুম ঘুম চোখে কয়লা দিয়ে দাঁত মাজতে যেতাম কলের পাড়। আব্বুর সঙ্গে পুকুরে নেমে সাঁতার শেখার তালিম নিতাম কোনো কোনো ঈদের সকালে। সকাল সকাল সেমাই পায়েস খেয়ে নতুন পাঞ্জাবি পরে আব্বুর পেছনে পেছনে ঈদগাহে দিতাম দৌড়। নামাজ শেষ হতেই আব্বু আমাদের হাতে খুচরো পয়সা দিতেন, বিলোনোর জন্য-বিলাতাম ঠিকই-অথচ সেই সব মুহূর্তে আমার নিজেরই টিনের থালা হাতে ভিখিরি হয়ে যেতে ইচ্ছে করত।

নামাজ শেষে বাড়িতে এসে সালাম করে সালামি আদায় করার জন্য সবাইকে খুঁজে বেড়াতাম। তারপর মায়ের রান্না করা ছটপটি, পিঠে খেয়ে উৎসবে মেতে উঠতাম। ছোট ছিলাম বলে অনেকেই আমাকে কোলে নিইয়েই কোলাকুলি করত। বড়রা নতুন নোট পকেটে গুজে দিতেন। তারপর সঙ্গে করে নিয়ে যেত আশপাশের আত্মীয় বাড়িদের। যেখানেই যাই খাবার না খেয়ে যেন ওঠাই যাবে না।

এ তো গেল খাওয়া দাওয়ার কথা-হই হুল্লোড়, চালে, ডালে চড়ুইভাতি, মাছ ধরা, পুকুরময় দাপাদাপি, দিনমান দৌড় ঝাঁপ, বেহিসাবি রাত দিনের অবাধ স্বাধীনতা-কি সব রূপকথা দিন-কি ছিল না সেই সব ঈদে? সেসব লিখতে গেলে পাতা শেষ হয়ে যাবে।

ছোট বেলার ঈদকে অনেক মিস করি। ঈদে এখন আনন্দ হয় না যে তা না, কিন্তু সেই সব দিনগুলি ভেতর আলাদা নাড়া দেয়। খুব ইচ্ছে করে ছোটবেলায় ফিরে যেতে।

সবাইকে ঈদ মোবারক