ঈদ এলেই বুটিক হাউসগুলো নিয়ে আসে বাহারি নকশার নতুন পোশাকের সম্ভার। এবারও তার ব্যতিক্রম হয়নি, এসেছে বৈচিত্র্যময় ফ্যাশনের নতুন পোশাক। তবে এবার সালোয়ার-কামিজ ও পাঞ্জাবিতে নতুনত্ব দেখা যাচ্ছে। সালোয়ার-কামিজে চলছে লং এ-লাইন কাট আবার ঘেরটা একটু বেশি, সঙ্গে থাকছে প্যান্টকাট ও চুড়িদার সালোয়ার। ছেলেদের পাঞ্জাবির ক্ষেত্রে দেখা যাচ্ছে লং পাঞ্জাবিতে ঘেরটা একটু কম আর শর্ট পাঞ্জাবিতে বেশি ঘের। আর হালকা মোটিফে ইয়োকলাইনের হালকা কাজই প্রাধান্য পেয়েছে। তবে একই সঙ্গে এখন সালোয়ার কামিজ ও পাঞ্জাবিতে লং ও শর্ট দুটোই চলছে।এ বিষয়ে কথা হয় ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ‘ট্রেন্ড যা-ই আসুক, সেটা আমার সঙ্গে মানাচ্ছে কি না বিষয়টা ভাবতে হবে। লং কাটের সালোয়ার-কামিজ লম্বা স্লিম মেয়েদের বেশি ভালো লাগে। কিন্তু মোটা একটু খাটো মেয়েদের কিন্তু লং এবং ঢিলেঢালা কামিজ ভালো লাগবে না এতে তাঁকে আরও খাটো ও মোটা দেখাবে। সে ক্ষেত্রে মিডিয়াম কাটটাই ভালো লাগবে। মোট কথা নিজের সঙ্গে মানানসই পোশাকটা বাছাই করাই তো স্টাইল আর এসব বিষয়ে ফ্যাশন হাউসগুলো বিশেষ সহযোগিতা করে থাকে।’রওশন আরা জানান, এবার যেহেতু লং কামিজ চলছে, তাই ইয়োকলাইনের কাজটাও লম্বা দিচ্ছি এবং ঘেরটাও বেশি হচ্ছে। ঈদ হবে বর্ষায়, তাই আবহাওয়া বুঝে আরামদায়ক পোশাকটাকেই প্রাধান্য দিয়ে উৎসবের জন্য একটু এক্সক্লুসিভ কাপড়ই ব্যবহার করা হয়েছে। সালোয়ার-কামিজে থাকছে মেরুন, পার্পেল, ব্লু পেস্টালসহ বিভিন্ন গাঢ় রঙে আড়ং সিল্ক, টিস্যু, মসলিনের ওপর বিভিন্ন মাধ্যমের কাজ। রওশন আরা বলেন, ‘আমি সব সময় মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই পোশাক তৈরি করি। দামটা যেন তাঁদের হাতের নাগালেই থাকে।’ রওশনসে সালোয়ার-কামিজের দাম পড়বে এক হাজার ২০০ থেকে সাত হাজার টাকা। গ্লাসওয়ার্ক, ব্লক ও প্যাঁচওয়ার্কের কাজ করা মসলিন ও টিস্যুর শাড়ির দাম পড়বে দুই হাজার থেকে ১৪ হাজার পর্যন্ত। হালকা কাজ করা ছেলেদের পাঞ্জাবি পড়বে এক হাজার ২০০ থেকে দুই হাজার ২০০। বিভিন্ন নকশায় মেয়েদের ফ্রককাটের টপস পাওয়া যাবে এক হাজার ২০০ থেকে ৭০০ টাকায়। রওশনস বুটিক, ৪২ এম এম আলী রোড, দামপাড়া পুলিশ লাইন। নক্ষত্র ফ্যাশন অ্যান্ড ট্রাস্টের মো. আশরাফুল আলম জানান, তাঁর এখানে পাঞ্জাবির দাম পড়বে এক হাজার ২৫০ থেকে তিন হাজার টাকা। সালোয়ার-কামিজ এক হাজার ৮৫০ থেকে ছয় হাজার টাকা। ফতুয়া ৬৫০ থেকে এক হাজার ৫০ টাকা। ঠিকানা: নক্ষত্র ফ্যাশন অ্যান্ড ট্রাস্ট। ২৫/২৬ সানমার নিচতলা, এ ছাড়া রিয়াজ উদ্দিন বাজার, নিউমার্কেট ও আখতারুজ্জামান সেন্টারেও তাঁদের শাখা রয়েছে।ড্রিম ফ্যাশন হাউসের নাজমা আক্তার জানান, ঈদের কেনাকাটা এখনই শুরু হয়ে গেছে। মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তরাই মূলত তাঁদের ক্রেতা। এখানে টাঙ্গাইল ও মসলিনের কাজ করা শাড়ি পড়বে এক হাজার ৫০ থেকে পাঁচ হাজার টাকা, সালোয়ার-কামিজ ৮৫০ থেকে চার হাজার ৫০০ টাকা। ঠিকানা: ড্রিম ফ্যাশন হাউস, ২০৮ তৃতীয় তলা, আফমি প্লাজা। মেন্ডলিন বুটিকসের কর্ণধার আমিনা ইসলাম জানান, ঈদ উপলক্ষে তাঁরা ইতিমধ্যে প্রচুর অর্ডার পেয়েছেন। এখানে সিল্কের ওপর ডেনিমের অ্যাপ্লিক কনট্রাস্ট সিকোয়েন্সের কাজ করা শাড়ি পড়বে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। পাঞ্জাবি দুই হাজার থেকে দুই হাজার ৫০০, সালোয়ার-কামিজ তিন হাজার থেকে সাত হাজার টাকা। ঠিকানা: ১০৪৩ নাসিরাবাদ, ভূইয়া গলি, আমজাদ ম্যানশন।