>হোলি আর্টিজানে জঙ্গি হামলাসহ দেশের সাম্প্রতিক জঙ্গি পরিস্থিতি নিয়ে ভাবেন তরুণেরাও। দেশ–বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এমন কয়েকজন তরুণ লিখেছেন তাঁদের ভাবনা
বন্ধুত্ব। তিন অক্ষরের এই শব্দটা যে কত বড় ‘ভালোবাসা, ত্যাগ আর সাহসে’র সম্পর্কের নাম হতে পারে, তা প্রথম বুঝেছিলাম গত বছর গুলশান ট্র্যাজেডি থেকে। নিজে বাঁচার সুযোগ পেলেও বন্ধুদের মৃত্যুর মুখে রেখে আসতে রাজি হননি টগবগে তরুণ ফারাজ। ফলে জঙ্গিদের হত্যার শিকার হতে হয়েছে তাঁকে। বন্ধুর জন্য এমন আত্মত্যাগের ঘটনা আর কটা আছে পৃথিবীতে? নিজের জীবন দিয়ে বন্ধুত্বকে অমরত্ব দেওয়া ফারাজ হোসেনের কথা যতবার ভাবি, ততবার শিহরিত হই।
আমাদের সবার যদি ফারাজের মতো বন্ধু থাকত আর আমরা যদি একেকজন ফারাজ হতে পারতাম, কতই না সুন্দর হতো বাংলাদেশটা! ভাবতেই অবাক লাগে। অথচ বন্ধুত্বের নামে সুযোগের সন্ধান আর স্বার্থপরতায় ব্যস্ত আমরা। বন্ধু দাবি করলেও তার খারাপ সময়ে পাশে থেকে একটু অনুপ্রেরণা দেওয়া, একটু স্বস্তির কারণ হতে পারার চেষ্টা কজন করি? সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভরতায় মুহূর্তেই বন্ধু বানাচ্ছি, মুহূর্তেই বন্ধুত্ব ভাঙছি। বন্ধুত্ব তো এত সস্তা বিষয় হওয়ার কথা নয়।
ফারাজ হোসেনের আত্মত্যাগের ঘটনায় আমি জেনেছি বন্ধুত্বের সংজ্ঞা। বন্ধুর যেকোনো প্রয়োজনে পাশে থাকার জন্য আমাকে তাড়িয়ে বেড়ায় গুলশান ট্র্যাজেডি। এই সাহসিকতার দৃষ্টান্ত থেকে অনুপ্রাণিত হোক গোটা বাংলাদেশে। এক ফারাজ থেকে তৈরি হোক অসংখ্য ফারাজ।
লেখক: শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল