পাঁচলাইশ মোড়ে দাঁড়িয়ে রিকশাওয়ালার সঙ্গে ভাড়া নিয়ে দর-কষাকষি করতে থাকি। রিকশাওয়ালারা যেন মগের মুল্লুক পেয়েছে। সুযোগ পেলেই দ্বিগুণ ভাড়া হাঁকে! ভীষণ মেজাজ দেখাই রিকশাওয়ালার ওপর। হঠাৎ পাশ থেকে একজন বলে ওঠে, ‘ভাই চলেন।’ দেখি অন্য একজন রিকশাওয়ালা ডাকছেন। জিজ্ঞেস করি, ভাড়া কত?
-রেট ভাড়া দিয়েন।
দেরি না করে রিকশায় উঠে পড়ি। রিকশা চলতে শুরু করলে বুঝতে পারি, মোটরচালিত রিকশা! কী ব্যাপার ভাই, মোটর রিকশা তো এখন শহরে চলা নিষেধ।
তুমি কেমনে চালাও? পুলিশ ধরে না?
-না ভাই, আমগো মতো প্রতিবন্ধী গো রিকশা চালাবার অনুমতি দিছে, মেয়র সাব।
এরই মধ্যে খেয়াল করি, লোকটার বাম পা হাঁটু পর্যন্ত নেই। পা গেল কীভাবে ভাই?
-ছোড বেলায় ট্রাকে ডইল্লা দিছে। ভিক্ষা করতে শরম লাগে। তাই রিকশা চালাই। প্যাসিঞ্জাররা ভয়ে আমার রিকশায় উঠতে চায় না, যদি অ্যাক্সিডেন্ট করি! তাই লুঙ্গি দিয়া পা ঢাইকা রাখি। কিন্তু বিশ্বাস করেন ভাই, আমার অনেক সাহস আছে। আমি অ্যাক্সিডেন্ট করুম না। মানুষ হুদাই ডরায়। আপনে যদি প্রথমে খেয়াল করতেন, আপনেও হয়তো আমার রিকশায় উঠতেন না। রিকশার গতি বাড়িয়ে, প্রবল আত্মবিশ্বাসী রিকশাওয়ালা জাহেদ আমাকে শিল্পকলা পর্যন্ত নিয়ে আসে। জাহেদের সংসারে বউ, ছেলে আর বৃদ্ধ মা থাকে। পুরো চারজনের সংসার জাহেদ একাই সামাল দেয়। দৈনিক তিন শ টাকা রিকশা ভাড়া দিতে হয় রিকশার মালিককে। তারপরে যা থাকে তাতেই জাহেদের সংসার চালাতে হয়। এক পায়ে ভর দিয়ে জাহেদ রিকশা চালায়। পুরো একটি সংসার চালায়। চারটা মানুষের জীবন চালায়। জাহেদকে দাঁড় করিয়ে আরও কিছু সময় নষ্ট করতে চাই। আরও বেশি জানতে চাই তার সম্পর্কে। কিন্তু সময় নষ্ট করার মতো সময় জাহেদের নেই। তাকে তাড়া করছে মালিকের রিকশা ভাড়া, কিংবা অপেক্ষায় থাকা প্রিয় মুখগুলো। জাহেদ রিকশা নিয়ে ছুটতে থাকে। তার চলে যাওয়ার পথে তাকিয়ে আমার চোখ কতটা সাহসে ভিজে যায়...
শুভাশীষ শর্মা, চট্টগ্রাম।