
তখন সবে ক্লাস থ্রিতে পড়ি। বাড়ির পাশেই ছিল স্কুল। কিন্ডারগার্টেন স্কুল হলেও মাঠটা তুলনামূলক বড় ছিল। সেই মাঠের এককোণে ভ্যানবাক্সে আইসক্রিম বিক্রি করতেন সাইফুল কাকু। তাঁর সেই ভ্যানবাক্সের গায়ে লেখা ছিল ‘সাইফুল ভাইয়ের আইসক্রিম’। তিনি খুব রসিক মানুষ ছিলেন এবং দারুণ গানও গাইতেন। গান গেয়ে তিনি আইসক্রিম বিক্রির প্রচারণা চালাতেন আর একটু পরপরই পিতলের ঘণ্টা টুং টুং করে বাজাতেন। তখন আমি বাড়ি থেকে পকেটমানি বলতে পাঁচ টাকা পেতাম। আমার মাথায় সারা দিন ঘুরত কখন স্কুলে যাব আর কখন লাল-সবুজ আইসক্রিম খাব। লাল-সবুজ আইসক্রিমটা আমার সবচেয়ে পছন্দের ছিল। আইসক্রিমটা শুধু খেতে না, দেখতেও বেশ লাগত আমার কাছে। আইসক্রিম খেয়ে রঙিন জিহ্বা দিয়ে অন্যদের ভেংচি দেওয়ার মধ্যে আমি অন্য রকম আনন্দ খুঁজে পেতাম! কোনো দিন টাকা না থাকলেও সাইফুল কাকুর ভ্যানবাক্সের সামনে দাঁড়িয়ে থাকতাম। সবাই আইসক্রিম কিনত আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখতাম। মাঝেমধ্যে বন্ধুর আইসক্রিম থেকে ভাগ নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টাও চালাতাম। এই ভাগাভাগি নিয়ে কোনো সময় মারপিটও লেগে যেত। সাইফুল কাকু দাঁড়িয়ে আমার এসব কাণ্ড দেখতেন আর মিটিমিটি হাসতেন। যেই না দেখতেন আমার মুখ বাংলার পাঁচের মতো হয়ে যাচ্ছে, সেই তিনি একটা আইসক্রিম ধরিয়ে দিয়ে বলতেন, ‘এই ন্যাও বাবু। পয়সা পরে দিয়ো।’ আমি তো আইসক্রিম পেয়ে লাফাতে লাফাতে স্কুলের দিকে ভোঁ-দৌড় দিতাম। আমার মধ্যে যেন রাজ্য জয়ের আনন্দ ভর করত তখন। ভালোই চলছিল সেই দিনগুলো। কিন্তু কিছুদিন পরই স্কুল বদল করতে হলো। পড়াশোনার প্রচুর চাপ শুরু হলো। নতুন স্কুলে বিশাল ক্যানটিন ছিল কিন্তু ছিল না লাল-সবুজ আইসক্রিম আর ছিল না সাইফুল কাকু। তখন লাল-সবুজ আইসক্রিম প্রচুর মিস করতাম। যদি কখনো এলাকায় ভ্যানবাক্সে লাল-সবুজ আইসক্রিম বিক্রি করতে দেখতাম, তাহলে সঙ্গে সঙ্গেই ছুটে চলে যেতাম। তবে তখন ভেংচি দেওয়ার লোক ছিল না তাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজে ভেংচি দিতাম। এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় কারও হাতে লাল-সবুজ আইসক্রিম দেখলেই সেই স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে যায়। মনে পড়ে হাফপ্যান্ট পরা সেই ছোট্ট অনিক লাল-সবুজ আইসক্রিম খাচ্ছে আর সবাইকে জিহ্বা বের করে
ভেংচি দিচ্ছে!
অনিক ইসলাম
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর।