সাহসী মানুষের চলে যাওয়া...

প্রথম বোমাটা বিস্ফোরণের পর সবাই তৎপর ছিলেন। ঘটনাস্থলে আরও বোমা থাকতে পারে, সে জন্য খোঁজাখুঁজি চলছিল। হঠাৎই পুলিশের কোনো একজন সদস্য একটি বাজারের ব্যাগের মধ্যে কিছু একটা দেখতে পেয়ে হাতে থাকা লাঠি দিয়ে তুলে দেখছিলেন সেটি কী। পুলিশ সদস্যকে এ কাজ করতে দেখে একটু দূরে থাকা র্যাবের গোয়েন্দাপ্রধান লে. কর্নেল আজাদ চিৎকার শুরু করেন, ‘ডোন্ট টাচ ইট।’ সামনে এগিয়ে আসতে থাকেন। ঠিক তখনই বোমাটি বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে থাকা র্যাবের একজন কর্মকর্তা এভাবেই সে সময়টার বর্ণনা দেন। তিনি বলেন, ‘স্যার গাড়িতে উঠেও পড়েছিলেন, মানুষের অসাবধান চলাফেরা দেখে আবার নেমে এসে সবাইকে সাবধান করছিলেন। এ সময়ই ঘটনাটা ঘটে যায়।’
২৫ মার্চের শিববাড়ি এলাকার এই বিস্ফোরণে বোমার একটি স্প্লিন্টার তাঁর বাঁ চোখ ভেদ করে মস্তিষ্কে আঘাত হানে। আহত হওয়ার পরে প্রথমে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, পরে রাতেই হেলিকপ্টারে তাঁকে সিএমএইচে নেওয়া হয়। ২৬ মার্চ তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখান থেকে আবার ২৯ মার্চ তাঁকে ঢাকায় ফেরত আনা হয়। ৩১ মার্চ মধ্যরাতে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
র্যাবের আরেকজন কর্মকর্তা দুঃখ করে বলছিলেন, ‘গত ১৭ মার্চ আশকোনায় র্যাবের ব্যারাকের আত্মঘাতী হামলার পর লে. কর্নেল আজাদ বলেছিলেন, এখন জঙ্গিরা হামলাস্থলের আশপাশে অবিস্ফোরিত বোমা ফেলে রাখছে। এটা তাদের কৌশল হতে পারে। এ ধরনের ঘটনাস্থলে আরও সাবধান হতে হবে। অথচ তাঁর মৃত্যুই হলো জঙ্গিদের ফেলে রাখা বোমায়। সিলেটের ঘটনাস্থলে তিনি ওভাবে ছুটে না এলে কৌতূহলে আরও মানুষ হতাহত হতে পারতেন। মানুষ বাঁচাতে জীবন দিয়ে গেলেন আজাদ স্যার।’
সাহসিকতা আর সেবার জন্য পুলিশের সর্বোচ্চ দুটি পদক বিপিএম আর পিপিএম দুটোই পেয়েছিলেন লে. কর্নেল আজাদ। তিনি ১৯৯৬ সালে ৩৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে কমিশন লাভ করেছিলেন। তিনি একজন কমান্ডো ছিলেন। ২০১১ সালের ২৬ অক্টোবর তিনি র্যাবে যোগ দেন। পরে পদোন্নতি পেয়ে ২০১৩ সালের ৭ ডিসেম্বর র্যাবের গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পান। ব্যক্তিগত জীবনে তিন সন্তানের পিতা আবুল কালাম আজাদ।
সিলেটে ২৫ মার্চের বিস্ফোরণে মারা যান পুলিশের দুই পরিদর্শক চৌধুরী আবু মো. কয়সর ও মনিরুল ইসলাম। বিস্ফোরণে আহত হওয়ার পর তাঁদের নেওয়া হয়েছিল হাসপাতালে। সেখানেই মারা যান তাঁরা।