
রমজানের শুরু থেকেই ঈদের কেনাকাটা করেন তাসকিন অাহমেদ। তবে এবারের চিত্রটা একটু আলাদাই হবে সদ্য অভিষেক হওয়া জাতীয় ক্রিকেট দলের এই সদস্যের। কারণ, রমজানের সময় দলের সঙ্গে প্রশিক্ষণে থাকবেন। এর মধ্যে সময় করে ঈদের কেনাকাটা সেরে নেবেন।
বাবার সঙ্গেই কেনাকাটায় যাবেন। এ ছাড়া টুকটাক কেনাকাটা সারবেন বন্ধুদের নিয়ে। তিনি বলেন, ‘দুই বছর ধরে নিজের ছোট দুই বোনকে আবার সালামি দিতে হচ্ছে। তবে এখনো আব্বু-আম্মুর কাছ থেকে সালামি পাই। আর এই সালামিটা সব সময়ই নিতে চাই।’
ঈদের সকাল শুরু হয় বাবা, চাচা আর চাচাতো ভাইদের সঙ্গে মোহাম্মদপুরে ঈদের নামাজ পড়ে। ঈদে অভিজাত স্টাইলে কারুকাজ করা কালো বা গাঢ় নীল পাঞ্জাবি পরতে পারেন বলে জানালেন। সঙ্গে মিলিয়ে চোস্ত পায়জামা আর পায়ে থাকবে স্যান্ডেল। মাঝেমধ্যে ঘড়ি পরতে ভালোবাসেন। ঈদে বন্ধু বা পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে গেলে পাঞ্জাবি ছাড়াও উজ্জ্বল রঙের টি-শার্ট পরেন।
হাসান ইমাম