সাহস আর ইচ্ছাটাই আসল

গাড়িতে করে আমি ও আমার স্বামী আতাউর রহমান যাচ্ছিলাম বাগেরহাটের মংলায় আমার গ্রামের বাড়ির দিকে। আমার চোখেমুখে তখন একটা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কাজ শুরুর উত্তেজনা।
আতাউর আমাকে বলছিল, ‘ঢাকার মানুষ ই-কমার্স বোঝে না, আর তুমি গ্রামের মানুষকে ই-কমার্সের মধ্যে আনতে চাইছ।’ আমার মনে ছিল অনেক সাহস আর প্রবল ইচ্ছাশক্তি—কিছু একটা তো করতেই হবে এবং করব। দেখি না কী হয়। খুব বেশি চিন্তা, ব্যবসায়িক পরিকল্পনা ছিল না। দেশে কাজ করব, এটাই ছিল মূল কথা।
ছোটবেলা থেকেই চাইতাম সৃজনশীল কোনো কাজ করতে। স্কুলজীবনে লেখাপড়ায় মন থাকত না তেমন। সৃজনশীল প্রোজেক্ট, ছবি আঁকা আর খেলাধুলাই টানত। প্রতিদিন ঘুম থেকে উঠে মনে মনে বলতাম, ভালো কাজ করব আজ, যাতে সবাই লক্ষ্মী মেয়ে বলে। স্কুলজীবন শেষ করে স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করতে থাকলাম। পড়াশোনা যখন শেষের দিকে, তখন আমার বিয়ে হলো আমার চেনা মানুষটার সঙ্গে। যাকে চিনি ক্লাস এইট থেকেই। আতাউর রহমান পড়েছে যুক্তরাজ্যে আর সেখানে ব্যবসাও শুরু করেছে। বিয়ের পর স্বামীর সঙ্গে পাড়ি জমালাম যুক্তরাজ্যে। সেখানে গিয়ে দেখলাম ইন্টারনেটনির্ভর বাণিজ্য অর্থাৎ ই-কমার্স নিয়ে কাজ করছে সে। এ কাজটা সে করছে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নিয়ে। কাজের ক্ষেত্রটা লন্ডনের বাঙালিদের ঘিরে।
আমি আতাউরের ই-কমার্স উদ্যোগ দেখে সত্যিই অবাক হলাম। যারা কম্পিউটার প্রযুক্তি বোঝে না বা ব্যবসায় একেবারেই এ প্রযুক্তির ব্যবহার করতে চায় না, তাদের বোঝাচ্ছে কীভাবে প্রযুক্তি ব্যবহার করে ব্যবসায় সফলতা আনা যায়। অনেকেই তার সঙ্গে কাজ করছে, তার কাজে সাড়া দিচ্ছে এবং সফলতাও পাচ্ছে।
কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিদেশে থাকব না। আমার ইচ্ছা নিজের দেশে কিছু করব। এ কথাগুলো আতাউরকে জানালাম। এটা যে আমার দৃঢ় সিদ্ধান্ত, সে কথাও তাকে বললাম। আতাউর আমার কথায় সায় দিল। আমরা চলে এলাম নিজের দেশ বাংলাদেশে। ২০০৯ সাল থেকে আমরা ফিউচার সলিউশন ফর বিজনেস লিমিটেড (এফএসবি) নামের একটি কোম্পানি চালু করলাম। আগের যে প্রকল্প যুক্তরাজ্যে ছিল, সেটা নিয়েই এখানে কাজ করতে চাইলাম। আতাউরের ছিল প্রযুক্তিগত দক্ষতা আর আমার ছিল ইচ্ছা। এই দুয়ের সমন্বয়ে আমরা কাজ করতে চাইলাম নিজেদের মানুষের জন্য। নিজেদের মানুষ বলতে একেবারে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর কথাই আমরা ভেবেছি। যারা কখনো ইন্টারনেট, কম্পিউটার, প্রযুক্তির সঙ্গে যুক্ত নয়। আমি ভাবতাম এবং বলতাম, যুক্তরাজ্যে যে শ্রেণির মানুষের সঙ্গে কাজ করতাম আমরা, তারাও তো তথ্যপ্রযুক্তি বুঝত না। তাহলে বাংলাদেশে কেন সম্ভব নয়?
নিজের গ্রামে চলে গেলাম। আমাদের ভাবনাটা ছিল এমন, গ্রাম থেকে যদি শুরু করতে পারি, একদিন গোটা দেশে কাজ করতে পারব। গ্রাম থেকেই তো দেশ। আমরা শুরু করলাম ‘আমার দেশ আমার গ্রাম’। এটি ই-কমার্স উদ্যোগ। ই-কমার্সের এই সাইটে গ্রামের মানুষের তৈরি ও তাদের উৎপাদিত পণ্য থাকবে। আর সেসবের ছবি দরদাম গ্রামের মানুষই ঠিক করে দেবে সাইটে।
মনে পড়ে, গ্রামে গিয়ে সকালবেলা বসে ছিলাম বাড়ির উঠোনে। আগের রাতে কয়েকজন নারীকে বলে রেখেছিলাম যে তাঁরা যে যা কাজ পারেন, সেটা যেন নিয়ে আসেন। বিক্রির ব্যবস্থা আমরা করে দেব। দেখতে পেলাম একজন-দুজন করে তাঁরা আসতে থাকলেন। একটা সময় প্রায় ৩০০ জন জড়ো হলেন আমাদের বড় উঠোনে। ওই গ্রামের ছেলে এনামুল, সোহাগ, মানিক ও মামুনকে বলে দিলাম, যাঁরা এসেছেন, তাঁদের ছবি তুলবেন এবং তাঁদের তথ্য কম্পিউটারে লিখে নেবেন। শুরু হয়ে গেল আমার দেশ আমার গ্রামের সব প্রকল্প। ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত সাতটি কেন্দ্র রয়েছে, কাজ চলছে চারটিতে।
আমার দেশ আমার গ্রাম দিয়ে আমরা স্বপ্নের বাস্তবায়ন করার চেষ্টা করছি। এক হাজারের বেশি কৃষক উদ্যোক্তা, অসংখ্য গ্রামীণ শিল্পী যুক্ত আছেন এতে। কোরবানির পশুও বিক্রি করা শুরু করেছি অনলাইনে, মংলা থেকে চলছে মাছ বিক্রি, বিষমুক্ত সবজি বিক্রি করা হচ্ছে সরাসরি কৃষকের কাছ থেকে গ্রাহকের দোরগোড়া পর্যন্ত।
আমাদের অফিস ব্যয় ২৫ হাজার টাকা দিয়ে শুরু। এখন এ ব্যয় দাড়িয়েছে ১২ লাখ টাকায়। সাহস নিয়ে এগিয়েছি এবং এগিয়ে যেতে চাই অনেক দূর। গোটা দুনিয়ার মতো বাংলাদেশেও বাড়ছে ইন্টারনেটের ব্যবহার, জনপ্রিয় হচ্ছে ই-কমার্স। একদিন বাংলাদেশেও গড়ে উঠবে আমাজনের মতো ই-কমার্স সাইট। স্বপ্ন দেখি দেশের পণ্য নিয়ে দেশি উদ্যোক্তারা ইন্টারনেট দুনিয়া কাঁপাবেন। ইচ্ছা থাকলে তা-ও সম্ভব।
সাদেকা হাসান: উদ্যোক্তা, আমার দেশ আমার গ্রাম ও ব্যবস্থাপনা পরিচালক, ফিউচার সলিউশন ফর বিজনেস লিমিটেড।