কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপিকে চকরিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পৌরসভা নির্বাচনে দলের মনোনীত মেয়র পদপ্রার্থী জাফর আলমের পরাজয়ের জন্য ষড়যন্ত্র করার অভিযোগে দলীয় এক সভায় এ ঘোষণা দেন জাফর আলম। ৩০ জানুয়ারি বিকেলে স্থানীয় একটি সামাজিক কেন্দ্রের (কমিউনিটি সেন্টার) মাঠে জাফর আলমের পরাজয়ের কারণ জানানোর জন্য ওই সভা ডাকা হয়। সভায় জানানো হয়, সালাউদ্দিনসহ যেসব নেতা জাফরের বিরোধিতা করেছেন তাঁদেরও চিহ্নিত করা হয়েছে।পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মঞ্জুর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, পৌর নির্বাচনে দলের মেয়র পদপ্রার্থী জাফর আলম, কাউন্সিলর ছৈয়দ আলম ও বশিরুল আইয়ুব, পৌর যুবলীগের আহ্বায়ক জাহেদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হায়দার আলী ও সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন প্রমুখ। সালাহউদ্দিন আহমদ তাঁর বিরুদ্ধে আনা ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে নির্বাচনে জাফর আলমের পক্ষে কাজ করার অভিযোগে পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এস এম মঞ্জুর হোসাইন চৌধুরীর ওপর হামলা চালিয়েছে (গত ২৮ জানুয়ারি) দলের বিদ্রোহী প্রার্থী ফজলুল করিম সাঈদী ও তাঁর সমর্থকেরা। এ ঘটনায় সাঈদীকে প্রধান আসামি করে আট থেকে ১০ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা হয়েছে। এভাবে হামলা ও মামলার মাধ্যমে দলের মধ্যে বিভক্তি ও সহিংসতা রূপ নেবে বলে আশঙ্কা করলেন সংশ্লিষ্ট নেতা-কর্মীরা।৩০ জানুয়ারির সভায় জাফর আলম অভিযোগ করে বলেন, ‘সালাহউদ্দিন আহমদ সিআইপির ষড়যন্ত্র ও বিরোধিতার কারণে আমার পরাজয় হয়েছে। তিনি আমার বিরুদ্ধে দলের তিন নেতাকে নির্বাচনে দাঁড় করিয়েছেন। নির্বাচনের আগের দিন বিভিন্ন এলাকার দলীয় নেতা-কর্মী ও ভোটারদের আমাকে ভোট না দেওয়ার জন্য বলে দিয়েছেন। তাই আজ থেকে তাঁকে চকরিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তাঁকে যেখানে পাওয়া যাবে, সেখানে প্রতিরোধ করা হবে।’আমজাদ হোসেন বলেন, ‘সালাহউদ্দিনসহ কিছু কুচক্রীমহলের ষড়যন্ত্রের কারণে আমাদের প্রার্থীর পরাজয় হয়েছে।’এদিকে জানা গেছে, গত ২৮ জানুয়ারি সন্ধ্যায় জাফর আলমের সমর্থকেরা উপজেলার ফাঁসিয়াখালীর ভেন্ডিবাজারে সালাহউদ্দিনের ওপর হামলা করার জন্য জড়ো হয়েছিলেন। এ সময় কয়েক শ লোক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন। তাঁরা আট থেকে ১০টি যানবাহন ভাঙচুর করেন। এতে অন্তত ১৫-১৬ জন যাত্রী ও সাধারণ পথচারী আহত হন। প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে জাফরের সমর্থকেরা পৌঁছার আগেই সালাহউদ্দিন ওই এলাকা ত্যাগ করেন।আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, দীর্ঘদিন ধরে চকরিয়ায় দলীয় কোনো কর্মকাণ্ড নেই। প্রায় ১০ বছর ধরে পৌর আওয়ামী লীগ চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। একই অবস্থা উপজেলা আওয়ামী লীগেরও। এ অবস্থায় সাংগঠনিক শক্তির অভাবে নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয় হয়েছে বলে মনে করেন নেতা-কর্মীরা।কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, সালাহউদ্দিন আহমদ জাতীয় নির্বাচনে বারবার হেরেছেন। আর এর পেছনে দলের দুর্বলতাই দায়ী—তা প্রমাণ করার জন্য তিনি পৌর নির্বাচনে দলীয় প্রার্থীদের হারানোর চেষ্টা চালিয়েছেন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘নির্বাচনে পরাজিত হয়ে এমন অভিযোগ যে কেউ করতে পারে।’প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জাফর আলম বিএনপির প্রার্থী নুরুল ইসলাম হায়দরের কাছে এক হাজার ১৬৮ ভোটের ব্যবধানে পরাজিত হন।